সিন্দাবাদের ভূত
একটি-দুটি নয়, বাঁশ-বেতের তৈরি পুরো ৪৭টি উড়া তিনি বয়ে নিয়ে চলেছেন কাঁধে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠবে না জানি। তাঁর মাথার ঘাম পায়ে ফেলার গল্পও খুব বেশি আকর্ষণীয় ঠেকবে না আমাদের কানে। বলা চলে, ভারবাহী এক মানুষ তিনি। ৪৭টি বাঁশের উড়া যেন স্রেফ উড়া নয়, জীবনের সব দুঃখ-কষ্ট আর অপ্রাপ্তির বেদনার প্রতীক হয়ে চেপে বসেছে তাঁর কাঁধে। উড়া বিক্রির মৌসুম মূলত বর্ষাকাল। সিলেটের সুরমা নদীর কিনব্রিজ এলাকায় তিনি বিক্রি করবেন এই উড়া। মিলবে দিন শেষে অন্নসংস্থানের নিশ্চয়তা। ( সূত্র: প্রথম আলো, পৃষ্ঠা: ৪, ২২ জুলাই ২০১১)।সিন্দাবাদের ভূতের মতো জীবনের এই বোঝা আর হয়তো নামবে না কাঁধ থেকে। কারণ, চিরকাল ‘শ্রমের মর্যাদা’ রচনা পাঠ করে এসেও শ্রমজীবী মানুষের মর্যাদা আসলে আমরা দিতে শিখিনি। হয়তো সে কারণেই সংবাদ কাহিনি এই ‘তুচ্ছ’ মানুষটির নাম দাবি করে না। স্রেফ ‘এক বিক্রেতা’ পরিচয়েই মানুষটি উঠে আসেন সংবাদপত্রের পাতায়। আপাদমস্তক ছবির বিষয় হয়েও তাঁর পরিচয়টি অজানাই রয়ে যায় পাঠকমহলে। এক মে দিবস ছাড়া এসব শ্রমজীবী মানুষের কথা খুব কমই উঠে আসে সংবাদপত্রের পাতায়। সেদিক থেকে উজ্জ্বল ব্যতিক্রম বিশাল বাংলা পাতায় প্রকাশিত এই আলোকচিত্র। —ইকবাল হোসাইন চৌধুরী