সিদ্ধান্ত নিতে ফেসবুকের প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলে। নতুন এক গবেষণার ভিত্তিতে ইউরোপের একদল প্রযুক্তিবিদ এ কথা জানিয়েছেন। গবেষণা প্রতিবেদনটি সোসাইটি ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিকস (এসআইএএম) জার্নাল অব কম্পিউটিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন তথ্য, সিদ্ধান্ত ও আচরণ যে উপায়ে ছড়িয়ে পড়ে, তা একটি মৌলিক সামাজিক বিষয়। ব্যাপারটা জৈবিক অনুভূতির মতোই। আর ব্যক্তিগত বিভিন্ন সিদ্ধান্তের ভিত্তিতেই মানুষের আচরণ বা প্রবণতাগুলো তৈরি হয়। গবেষক ফ্ল্যাভিও চিয়েরিচেত্তি ও তাঁর সহযোগীরা দুই ধরনের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহের ওপর ভিত্তি করে একটি গাণিতিক মডেল তৈরি করেন। এটি ব্যবহার করে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষের সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করে। এএফপি।