সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
সিদ্দিক আহমেদ পাঁচ দশক ধরে নিরন্তর লিখেছেন, অনুবাদ করেছেন ও পাঠক সৃষ্টি করেছেন। একজন চিরসবুজ ও চিরতরুণ মানুষ। তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। আশপাশের মানুষের সুপ্ত সম্ভাবনা সব সময় উসকে দেন তিনি।
১৩ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সিদ্দিক আহমেদ সম্মাননা স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, সিদ্দিক আহমেদকে নিয়ে প্রকাশিত সম্মাননাগ্রন্থে ৮৬ জন লেখকের লেখা আছে। এটাই প্রমাণ করে মানুষ তাঁকে কতটা ভালোবাসে। তাঁর লেখা মনকে স্পর্শ করে। তিনি তারুণ্যের প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রশীদ কাদেরী। স্বাগত বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান।
বইটির সম্পাদক মুহম্মদ নুরুল আবসারের স্বাগত বক্তব্যের পর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। এরপর সিদ্দিক আহমেদকে নিয়ে স্বপন মজুমদার পরিচালিত নির্মাণাধীন একটি তথ্যচিত্রের কিছু অংশ দেখানো হয়। সিদ্দিক আহমেদকে সম্মাননাস্মারক তুলে দেন অনুপম সেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ মাহবুবুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রাশেদ রউফ, নাসিম আনোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, সাংবাদিক নাজিমুদ্দীন, কবি আকতার হোসাইন, এজাজ ইউসুফী, নিতাই সেন প্রমুখ।
অনুষ্ঠানে সিদ্দিক আহমেদ বলেন, মানুষকে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসার মধ্য দিয়ে সমাজে পারস্পরিক ঐক্যবোধ গড়ে তুলতে হবে।
তিন ঘণ্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক। ৩৩৬ পৃষ্ঠার বইটিতে সিদ্দিক আহমেদের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়। বইটি প্রকাশিত হয়েছে আবির প্রকাশন থেকে। বিজ্ঞপ্তি।