সিন্ডিকেটের খপ্পরে লবণচাষি
কক্সবাজারের মহেশখালীতে লবণ মিল মালিক সমিতির লোকজন সিন্ডিকেট করে মাঠ পর্যায়ে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে লবণ চাষের সুফল পাচ্ছেন না স্থানীয় চাষিরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর নভেম্বর মাসেই লবণের চাষ শুরু হয় মহেশখালীতে। উৎপাদিত লবণ বিক্রি হয় মণপ্রতি ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পলিথিনে ভরা সাদা লবণ ১৮০ থেকে কালো লবণ ১৬০ টাকা দরে বিক্রি হয়। কিন্তু হঠাৎ করে মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এতে হতাশ চাষিরা। লবণ মিল মালিক সমিতির লোকজন সিন্ডিকেট করে মাঠ পর্যায়ে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে চাষিদের অভিযোগ। গত মঙ্গলবার সরেজমিনে লবণচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লবণচাষিদের মাঠ পর্যায়ে এক মণ লবণ তৈরি করতে খরচ হয় ১২০ থেকে ১৩০ টাকা এবং কালো লবণ তৈরি করতে খরচ হয় ৮০ থেকে ৯০ টাকা। কিন্তু বর্তমান মাঠ পর্যায়ে লবণের মূল্য এর চেয়ে অনেক কম। এ কারণে অনেক চাষি উৎপাদিত লবণ বিক্রি করছেন না। আবার অনেকেই দালালদের কাছ থেকে নেওয়া সুদের টাকা পরিশোধ করতে বাধ্য হয়ে কম মূল্যে লবণ বিক্রি করছেন।মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার লবণচাষি আলমগীর হোসেন (৪৫) বলেন, ‘এ বছর চার একর জমিতে লবণ চাষ করছি। এতে লবণ উৎপাদনের শুরুতে ন্যায্য মূল্য পেয়েছিলাম। আশা করেছিলাম এবারের লবণ বিক্রির টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দেব। কিন্তু গত মাসে হঠাৎ করে লবণের দাম কমে যাওয়ায় আমাদের সব আশা শেষ হয়ে গেল।’ মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকার লবণ ব্যবসায়ী আব্দুল আলিম প্রথম আলোকে বলেন, ‘গত মাস থেকে লবণ মিল মালিক সমিতির লোকজন সিন্ডিকেট করে মাঠে লবণের দাম কমিয়ে দেয়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ মহেশখালী উপজেলা লবণ চাষি ঐক্য পরিষদের সভাপতি ও বড়মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান শরীফ বাদশাহ বলেন, ‘গত বছর চাষিদের নিয়ে অনেক আন্দোলন করার পর সরকার একটি লবণ নীতিমালা ঘোষণা করেন এবং চলতি লবণ মৌসুম থেকে মাঠ পর্যায়ে চাষিদের কাছ থেকে প্রতিকেজি লবণ চার টাকা হারে কেনার জন্য লবণ মিল মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু লবণ মিল মালিক সমিতির লোকজন সিন্ডিকেট করে মাঠ পর্যায়ে লবণের দাম কমিয়ে দিয়েছে। এখানে সরকারের ঘোষণা অনুযায়ী লবণ নীতিমালা বাস্তবায়িত হচ্ছে না।’ এ ব্যাপারে কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে প্রতিমণ দেড় শ টাকা হারে লবণ ক্রয় করা হচ্ছে মিলে। কিন্তু মাঝখানে মধ্যসত্ত্ব ভোগী দালালেরা মাঠে কমিয়ে চাষিদের ঠকাচ্ছে।’ এ প্রসঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের গবেষণা কর্মকর্তা এ টি এম ওয়ালি উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এবারের লবণ মৌসুমে মহেশখালীতে ১৭ হাজার ৮০০ একর লবণ মাঠে লবণ চাষ হয়েছে। আর কক্সবাজার জেলা ও চট্টগ্রাম বাঁশখালি উপজেলা মিলে মোট লবণ চাষ হয়েছে ৫৫ হাজার ৬৩৭ একর জমিতে। মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাঠে লবণ উৎপাদন বাড়লে দাম কমে যাওয়াটা স্বাভাবিক।’ লবণ মিল মালিক সমিতির লোকজন সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে ফেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে খোঁজখবর নেওয়া হবে।’