সিদ্দিকা কবীর স্মরণে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকা কবীরের মৃত্যুর এক বছর হতে চলল। তাঁর স্মৃতির উদ্দেশ্যে শান্তিনগরের পিবিএস (পাঞ্জেরি বুক শপ) আয়োজন করেছে ‘সিদ্দিকা আপার রান্নাঘর’ শিরোনামে এক মেলার। ১৮ জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই বইমেলায় আপনি পাবেন রান্না নিয়ে দেশি-বিদেশি নানা ধরনের বই। বইমেলা থেকে রান্নার যেকোনো দেশি বই কিনলে আপনি ছাড় পাবেন ২৫ শতাংশ। আর রান্নার বিদেশি বইয়ে রয়েছে ৫ শতাংশ পর্যন্ত ছাড়। পাঞ্জেরি বুক শপের কর্মী সাইফুল হক বলেন, ‘রান্নাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সিদ্দিকা কবীরই। ৩১ জানুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই মেলার আয়োজন করেছি।’মেলায় নানান রকম বই ছাড়াও পাবেন রান্নার সিডি, কিছু কিছু রান্নাঘরের উপকরণ, মগ এবং ই-বুক। প্রথম দিনেই মেলা জমেছিল বেশ। রান্না, ফুড কারভিং—এসব নিয়ে চলেছে ভিডিও প্রদর্শনী। প্রথম দিনে আগত অতিথিদের জন্য বিনা মূল্যে ছিল হাওয়াই মিঠাই, পিঠা ও ঝালমুড়ি। মেলায় আরও পাবেন গিফট কার্ডও। এদিন শামীম আরা ও মাহবুবুর রহমান এসেছিলেন গোপীবাগ থেকে বই দেখতে। ‘আমি রান্না করতে খুব পছন্দ করি। ভালোবাসি রান্না নিয়ে পরীক্ষা করতে। আমার কাছে রান্নার অনেক বই আছে। বইমেলা হচ্ছে শুনে দেখতে এলাম, এখানে কেমন বই আছে।’ শামীম আরার সঙ্গে তাল মেলান মাহবুবুর রহমান, ‘রান্নার বই নিয়ে মেলা এই প্রথম দেখলাম। বেশ ভালো। অনেক দেশি-বিদেশি বই আছে এখানে।’প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা। মেলা উপলক্ষে চলছে একটি প্রতিযোগিতা। সেখানে যে কেউ ৩১ জানুয়ারির মধ্যে নিজের রেসিপি পাঠিয়ে জিতে নিতে পারেন গিফট ভাউচার। রেসিপি পাঠান এই ঠিকানায়: পিবিএস-১৬, শান্তিনগর (পুরাতন), ঢাকা-১২১৭। পাঞ্জেরি পাবলিকেশন্সের চেয়ারম্যান আলী আফজালের মত হলো, ‘আমাদের দেশের মানুষের বই পড়ার প্রবণতা দিন দিন কমছে। তাই আমরা বইটাকেও যদি উপভোগ করার মতো করে উপস্থাপন করা যায়, তাহলে সবাই বইয়ে আকৃষ্ট হবে। তাই এই মেলা।’মেলায় যাবেন আর কিছু খাবেন না, তা কি হয়? মেলার এক পাশে রয়েছে একটি ক্যাফে। মন চাইলে সবাইকে নিয়ে ঘুরে ঘুরে মেলা থেকে বইপত্র কেনার পাশাপাশি একটু খাবারও উপভোগ করে নিতে পারবেন।