সিনেমা প্যালেসের দীর্ঘশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষবার কবে হাউসফুল হয়েছিল? এমন প্রশ্নটা যেন তিরের মতো বিঁধল প্রৌঢ় লোকটির শরীরে। বললেন, ‘হাউসফুলের কথা জিজ্ঞেস করছেন? তা ভেতরে গিয়ে দেখুন না। আজও তো হাউসফুল, সব টিকিট বিক্রি হয়ে গেছে। যান না, ভেতরে যান।’ একরকম জোর করে দরজা খুলে ভেতরে ঠেলে দিলেন তিনি।ভেতরে ঢুকতেই বোঝা গেল হতাশা আর বিদ্রূপ মেশানো কথাগুলোর আসল অর্থ। পর্দার ওপরে পড়া প্রজেক্টরের আলোয় দেখা গেল দোতলার সারি সারি আসনে বসে আছেন চার থেকে পাঁচজন দর্শক। একতলারও সিংহভাগ আসন খালি। সব মিলিয়ে দর্শক আছেন জনা বিশেক।হল থেকে বের হয়ে আবার মুখোমুখি হতে হলো লোকটির। কিছুতেই নাম বলতে চাইলেন না। কেবল জানালেন, ৪০ বছর ধরে এই প্রেক্ষাগৃহে আছেন। ‘সিনেমা হল নিয়ে লেখার কী আছে, সব শেষ, সব অতীত।’ হতাশা ঝরে পড়ল তাঁর কণ্ঠে।১৯২৮ সালে থিয়েটার হল থেকে প্রেক্ষাগৃহে রূপান্তরিত হওয়া সিনেমা প্যালেস এখন ধুঁকে ধুঁকে চলছে। শেষবার কবে হাউফুল হয়েছিল, তা মনেই করতে পারেন না এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। তবু খুব কাছেই লালদীঘির পাড়ের রঙ্গম, খুরশীদ মহল, নিউমার্কেট এলাকায় জলসা, নূপুর, মেলোডি বন্ধ হয়ে গেলেও কালের সাক্ষীর মতো টিকে আছে সিনেমা প্যালেস।গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমা প্যালেসে গিয়ে দেখা গেল যোগী ঠাকুর নামের একটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। পরদিন মানে শুক্রবার থেকে চলবে ডন নাম্বার ওয়ান ছবিটি। দেয়ালজুড়ে তার পোস্টারও সাঁটানো হয়েছে। কিন্তু পোস্টারের সামনে উৎসুক দর্শকের চিরপরিচিত সেই ভিড় নেই। দ্বিতল এই প্রেক্ষাগৃহে মোট আসন আছে এক হাজারের মতো। জানালেন এখনকার পুরোনো কর্মচারী শিবু বিশ্বাংগীরি। ব্যালকনি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই চার শ্রেণীর টিকিটের দাম মাত্র ৪০ থেকে ৬০ টাকা। দোতলায় সিঁড়ি ভেঙে উঠলে প্রেক্ষাগৃহের কার্যালয়। তার পাশেই ‘লেডিস ওয়েটিং রুম’ লেখা একটি কক্ষ। সেখানে সারি সারি চেয়ারে মোটা ধুলার আস্তর। কার্যালয়ে ঢুকতেই দেখা প্রৌঢ় লোকটির সঙ্গে। প্রেক্ষাগৃহের বর্তমান অবস্থা নিয়ে খুব হতাশ তিনি। ৪০ বছরের চাকরিজীবনে এমন দুঃসময় দেখেননি। আগে একসময় টিকিটের জন্য মারামারি হয়েছে। আর এখন ধুলো জমছে আসনে। কথোপকথনের মাঝখানে এসে ঢুকলেন প্রেক্ষাগৃহের চেয়ারম্যান আবুল হোসেন। ৬০-এর দশকে নিজের ভগ্নিপতির মালিকানাধীন এই প্রেক্ষাগৃহ দেখাশোনার দায়িত্ব নেন। এখন পারিবারিক সূত্রে এই হলের অন্যতম মালিক। কাজির দেউড়ির ঝুমুর সিনেমা হলও তাঁর মালিকানাধীন। শেষবার কবে হাউসফুল হয়েছিল জানতে চাইলে তিনিও স্মৃতি হাতড়ালেন। তারপর প্রৌঢ় লোকটির দিকে তাকিয়ে বললেন, গৌরাঙ্গ বাবু, সাত-আট বছর তো হবে নাকি! বোঝা গেল ভদ্রলোকের নাম গৌরাঙ্গ।আবুল হোসেন চট্টগ্রাম চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও। চলচ্চিত্রের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক। তাই লোকসান দিয়েও টিকিয়ে রেখেছেন এই প্রেক্ষাগৃহ। আর কত দিন টিকিয়ে রাখতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনে হয় না বেশি দিন পারব। হিট ছবি নেই। রূপবান, অবুঝ মন, ডাকু মনসুর, বধূ বিদায়, রংবাজ, সৎ ভাই, গোলাপী এখন ট্রেনে-এর মতো ব্যবসাসফল সিনেমা এখন নির্মিত হচ্ছে না। রাজ্জাক, শাবানা, ববিতা কিংবা উজ্জ্বলের মতো দর্শক আকর্ষণ করা তারকাও নেই।’ঘরে ঘরে এখন টেলিভিশন ও ডিশ অ্যান্টেনার লাইন। তাই এখন দর্শক ঘরে বসেই সিনেমা দেখছেন। এই কারণে দর্শকেরা হলমুখী হন না বলে জানান আবুল হোসেন।তাঁর কাছ থেকে আরও জানা গেল, আগে এখানে প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মচারী ছিল। এখন আছে মাত্র সাত থেকে আটজন। প্রেক্ষাগৃহের চারপাশে গড়ে ওঠা খাবারের দোকানগুলোও বন্ধ হয়ে গেছে।সিনেমা প্যালেসের চেয়ারম্যান আবুল হোসেন ও প্রবীণ কর্মকর্তা গৌরাঙ্গের মতো এখানকার কর্মচারীরা কেবল ভালোবাসার টানেই এই পেশায় রয়ে গেছেন। তিন তলায় প্রোজেক্টর কক্ষে গিয়ে দেখা গেল দুটি বড় বড় প্রোজেক্টর চালাচ্ছেন মো. সেলিম। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিশালাকার এক্সএল প্রোজেক্টর প্রায় ৫০ বছরের পুরোনো। ৩৮ বছর ধরে এই দুটি প্রোজেক্টর চালাচ্ছেন সেলিম। বেতন কত জিজ্ঞেস করতেই বললেন, পাঁচ হাজার টাকা। একটু হেসে যোগ করলেন, ‘টাকার জন্য তো আর এই পেশায় আসিনি। ভালোবাসার টানে এসেছি। কাজ না করলে খারাপ লাগে। তাই এখানে আসি।’