সিনেমা-নাটকের যেসব দৃশ্য বা ডায়ালগ বিজ্ঞাপনের জন্য ক্ষতিকর
কেউ খেয়াল করুক বা না করুক, আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি, সিনেমা-নাটকের কিছু দৃশ্য এবং ডায়ালগ অনেক পণ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অর্থাৎ সেসব পণ্যের বিজ্ঞাপনে যেসব কথা বলা হয়, এসব ডায়ালগ বা দৃশ্যে বোঝানো হয় উল্টোটা। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকার১. নাটক-সিনেমায় দেখা যায়, প্রেমের টানে গরিব প্রেমিকের হাত ধরে বড়লোক প্রেমিকা গৃহত্যাগ করেছে। এ অবস্থায় প্রেমিক বলে থাকে, তুমি তোমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে কেন এসেছ, সাবিনা? আমার গাড়ি-বাড়ি নেই। আমি তোমাকে কোথায় রাখব? প্রেমিকা তখন বলে, আমার বাড়ির দরকার নেই। আমি তোমার সঙ্গে গাছতলায় থাকব। এই যে গাছতলায় থাকার বিষয়টিকে প্রাধান্য দেওয়া, এতে কিন্তু রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনকে ক্ষতির মুখে ফেলা হচ্ছে। কারণ, এত এত সিটি, হাউজিং লিমিটেড থাকতে গাছতলায় ঘর বানানোর কথা বলার মধ্য দিয়ে প্রমাণিত হয়, তাদের ওপর ভরসা করা যাচ্ছে না।২. আজকাল দেখা যায়, ছোটবেলায় নায়ক-নায়িকার বাবা মারা গেলে অভাব-অনটনে পুরো পরিবার বিপদে পড়ে। হবু নায়কের কষ্টের সীমা থাকে না। বিধবা মায়ের কষ্ট তো শেষই হতে চায় না। দর্শকের চোখে পানি আনার সদিচ্ছাকে সামনে রেখে দু-একবেলা উপোসও রাখা হয় পরিবারটিকে। এ দিয়ে কিন্তু বিশেষ একটি বিজ্ঞাপনের ওপর থেকে মানুষের আস্থা তুলে নেওয়ার চেষ্টা করা। আর সেই বিজ্ঞাপনটি হলো লাইফ ইনস্যুরেন্স তথা জীবন বিমার বিজ্ঞাপন। জীবন বিমার ওপর আস্থা থাকলে হবু নায়কের বিধবা মা তাঁর স্বামীর মৃত্যুর পর অনেকগুলো টাকা পেতে পারতেন।৩. হবু নায়কের বাবা-মা উভয়েই যদি মারা যান, তাহলে অবতারণা হতে থাকে আরও কিছু দৃশ্যের। এসব দৃশ্যের মধ্যে গতানুগতিক একটি দৃশ্য হলো, হবু নায়কের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ স্কুলের পড়াশোনার খরচ চালানোর মতো কেউ নেই বলে নায়ক স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে ইট ভাঙে। সে আরেকটু বড় হলে কারখানায় চাকরি নেয়, আরও কত কিছু করে। এসব দৃশ্য দেখানোর কারণে ক্ষতি হচ্ছে এমন কিছু ব্যাংকের বিজ্ঞাপনের, যারা টিভিতে নিয়মিত বিজ্ঞাপন দিচ্ছে তাদের শিক্ষাবৃত্তির। নায়ক যদি এসব ব্যাংকের বিজ্ঞাপনের ওপর ভরসা রেখে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করত, তাহলে তার লেখাপড়াও বন্ধ হতো না, বিজ্ঞাপনেরও প্রসার হতো।৪. নায়ক কিছু বললেই হলো, অমনি রেগে যান নায়িকার বাবা। ভাই থাকলে তো একেবারে ঘুষি নিয়ে তেড়ে আসে মারার জন্য। নায়িকার মায়েরাও কিন্তু খুব একটা ঠান্ডা প্রকৃতির থাকেন না। সুযোগ পেলেই গরম গরম ডায়ালগ দিয়ে বসেন। নায়িকার ফ্যামিলির সবার এই যে মাথাগরম অবস্থা, এ অবস্থাটা সিনেমা-নাটকে যতবারই দেখানো হয়, ততবারই বিশেষ একধরনের তেলের বিজ্ঞাপনের ক্ষতি করা হয়। এই তেলের বিজ্ঞাপনে বলা হয়, অত বছর ধরে নাকি মাথা ঠান্ডা রেখে আসছে। এই কথাগুলো মিথ্যা প্রমাণিত করে দেয় নায়িকার ফ্যামিলির লোকজন। কারণ, সত্যিই যদি এই তেল এত বছর ধরে মাথা ঠান্ডা করে এসে থাকে, তাহলে এত দিনে একটা তেলের বোতলও কি নায়িকার ফ্যামিলিতে পৌঁছায়নি? যেহেতু পৌঁছায়নি, তার মানে এই তেল ভালো বিক্রি হয় না। হুদাই বিজ্ঞাপন।৫. অনেক ছবিতে দেখা গেছে, পরিকল্পিত ডাকাতির ক্ষেত্রে ডাকাতেরা অনেক কিছুই করছে। এর মধ্যে একটি হলো ডাকাতি করার জন্য প্রবেশ করার আগে বাসার টেলিফোনের লাইন কেটে দেওয়া। এখন যেহেতু মোবাইলের যুগ, তাই টেলিফোনের লাইন কাটার প্রতি তাদের আগ্রহ কমে গেছে। এখন সচরাচর দেখা যায়, বিদ্যুতের লাইন কেটে দিতে। অথবা তক্কে তক্কে থাকতে, কখন বিদ্যুৎ চলে যায়। যাতে তারা অন্ধকারে ডাকাতি করতে পারে। কোনো কোনো নাটক-সিনেমায় চোরদেরও এসব করতে দেখা যায়। এসব কথা মানে আইপিএসের বিজ্ঞাপনকে খাটো বানানো। বিদ্যুৎ না থাকলেই বাড়ি অন্ধকার হয়ে গেলে আইপিএস আছে কী করতে? তার মানে, এই বাড়ির কেউ আইপিএসের ওপর ভরসাও করতে পারছে না, কিনছেও না।৬. নায়ক-নায়িকার বিয়ের পর রান্না করার অভিজ্ঞতা না থাকায় নায়িকা একদম রান্না করতে পারে না। ফলে নায়কেরও আর পেট ভরে ভাত খাওয়া হয় না। সারা দিন এমন হাড়ভাঙা পরিশ্রম করে বাসায় এসে পেট ভরে ভাত খেতে না পারলে মেজাজ ঠিক থাকে? এদিকে আবার রেস্টুরেন্টে খাওয়ার টাকাও নেই। ঘরে খাবার রেখে বাইরে খেলে নায়িকাও রাগ করবে। ছবি বা নাটকে এসব দৃশ্য দেখানোর মানেই হলো গুঁড়া মসলার বিজ্ঞাপনের প্রতি মানুষের অনীহা তৈরি করা। মানুষ ভাববে, এসব মসলা নাকি একটু দিলেই স্বাদের তরকারি রান্না হয়ে যায়, তাহলে নায়িকার ক্ষেত্রে কাজ দিচ্ছে না কেন?