সিনাই-বৃত্তান্ত
সিনাই এক বিশাল মরুময় ও অংশত পাহাড়ি উপদ্বীপ। আয়তন প্রায় ৬০ হাজার বর্গ কিলোমিটার। লোকসংখ্যা মাত্র চার লাখ। এর অধিবাসীদের বৈশিষ্ট্য মিসরের অন্য অঞ্চলের চেয়ে আলাদা। আদিবাসী বেদুইন ও ফিলিস্তিনি বংশোদ্ভূতরা এখানকার মূল বাসিন্দা। মিসরের সঙ্গে মধ্যপ্রাচ্যের যোগসূত্র সিনাই। ভৌগোলিক অবস্থানের কারণে এর বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। ইসরায়েলের সঙ্গে মিসরের সীমান্ত সিনাইতে পড়েছে। ফিলিস্তিনি শাসিত গাজার অন্য সব দিকেই ইসরায়েলি ভূখণ্ড; শুধু এক দিকে মিসরের সিনাই। ১৯৬৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইসরায়েলের দখলে ছিল সিনাই। এখনো এটি ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তি চুক্তির আওতায় প্রতিষ্ঠিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় চলে। ওই ব্যবস্থাপনার কারণে মিসর সিনাইতে কেবল সীমিতভাবে সেনা সমাবেশ বা সামরিক কার্যক্রম চালাতে পারে। সমস্যার ক্ষেত্রে সেখানে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে। গত এক দশকে সিনাই অঞ্চলে জিহাদি তৎপরতা বেড়েছে। বিশ্লেষকেরা বলেন, মিসর সরকারের বৈষম্যমূলক আচরণ স্থানীয় ব্যক্তিদের ক্ষোভের অন্যতম কারণ।