সিনেমার মতো শোনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

যাঁরা মুক্তিযুদ্ধ দেখেননি, মুক্তিযুদ্ধের কোন ঘটনা তাঁদের আলোড়িত করে? ভাবায়, সাহস জোগায়? বড়দের মুখে শোনা, বইয়ে পড়া কিংবা নিজের পরিবারে ঘটে যাওয়া এমনই কিছু ঘটনা লিখেছেন এই প্রজন্মের কয়েকজন তরুণ।

সে সময়ের তরুণ মুক্তিযোদ্ধাদের সাহ​িসকতার গল্প এই প্রজন্মের ছেলেমেয়েদের অনু​প্রাণিত করে। ছবি: সংগৃহীত
সে সময়ের তরুণ মুক্তিযোদ্ধাদের সাহ​িসকতার গল্প এই প্রজন্মের ছেলেমেয়েদের অনু​প্রাণিত করে। ছবি: সংগৃহীত


ঘটনার শুরু ১৯৭১-এর এপ্রিলে রাজশাহীর ঝলমলিয়ায়। সারা দেশেই যুদ্ধ চলছে তখন, তাই প্রতিরোধ হিসেবে কিছু আনসার সদস্য থ্রি নট থ্রি রাইফেল হাতে বাজারের পাশে পাহারা দিচ্ছিলেন। ঝলমলিয়া বাজারের এক রোদ ঝলমল দুপুরে হঠাৎই পাকিস্তানি বাহিনী তাদের সাঁজোয়া যান নিয়ে উপস্থিত হয়। হানাদারের ছোড়া গোলায় মুহূর্তেই বাজার, মানুষ, গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়।

আমার বাবা মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন পিকে যখন এই গল্প বলেন, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। বাবা যখন গল্প বলেন, শ্বাসরুদ্ধকর কোনো সিনেমার দৃশ্যের মতো ঘটনাগুলো যেন আমি চোখের সামনে দেখতে পাই।

প্রতিশোধ এবং প্রতিরোধের জন্য রাজশাহীর রেললাইন জুড়ে তখন মুক্তিবাহিনীর তীক্ষ্ণ নজর, যেকোনো সময় পাকিস্তানি সেনারা ট্রেনযোগে এসে পড়বে। তাই ২৮ এপ্রিল নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর স্টেশনের রেললাইনে ফিট করে রাখা হয় মাইন বোম। কিন্তু ভুল সিগন্যালিংয়ের কারণে ট্রেন আসার আগেই বোম ফেটে যায়। এই দুর্ঘটনায় বীর প্রতীক আজাদের বাঁ হাত উড়ে যায়। তাই এরপর রেললাইন থেকে একটু এগিয়ে গিয়ে নদীতে ব্রিজের পাশে রাজাকারদের বাংকারে আক্রমণের পরিকল্পনা করা হয়। বাবার একজন সহযোদ্ধা রাজাকারদের চোখ এড়িয়ে ব্রিজের গার্ডার বেয়ে মাঝামাঝি স্থানে ম্যাগনেটিক বোম সেট করেন। এই অপারেশনের সবচেয়ে ভয়ংকর অংশ ছিল এটাই। ভারী বোম সঙ্গে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা সহজ ছিল না। ধরা পড়ার আশঙ্কা যেমন ছিল, তেমনি ছিল পড়ে গিয়ে স্রোতে ভেসে যাওয়ার ভয়ও। একটু ভুল হলে বোমের আঘাতেই হয়তো মৃত্যু হতে পারত। দীর্ঘক্ষণ অপেক্ষার পর, রাতের বেলা ট্রেনে করে প্রায় ১০০ জন পাকিস্তানি সেনা আসে। ম্যাগনেটিক বোমের আঘাতে উড়ে যায় ব্রিজ। তখনই মুক্তিবাহিনী সম্মুখসমরে নামে। ব্যাপক গোলাগুলি আর পাল্টা আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সেদিন ছয়জন বাদে হানাদারদের সবাই মারা পড়েছিল।

ছোটবেলা থেকেই বাবার কাছে মুক্তিযুদ্ধের এসব গল্প শুনেছি। যখনই শুনি, মনে হয় আমি সেই সময়টাতে ফিরে গেছি।