ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী অতর্কিতে সিপিবি নেতা ফয়েজুল হক মিলকীর ব্যবসায়িক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই হামলা-ভাঙচুর কারা করেছে বা কেন করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত ১৪ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের শহীদ মোহাম্মদ আলী জিন্নাহ সড়কের সিপিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা ফয়েজুল হক মিলকীর ব্যবসায়িক কার্যালয়ে ১৪ থেকে ১৫ জনের এক দল সন্ত্রাসী ঢুকে প্রথমে তাঁকে (মিলকী) খুঁজতে থাকে। তিনি তখন অফিসে ছিলেন না। পরে সন্ত্রাসীরা অফিসের কাচের দরজাসহ সব আসবাবপত্র, কম্পিউটার ইত্যাদি ভেঙে তছনছ করে চলে যায়। সন্ত্রাসীরা প্রাইভেট কার ও হোন্ডাযোগে ঘটনাস্থলে যায়। খবর পেয়ে ফেনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগে সন্ত্রাসীরা চলে যায়। এ ঘটনায় ফয়েজুল হক মিলকী ফেনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করলেও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।বর্তমানে ফয়েজুল হক মিলকী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মায়নুল আফছার বলেন, ‘পুলিশ হামলা বিষয়ে সব ধরনের তদন্ত বা খোঁজখবর নিচ্ছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’প্রসঙ্গত: ফয়েজুল হক মিলকী ফেনী আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত পিপি, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক, তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটি ও ট্রেড ইউনিয়নকেন্দ্রের (টিইউসি) জেলা আহ্বায়ক, উদীচীর সংগঠক হিসেবে কাজ করছেন।