সিন্দুক ভূত
পরির দিঘির টলটলে পানিতে পায়ের পাতা ডুবিয়ে আঁজলা ভরে পানি খেল কমলা সুন্দরী। তৃপ্ত হয়ে যখন উঠতে যাবে, দেখে বাঁ পায়ের কড়ে আঙুলে চিকন চুলের মতো সুতা বাঁধা। প্রথমে তাচ্ছিল্যভরে ছিঁড়তে গেলেও দেখল, বেশ শক্ত সেই সুতা। উঠে আসতে চাইলে টান পড়ল দিঘির গভীর জলে ডুবে থাকা সুতার অন্য প্রান্ত থেকে। এরপর সারা রাজ্যের সব কামার, বলী, বীর, পালোয়ান আপ্রাণ চেষ্টা করেও সেই সুতায় আঁচড় বসাতে পারল না এতটুকুনও! কী অবাক করা সেই সুতা।তারপর?‘তারপর, একদিন স্বপনে দেখল সুন্দরী, দিঘির পানিতে আছে এক রাজপুরী।’ধীরে ধীরে সুতায় টান দিয়ে সেই গভীর জলের রাজপুরীতে কমলা সুন্দরীকে টেনে নিল। কমলার শোকে রাজ্যের আকাশ-বাতাস কেঁদে সারা হলো। এরপর?এরপর, পরির দিঘির সেই রাজপুরী খণ্ডিত-বিখণ্ডিত হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ল রাজ্যের সব দিঘি, খাল, বিল আর বিশেষ করে পুকুরে। কোনো পুকুরে গিয়ে পড়ল রাজপুরীর আলমারি, কোনো পুকুরে সিন্দুক।’যেমন, আমাদের গ্রামের ইয়া বড় পুকুরটিতে ছিল সিন্দুক। আকৃতার ভাই বলতেন, এগুলো শুঁড় দিয়ে মানুষ টেনে নিয়ে ভেতরে ভরে রাখে অনন্তকাল। বিশেষত, যেসব ছোট বাচ্চা বেশি সময় পুকুরে দাপাদাপি করে তাদের বেশি টানে। পুকুরের পানি সেচলে তখন এটি কাদামাটির গভীরে লুকিয়ে যায়। সিন্দুকের ভয়ে ছোটরা কম দাপাদাপি করলে পানি ঘোলা হয় কম। বড়রা আরামে গোসল করতে পারে। এতে পিচ্চিপাচ্চির অসুখ-বিসুখও কম হবে। তাই ছোটদের দাপাদাপি কমাতে পুকুরের গভীরে ভয়ংকর সিন্দুক ভূত ওত পেতে থাকত। আর পানিতে ভেজানো কাঠ বা কোনো মাছ গায়ে লাগলেই আমরা ভয়ে শিউরে উঠতাম, এই বুঝি সিন্দুক টেনে নিল!দিনে দিনে মানুষের সাহস বাড়ে। আমাদের পরের প্রজন্মের পিচ্চিগুলোও বুকে বাড়তি সাহস নিয়েই পুকুরে নামত। একদিন, এমনই এক দুরন্ত কিশোরের পায়ে সিন্দুক ভূতের নরম শুঁড়ের আঁচড় লাগে। ভয় পেলেও জান বাঁচাতে সে পানির তলায় কষে লাথি মারে সেটির গায়ে। এভাবে আরও কজনের পায়ে নরম ছোঁয়া লাগে। আতঙ্কিত বালকেরা সিন্দুকের নরম শুঁড়ে আচ্ছামতো লাথি মেরে ছিটকে পাড়ে উঠে আসে।এবার সবার সাহস এক করে সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, সিন্দুক ভূতকে ভালো করে শায়েস্তা করবে আজ। পুকুরের যে জায়গা থেকে তখনো বুদবুদ উঠছিল, সেই জায়গা বরাবর ইটের টুকরো, মাটির বড় ঢেলা, হাতের কাছে যা পেল সজোরে ছুড়ল সবাই মিলে। বেশ তৃপ্তি নিয়ে বাড়ি গেল সবাই সেদিন। ওই দিন বিকেলেই ছেলেপেলের শিকার পানিতে ভেসে উঠল। সবাই দেখল, আকৃতার ভাইয়ের দুই বছর বয়সী মেয়েটা ক্ষতবিক্ষত হয়ে ভাসছে পুকুরে। একসঙ্গে গোসল করতে গিয়ে সে কখন যে ঘাট থেকে পিছলে পড়েছে, কেউ দেখেনি। মাঝপুকুরে গভীর পানিতে গিয়ে একেক বার একেক ছেলের পা-হাত ধরে উঠতে চাইলেও কেউ বোঝেনি। সবাই ভেবেছে সিন্দুক ভূত!আফনান আব্দুল্লাহ্, মণিপুরি পাড়া, তেজগাঁও, ফার্মগেট, ঢাকা।