শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক স্তরে আদিবাসীদের নিজ নিজ ভাষায় পাঠ্যবই প্রণয়নের কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এ লক্ষ্যে ২০১০ সালে গঠিত হয়েছিল মাতৃভাষায় শিক্ষা ফোরাম। তবে গত চার বছরেও বই প্রকাশের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি।
বেসরকারিভাবে কয়েকটি উন্নয়ন সংস্থা আদিবাসীদের ভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী ভাষার বইয়ের অভাবে সেসব ভুলে যাচ্ছে শিক্ষার্থীরা। গত ২১ ও ২২ ডিসেম্বর খাগড়াছড়িতে অনুষ্ঠিত এক সেমিনারে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন।
এ প্রসঙ্গে মাতৃভাষা শিক্ষা ফোরামের (এমএলই) সদস্য অধ্যাপক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এ বছরের মধ্যেই চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো এই পাঁচটি ভাষায় বই ছাপানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। এ জন্য বাজেট হলেও এখনো বরাদ্দ পাওয়া যায়নি। ইতিমধ্যে লেখকদের তালিকাও তৈরি হয়েছে।
তবে কেবল বই প্রকাশ করলেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন মাতৃভাষা শিক্ষা ফোরামের কয়েকজন সদস্য। তাঁদের মতে, এ জন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে মাতৃভাষা শিক্ষা ফোরামের স্থায়ী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের শিক্ষক সৌরভ সিকদার বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ না দিলে বই প্রকাশ করেও লাভ হবে না। কেমন হবে মাতৃভাষার বই? প্রশ্ন করলে তিনি বলেন, আদিবাসীদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা থাকবে বইগুলোতে। বইগুলোর অলংকরণও করবেন আদিবাসী শিল্পীরা।
বই প্রকাশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষাগুলোর একটি সমন্বিত অভিধান প্রকাশও জরুরি বলে মনে করেন আদিবাসী লেখক ও সমাজকর্মীরা। এ ব্যাপারে কথা হয় চাকমা বর্ণমালা গবেষক আনন্দ মোহন চাকমা, ত্রিপুরা বর্ণমালা গবেষক প্রার্থনা কুমার ত্রিপুরা ও খিয়াং ভাষা কমিটির সভাপতি খইসাবে রাখাইনের সঙ্গে। তাঁরা বলেন, আদিবাসী ভাষায় বই প্রকাশের আগে সমন্বিত অভিধান প্রকাশ করতে হবে। এটি না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারিভাবে মাতৃভাষায় শিক্ষা চালু না হলেও ২০০৬ সাল থেকে উন্নয়ন সংস্থা জাবারং কল্যাণ সমিতি ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় প্রাক–প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চলছে।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, খাগড়াছড়ির ৫০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চলছে। এ ছাড়া কক্সবাজারের সাতটি বিদ্যালয়ে রাখাইন ভাষায় শিক্ষা কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে মাতৃভাষায় বই প্রণয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি আদিবাসী ভাষাগুলোর অভিধান ও শব্দ ভান্ডার নিয়ে বই প্রকাশ করা প্রয়োজন।
কোন স্তরে কতটুকু মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে সে বিষয়টিও নির্ধারণ করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এ ব্যাপারে সেভ দ্য চিলড্রেনের শিশুর ক্ষমতায়ন প্রকল্পের পরিচালক মেহেরুন্নাহার বলেন, ‘প্রাক–প্রাথমিক শিক্ষা হবে সম্পূর্ণ মাতৃভাষায়। প্রথম শ্রেণিতে ৮০ শতাংশ মাতৃভাষা, ২০ শতাংশ বাংলা ভাষা। দ্বিতীয় শ্রেণিতে ৬০ শতাংশ মাতৃভাষা, ৪০ শতাংশ বাংলা ভাষা। তৃতীয় শ্রেণিতে ৫০ শতাংশ মাতৃভাষা ও ৫০ শতাংশ বাংলা ভাষা। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মাতৃভাষায় শুধু গল্প থাকবে। আমরা এমএলই ফোরামে এই দাবিগুলো তুলে ধরছি।’