সিতারার আলো

স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থী পেলেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন জেনিনা ইসলাম, রুমান সিকদার, নাজমা আখতার, নিশাত পারভেজ, ছোটন দেবনাথ, মৌসুমী খাতুন, সাহিবুর রহমান, তৌফিক আজিজ, ফারজানা সুলতানা, ফারহানা জেসমিন, মুশফিকা ইসলাম ও শরিফা উম্মে শিরিনা।
২৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা উপস্থাপন করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা স্মরণ করেন প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনকে। বিভাগীয় চেয়ারপারসন মফিজুর রহমান বলেন, ‘সিতারা আপার মেধার আলো ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্মের মধ্যে। আশা করব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁর সৃষ্টি ও কাজ নিয়ে গবেষণা করবে।’
আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রতিবছর বিভাগের উদ্যোগে স্নাতক সম্পন্নকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়।