সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের মতো কঠিন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে চায়ের নিলামকেন্দ্র শ্রীমঙ্গলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। এ কর্মসূচিতে মানববন্ধন, সড়ক অবরোধ থেকে শুরু করে প্রয়োজনে হরতালও থাকবে বলে জনিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক এইচ এম মুজিবুল হক। তাঁর সঙ্গে কথা বলেছেন হামিদ উল্লাহ। প্রথম আলো: চট্টগ্রাম থেকে চায়ের নিলামকেন্দ্র মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কতটুকু যুক্তিসম্মত?এইচ এম মুজিবুল হক: চট্টগ্রামে চায়ের নিলামকেন্দ্রটি প্রায় শত বছরের। চট্টগ্রামে আন্তর্জাতিক চা নিলামের সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তা অন্য জায়গায় সরিয়ে নেওয়া আসলে এক ধরনের ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অতীতে চট্টগ্রাম থেকে বিমা প্রতিষ্ঠান ও ইপিজেডের সদর দপ্তর ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে। অথচ বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামে এসব প্রতিষ্ঠানের উপস্থিতি অপরিহার্য। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে চট্টগ্রামে পাইনি। এ জন্য ৫০ লাখ টাকা ঋণ নিতে আমাদের মাসের পর মাস ঢাকায় ধরনা দিতে হয়।প্রথম আলো: শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলামকেন্দ্র গড়ে তুললে চট্টগ্রামের কী ক্ষতি হবে?এইচ এম মুজিবুল হক: শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। কারণ, চট্টগ্রামের নিলামবাজারের ঐতিহ্য প্রায় ১০০ বছরের।সারা বিশ্বে চট্টগ্রাম শহরের অন্যতম একটি পরিচিতি আছে আন্তর্জাতিক চা নিলামকেন্দ্র হিসেবে।শ্রীমঙ্গলে দ্বিতীয় কেন্দ্র হলে চট্টগ্রামের কেন্দ্রটি নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ, তখন বেশির ভাগ চা বিক্রির জন্য চলে যাবে শ্রীমঙ্গলে। চট্টগ্রাম নিলামবাজারের কাঠামোটাই পড়ে থাকবে, বেচাকেনা হবে শ্রীমঙ্গলে।এইচ এম মুজিবুল হক জানান, অতীতেও বিভিন্ন সরকারের সময় এ ধরনের অপচেষ্টা চলে এসেছে। শ্রীমঙ্গল কেবল একটি মফস্বল উপজেলাই নয়, বলতে গেলে গ্রাম। সেখানে বনভোজন করতে স্বল্প সময়ের জন্য যাওয়া যায়। বাণিজ্য করতে যাওয়ার মতো কোনো অবকাঠামোই সেখানে নেই। অথচ চা নিলামের বিষয়টি একটি আন্তর্জাতিক বাণিজ্যেরই অংশ।প্রথম আলো: চা নিলামের জন্য চট্টগ্রামে কী কী অবকাঠামো আছে?এইচ এম মুজিবুল হক: ব্রিটিশ আমল থেকে চট্টগ্রামে চা নিলামকেন্দ্রের যাত্রা শুরু। এর বয়স বর্তমানে ৭০ বছরেরও বেশি। এখানে আছে চায়ের অকশন হাউস, টেস্টিং সেন্টার, পর্যাপ্ত গুদাম। এ ছাড়া আছে ছয়টি ব্রোকার হাউস, যাদের মাধ্যমে চায়ের আন্তর্জাতিক নিলাম সম্পন্ন হয়ে থাকে। তা ছাড়া বিদেশিদের থাকার জন্য পর্যাপ্ত হোটেল-মোটেলও চট্টগ্রামে বিদ্যমান। এসবের কিছুই শ্রীমঙ্গলে নেই।প্রথম আলো: এ ব্যাপারে আপনাদের করণীয় কী?এইচ এম মুজিবুল হক: আমরা সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।চায়ের নিলামকেন্দ্র চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল সরিয়ে নেওয়ার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা প্রথমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেব। এরপর মানববন্ধন কর্মসূচি পালন করব।তাতেও সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর ও কঠিন কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে সড়ক অবরোধ এবং হরতালও দেওয়া হবে।