দক্ষিণ পাহাড়তলী বসতভিটা রক্ষা কমিটির সভা
সিডিএর প্রস্তাবিত মডেল টাউন প্রকল্প বাতিলের আহ্বান
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রস্তাবিত ফতেয়াবাদ মডেল টাউন প্রকল্প বাতিলের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ওই এলাকার প্লটের মালিকেরা তাঁদের ভবন নির্মাণের নকশার অনুমোদন দেওয়ার আহ্বানও জানান সিডিএকে। ‘দক্ষিণ পাহাড়তলী বসতভিটা রক্ষা কমিটি’ আয়োজিত এক সভায় বক্তারা এ আহ্বান জানান। গত শুক্রবার সন্ধ্যায় ফতেয়াবাদ কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপদ নাথের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন গাজী শফিউল আজিম, আলী আজগর চৌধুরী, জাফর আলম চৌধুরী, আবদুর রহমান, গাজী ইউসুফ, আবদুস সাত্তার, ফজলুল কাদের চৌধুরী, গাজী মোহাম্মদ আলী, জিয়া আমানত, শাহজাহান মঞ্জু, ইলিয়াছ আলী, গাজী মঈনুদ্দিন, গাজী তৈয়ব, গাজী আক্কাস, গাজী শাহেদ, ঝুলন দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে ১০ বছর ধরে ভবন নির্মাণের জন্য সিডিএ নকশা অনুমোদন করছে না। এ কারণে এলাকার লোকজন আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফতেয়াবাদ মডেল টাউন নামের একটি প্রকল্পের কথা বলে সিডিএ নকশা অনুমোদন করছে না বলে অভিযোগ করা হয়। তাই এ এলাকায় প্রকল্পটি বাতিলের জন্য দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি।