সিন্ড্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েন্স অ্যান্ড আর্টস অব ওকলাহোমা বিশ্ববিদ্যালয়টি ওকলাহোমা রাজ্যের মূল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে চিকাশা নামের একটি গ্রামে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রেখেই আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার অবস্থা। এ আমি কোনো পথের পথিক! আমেরিকার অন্যান্য আধুনিক শহরের তুলনায় যাকে বলে অজপাড়াগাঁ। আমি ঢাকা শহরে বেড়ে ওঠা এক মানুষ। রাস্তায় হই-হট্টগোল, রিকশার টুংটাং, ফেরিওয়ালা আর কাকের কাতর স্বরে ডাকাডাকি শুনে বড় হয়েছি। হঠাৎ এই চুপচাপ সুনসান নীরবতা আমার কি সইবে? কিন্তু কী আর করা! এর আয়োজক তো আমি নিজেই। টিউশন ফি কম। তার ওপর ভালো ফল করলে টিউশন ফি নাকি কিছু মাফটাফ পাওয়া যায়। হাজার রকম আকাশ-কুসুম ভাবনা-চিন্তা করে আমার খালাতো ভাই শিবলীর বাসায় যখন ঘুমাতে যাই, তখন আমার দুই চোখ ভরা শুধু স্বপ্ন আর স্বপ্ন। কিন্তু হঠাৎ করে ঘরে বাজ পড়ার মতো শব্দে খুব ভোরে ঘুম ভেঙে গেল। ‘ইয়ো ম্যান, ওয়েকআপ, ওয়েকআপ!’ আমি এই আধা কৃষ্ণাঙ্গ আর আধা ভারতীয় লোকটার দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছিলাম না। শিবলী আমার মনের অবস্থা বুঝতে পেরে পরিচয় করিয়ে দিল। ‘দেবকুমার, আমার রুমমেট। অসম্ভব ভালো একজন মানুষ।’ দেবকুমার আক্ষরিক অর্থেই যে অসাধারণ ভালো মানুষ, তার প্রমাণ পাওয়া গেল তাকে দেখেই। আমাকে ঘুম থেকে উঠিয়ে হাতে এক কাপ লাল চা নিয়ে আমার সামনে দাঁত বের করে দাঁড়িয়ে। কথা শুরু হলো তার সঙ্গে। অসাধারণ মেধাবী এই ছেলে এসেছে ভারতের কেরালা অঙ্গরাজ্য থেকে। ওর কাছ থেকেই জানা গেল, আমরা আর কিছুক্ষণ পরই নাশতা সেরে সবাই দলবেঁধে বের হব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঘুরে দেখতে। বিশাল ক্যাম্পাস, তাই অনেক সময় লাগবে। তারপর ক্যাম্পাস দর্শন শেষ করে দেখা করতে যাব আমাদের আরেক পুরোনো বন্ধু শুভর (আসল নামটা গোপন থাকল) সঙ্গে। ওর বাসায় আমাদের সবারই নেমন্তন্ন।শুভর বাসায় যখন কলবেলের বোতাম টিপলাম, তখন বাজে প্রায় সাড়ে সাতটা। হাসিমুখে এক শ্বেতাঙ্গিনী দরজা খুলে দিতেই আমি যেন একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে আরও এককাঠি তাক লাগিয়ে যখন তিনি বললেন ‘শুভ সন্ধ্যা’, তখন আমি সত্যি সবকিছুই যেন তালগোল পাকিয়ে ফেললাম। শুভ আমার মনের অবস্থা আঁচ করেই হয়তো বলল, ‘সিন্ড্রি, আমার বউ।’ আমি যথারীতি বাঙালি কায়দায় অভিবাদন জানালাম। কিছুক্ষণ কথা বলার পর সিন্ড্রি আমাদের খুবই আপন একজন মানুষ হয়ে গেল। বেশ বুঝতে পারলাম, সে আমাদের মতো এই সদ্য আসা ইমিগ্র্যান্টদের মনস্তাত্ত্বিক ও বাস্তব কিছু সমস্যা সম্পর্কে বেশ সচেতন। সিন্ড্রি জানে যে আমি মুসলমান, শূকরের মাংস খাই না। তাই ঝট করে কাগজে সে আমার জন্য একটা তালিকা বানিয়ে দিল। বারবার বুঝিয়ে বলে দিল যে এই নামগুলো যদি কোনো খাবারে থাকে, তাহলে বুঝবে যে এগুলো পর্ক। তখন খাবে না। আমি তো সত্যি অবাক। কিছুক্ষণ পর আরও অবাক হয়ে লক্ষ করলাম, বাংলা শেখার প্রতি তার অদম্য উত্সাহ। সত্যি বলতে, এই আমেরিকার ফিরিঙ্গিদের ওপর যে তেরচা একটা রাগ জমে বসেছিল, সিন্ড্রিকে দেখে তা যেন চোখের পলকেই মিশে গেল। তারপর আমার শুরু হলো বিপুল উদ্যম নিয়ে সিন্ড্রিকে বাংলা শেখানোর পালা। অসাধারণ মেধাবী ওকলাহোমার এই মেয়ে বাংলাকে ভালোবাসতে শুরু করল। সে যেন নিজেও বাঙালি হয়ে যেতে চায়। মনে মনে ভাবতাম, সত্যি, শুভটা কত ভাগ্যবান। যেখানে বাঙালিরাই এখন আর বাংলাকে তোয়াক্কা করে না, বাংলা সংস্কৃতিকে পারলে বুড়ো আঙুল দেখায়, সেখানে এই ভিনদেশি মেয়েটি আমাদের বাংলাকে বুকে টেনে নিচ্ছে।ওকলাহোমা থেকে নিউইয়র্কে চলে আসার পর অনেক দিন সিন্ড্রির সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তবে সেদিন হঠাৎ করেই ওকলাহোমার পুরোনো এক দোস্তের সঙ্গে দেখা। তার সঙ্গে পাঁচমিশালি মতবিনিময় শেষে আমি খুব আগ্রহের সঙ্গেই জানতে চাইলাম, শুভ আর সিন্ড্রি কেমন আছে। তার উত্তর শুনে মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। আরও অবাক হয়েছিলাম শুনে যে শুভ নাকি ওকে বিয়ে করেছিল গ্রিনকার্ডের লোভে। গ্রিনকার্ড হওয়ার পরপরই সিন্ড্রির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে শুভ বাংলাদেশে গিয়ে বিয়ে করে আসে। সে নাকি এখন ওকলাহোমায় বউ-ছেলেমেয়ে নিয়ে বেশ ভালোই সুখের সংসার গড়েছে।না, সিন্ড্রি কোথায় আছেন সে খবর আর কেউ জানে না। কোথায় আছেন সিন্ড্রি? আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন—এই প্রার্থনাই করি। খুব জানতে ইচ্ছে করে, আগ্রহ আর উত্সাহ নিয়ে আপনি যে বাংলা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলো শিখেছিলেন, তা কি এখনো মনে আছে? আপনি কি আমাদের এই নিচতাকে ক্ষমা করে দিতে পেরেছেন?আদনান সৈয়দ, নিউইয়র্ক থেকে [email protected]