সিনেমার চরিত্রের নিয়োগ বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমার চরিত্রগুলোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানো হলে কেমন হতো? ভেবেছেন: সঞ্জয় সরকার

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: নায়িকার বান্ধবী

যোগ্যতা

১. ‘তোকে আজ সত্যিই খুব সুন্দর লাগছে’, ‘রাজু দেখে পুরাই ফিদা হয়ে যাবে’—এসব কথা নিয়মিতভাবে বলার অভ্যাস থাকতে হবে।

২. অবশ্যই নায়িকার চেয়ে কম সুন্দর এবং মেধাবী হতে হবে।

৩. নায়িকা মাঝেমধ্যে আপনার সঙ্গে দেখা করার কথা বলে নায়কের সঙ্গে রোমান্স করতে যাবে। বাড়ি থেকে বের হওয়ার পর নায়িকার মা-বাবা আপনাকে ফোন করবে। আপনাকে সব সময়ই বলতে হবে, নায়িকা আপনার সঙ্গে আছে।

৪. মাঝেমধ্যে নায়িকার মন খারাপ হবে। নাওয়া-খাওয়া ছেড়ে দেবে। তখন নায়িকাকে বুঝিয়ে–সুঝিয়ে খাওয়ানোর দায়িত্ব আপনার। নায়িকা স্বাভাবিক হলে আপনাকে দৃশ্যপট থেকে বিদায় নিতে হবে।

৫. পালিয়ে বিয়ের ক্ষেত্রে নায়িকার একমাত্র ভরসা আপনি। যেভাবেই হোক সাহায্য করতেই হবে।

৬. নায়িকা শুধু প্রেম করবে। পার্শ্বপ্রতিক্রিয়া সামলানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার।

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: নায়কের বন্ধু

যোগ্যতা

১. নায়ক ঝামেলা বাধিয়ে লাপাত্তা হয়ে যাবে। সে ক্ষেত্রে পুলিশের মার খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।

২. নায়ক ভালো কিছু করলে নায়কের মা-বাবার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করা যাবে না। তবে খারাপ কিছু করলে তার দায় অবশ্যই আপনার।

৩. আপনাকে গুগলের সমান তথ্য রাখতে হবে। কারণ, নায়ক রাস্তার ধারে, রেলস্টেশনে, পার্কের মোড়ে, আকাশে, বাতাসে—যেখানেই নায়িকাকে দেখুক না কেন; খোঁজার দায়িত্ব আপনারই।

৪. গুন্ডারা নায়কের মা-বাবা কিংবা প্রেমিকাকে আক্রমণ করলে এক দৌড়ে নায়ককে খবর দিতে হবে। নায়কের অবস্থান আপনার জানা থাকবে না। কিন্তু তারপরও তাঁকে খুঁজে বের করে তাঁর সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলতে হবে, ‘রাজু, তোর মা-বাবাকে...!’

৫. থাইল্যান্ড, সিঙ্গাপুরের ভিসা সব সময় সঙ্গে রাখবেন। যেকোনো মুহূর্তে নায়কের সঙ্গে নায়িকাকে খোঁজার জন্য যেতে হতে পারে।

৬. এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা। নায়কের পাশাপাশি আপনাকে ভিলেন, নায়কের মা-বাবা—সবার কাছ থেকে থাপ্পড় খেতে হতে পারে।

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: নায়কের মা

যোগ্যতা

১. আপনার উচ্চবিত্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত হতে পারলে খুব ভালো।

২. সিনেমায় আপনাকে সব সময় একজন আদর্শ মমতাময়ী মা হতে হবে।

৩. বেশির ভাগ সময় সিনেমার শুরুতে, খুব অল্প বয়সে বিধবা হতে হবে আপনাকে।

৪. নায়ক মানে আপনার সন্তানকে তার বাবার খুনিকে হত্যা করার দীক্ষায় দীক্ষিত করতে হবে।

৫. ‘আজ তোর বাবা বেঁচে থাকলে...’ উক্তিটি অবশ্যই আপনার মুখস্থ এবং বিভিন্ন ভঙ্গিমায় বলার ক্ষমতা থাকতে হবে।

৬. নায়িকার বাবা কর্তৃক অবশ্যই অপমানিত হওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: ভিলেনের সাঙ্গপাঙ্গ

যোগ্যতা

১. আপনাকে নির্লোভ ও প্রচারবিমুখ হতে হবে। কারণ, ১০০টা সিনেমা করার পরও হয়তো আপনাকে কেউ চিনবে না।

২. ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কারণে বসের গুলিতে মৃত্যুবরণ করার মানসিকতা থাকতে হবে।

৩. নায়িকা, নায়িকার মা-বাবা, নিয়মিত চাঁদা না দেওয়া ব্যক্তি—সবাইকে উঠিয়ে নিয়ে আসার ক্ষমতা থাকতে হবে।

৪. নায়কের সঙ্গে মারপিটের সময় কখনোই সবাই একসঙ্গে আক্রমণ করা যাবে না। একজন কিল–ঘুষি খেয়ে চিৎপটাং হওয়ার পর আপনি আক্রমণ করবেন।

৫. মনে রাখবেন, সব সময় বসের আগে আপনার মৃত্যু হবে।

৬. সিনেমার শেষে পুলিশ ‘হ্যান্ডস আপ’ বললেই নির্দ্বিধায় চুপচাপ মেনে নিতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: নায়িকার বাবা

যোগ্যতা

১. সিনেমায় আপনার কোনো ছেলে থাকার সম্ভাবনা নেই। থাকলেও ছেলে কখনোই ভালো হবে না।

২. মেয়ের সব প্রস্তাবে সাড়া দেবেন। কিন্তু প্রেমের কথা শুনলে সঙ্গে সঙ্গেই ‘না’ করে দিতে হবে।

৩. আপনার কন্যা যখন একেবারেই ছোট, তখন আপনার বন্ধুর ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে রাখার মানসিকতা থাকতে হবে।

৪. স্বাভাবিক মানুষ হওয়া যাবে না। সব সময় একটা ভাবসাব নিয়ে চলতে হবে।

৫. প্রথম অবস্থায় আপনি কখনোই গরিব ঘরের ছেলেকে জামাই হিসেবে মেনে নেবেন না। সিনেমার শেষে কিন্তু মানতেই হবে।

৬. বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, পুলিশ অফিসার—সবার সঙ্গে পরিচয় থাকা অপরিহার্য।