প্রথম আলো: সিডিএ বলছে বহদ্দারহাট টার্মিনাল থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত সড়কের মেরামতকাজ করার দায়িত্ব সিটি করপোরেশনের। আপনারা ওই সড়কের মেরামতকাজ করছেন না কেন? মোহাম্মদ মন্জুর আলম: আসলে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তার মেরামতকাজ নতুন করে শুরু করেছে সিডিএ। সড়কটির উন্নয়নকাজ আগেও সিডিএ করেছিল। মাঝখানে আমাদের কাছে হস্তান্তর করে। আবার উন্নয়নের নামে সিডিএ আমাদের কাছ থেকে রাস্তাটি নিয়ে নেয়। এখন সিডিএ এটির উন্নয়নকাজ করছে। এর মধ্যে রাস্তায় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ নাগরিক ও পথচারীদের দুর্ভোগও বেড়েছে। আমি এ ব্যাপারে কাউকে দোষারোপ করতে চাই না। তাই আমরা বহদ্দারহাট টার্মিনাল থেকে মোড় পর্যন্ত ইট বিছিয়ে গর্ত ভরাট করেছি।প্রথম আলো: সাধারণ নাগরিকদের অভিযোগ, সিটি করপোরেশন চান্দগাঁও এবং আশপাশের এলাকার বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় আনছে না। এ কারণে ওই এলাকার রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আপনাদের কি কোনো দায়িত্ব নেই? মোহাম্মদ মন্জুর আলম: এই রাস্তাটি নগরের মধ্যে পড়েছে। নাগরিকদের এই দুর্ভোগের জন্য আমি দুঃখিত। তাদের কষ্ট হচ্ছে। কিন্তু রাস্তাটির অধিকার তো আমাদের কাছে নেই। এটা সিডিএর কাছে। এর পরও আমরা রাস্তাটি মেরামত করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে চাই। বর্ষা মৌসুম কেটে গেলে এই দুর্ভোগ আর থাকবে না। আমি শুনেছি, সিডিএ রাস্তাটির মেরামতকাজ শুরু করতে দরপত্র আহ্বান করেছে। কিছু কিছু অংশে কাজও শুরু হয়েছে। আমি নিজেও রাস্তা ঘুরে সব দেখেছি।