সিনবাদের ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-চারটা ব্যাচের পড়া শেষ করে মধ্যরাতে ঘুমাতে যাই। ঘুমটা গাঢ় হওয়ার আগেই অ্যালার্ম ঘড়ির ঝনঝনানিতে আবার ভেঙে যায়। তারপর চোখ ডলতে ডলতে বাথরুমে ঢুকি। ছুট দিই দিনের প্রথম ব্যাচের উদ্দেশে। পেটে কিছু দেওয়া দূরে থাক, মাথায় চিরুনি দেওয়ার কথাও মনে থাকে না। এভাবেই প্রতিটা দিনের শুরু হয়, দিনের শেষটাও নামে একইভাবে। জীবন বয়ে চলে এক চরম একঘেয়ে ছন্দে।আমাদের খুলনা শহরটা এখনো ঢাকার মতো অতটা যান্ত্রিক হয়ে ওঠেনি। এখানে এখনো খোলা সুনীল আকাশ দেখতে পাওয়া যায়। রূপসা আর ভৈরবের পানি এখনো বুড়িগঙ্গার পানির মতো বিষাক্ত হয়ে ওঠেনি। ফাগুন মাসের জ্যোৎস্না রাতে এসব নদীতে ঘণ্টার চুক্তিতে ডিঙি নৌকায় ভেসে ভেসে আকাশের তারা গোনা যায়। আঁজলা ভরে নদীর শীতল জল নিয়ে মুখ ভেজানো যায়। ছোট ছোট ঢেউয়ের তোড়ে দুলতে থাকা ডিঙি নৌকায় বসে গভীর আবেশে নিমগ্ন হওয়া যায়। কিন্তু কঠিন বাস্তবতার শক্ত জালে আটকা পড়া আমার এসবের কিছুই করা হয়ে ওঠে না। উচ্চাশার জগদ্দল পাথর কাঁধে নিয়ে বৈশাখের ‘নবধারা জলে’ ভেজা অর্থহীন মনে হয়। মাঝেমধ্যে স্বপ্নে দেখি, আমার বয়সী এক কিশোর সারাটা দুপুর ধরে জলটলমলে বিরাট দিঘিতে হাঁসের মতো সাঁতরে বেড়াচ্ছে। তার কোনো তাড়া নেই, পড়া মিস হয়ে যাওয়ার ভয় নেই।ওই রকম এক কিশোর হইনি বলে খুব দুঃখ হয়। মাঝেমধ্যে মনে হয় চিৎকার করে কাঁদি। আমার কাঁধে চেপে বসা উচ্চাকাঙ্ক্ষার সিনবাদের ভূত আমাকে প্রাণ খুলে কাঁদতেও দেয় না!এম এম আশরাফুল আলমসরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা।