চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ সিনেটের তিনটি শ্রেণীভুক্ত পদে (ক্যাটাগরিতে) দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ২৫ জন এবং শিক্ষক প্রতিনিধি ৩৩ জনের মেয়াদ শেষ হয়েছে অনেক দিন আগে। আর কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন না হওয়ায় সিনেটে পাঁচ ছাত্র প্রতিনিধি নেই ২০ বছর ধরে। মেয়াদোত্তীর্ণ সদস্য নিয়ে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে সিনেট অধিবেশন। তবে সিনেট সদস্যরাই এ অবস্থা থেকে মুক্তি চান। সর্বশেষ সিনেট অধিবেশনে অনেক সদস্যই নতুন নির্বাচনের দাবি তুলেছিলেন। এদিকে, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-৭৩-এর ১২(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি সিনেট মনোনীত তিনজনের একটি প্যানেল থেকে একজনকে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেবেন। জানা যায়, সিনেটের মাধ্যমে সর্বশেষ উপাচার্য নির্বাচন করা হয় ১৯৮৮ সালে। তখন উপাচার্য নির্বাচিত হয়েছিলেন ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। মূলত উপাচার্য প্যানেল নির্বাচন সিনেটের প্রধান দায়িত্ব হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ আছে এর কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, নানা জটিলতার কারণে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে সব আইনি জটিলতা দূর করে নির্বাচন আয়োজনের ব্যাপারে বর্তমান প্রশাসন আন্তরিক।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সিনেটে মোট সাতটি শ্রেণীভুক্ত ৮৩টি সদস্যপদ রয়েছে। এর মধ্যে চারটি শ্রেণীতে ২০ জন সদস্যকে সরাসরি মনোনয়ন দেওয়া হয়। অন্য তিন শ্রেণীভুক্ত পদে ৬৩ প্রতিনিধি নির্বাচিত হন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে সিনেটের সদস্যপদ পেয়ে থাকেন। প্রশাসন সূত্রে জানা যায়, সিনেটে বর্তমানে সদস্য আছেন ৭১ জন। চাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত না হওয়ায় সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি নেই। এ ছাড়া, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধির ২৫ জনের মধ্যে আছেন ২৩ ও শিক্ষক প্রতিনিধি আছেন ৩৩ জনের মধ্যে ২৫ জন। অন্য প্রতিনিধিদের কেউ মারা গেছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। সিনেটে সরকার পাঁচজন সরকারি কর্মকর্তা, স্পিকার পাঁচজন সাংসদ, আচার্য পাঁচজন শিক্ষাবিদ এবং সিন্ডিকেট গবেষণা প্রতিষ্ঠানের পাঁচজন প্রতিনিধিকে সরাসরি মনোনয়ন দেয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা ২৫ জন, শিক্ষকেরা ৩৩ জন এবং চাকসু পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করে। এর মধ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। তিন বছর মেয়াদি এ শ্রেণীর প্রতিনিধিদের মেয়াদ শেষ হয় ১৯৮৯ সালে। এ শ্রেণীভুক্ত পদে দুবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও তা পরবর্তীকালে আর বাস্তবায়িত হয়নি। ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে তৎকালীন উপাচার্য এ জে এম নুরুদ্দিন চৌধুরী মেয়াদোত্তীর্ণ এ শ্রেণীভুক্ত পদে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সমাজতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী জানান, দ্রুত সিনেটের নতুন প্রতিনিধি নির্বাচিত করা উচিত। সিনেটের শিক্ষক প্রতিনিধি ও ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ইমরান হোসেন বলেন, সিনেটের সব শ্রেণীভুক্ত পদে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। চাকসু নির্বাচন প্রসঙ্গে ছাত্রনেতারা জানান, সিনেটে ছাত্র প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে। এ জন্য দ্রুত চাকসু নির্বাচন দেওয়া উচিত।