সিবিএ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে দুই পক্ষে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে সিবিএ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে গতকাল বুধবার সকালে দুই দল শ্রমিকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে পাল্টা-পাল্টি স্লোগান দেয়। একপক্ষ মাইক লাগিয়ে সমাবেশ করে। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত করপোরেশনের সব ধরনের কাজ বন্ধ ছিল। পরে পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা একটার পর পরিস্থিত স্বাভাবিক হয়। নগর ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিটি করপোরেশনের বর্তমান সিবিএ নেতারা আওয়ামী লীগের সমর্থক। প্রায় ১৮ বছর আগে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলেও পরে আর কখনো নির্বাচন হয়নি। আজ বৃহস্পতিবার নতুন সিবিএ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।কিন্তু গত মঙ্গলবার সিটি করপোরেশনের উপকর কর্মকর্তা আতিকুর রহমান বাদী হয়ে নির্বাচনের বিরুদ্ধে চট্টগ্রামের শ্রম আদালতে একটি মামলা করেন। এ মামলার পর আদালত নির্বাচন ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখেন। মামলায় তিনি ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়ে নির্বাচন আয়োজনের অভিযোগ আনেন। মামলা দায়েরের পর তিনি দুই দিনের ছুটি নেন। ফলে গতকাল তিনি তাঁর দাপ্তরিক কাজে অনুপস্থিত ছিলেন। তিনি মোবাইল ফোনও বন্ধ রেখেছেন। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘গত ১৮ বছরে সিটি করপোরেশনের সিবিএ নির্বাচন হয়নি। এ জন্য আমরা চেয়েছি নির্বাচন হোক। ভোটার তালিকায় ত্রুটির কথা শুনে সহকারী সচিবকে তা সংশোধন করে তালিকা পুনঃপ্রকাশ করারও নির্দেশ দিয়েছি। কিন্তু তিনি এ কাজে দেরি করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ এদিকে নির্বাচন স্থগিতের খবরে গতকাল বুধবার সকালে অন্তত এক হাজার কর্মচারী নগর ভবনের সামনে জড়ো হন। এ সময় বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নির্বাচন স্থগিত করার জন্য তাঁরা এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেন। শ্রমিক লীগের সমর্থক বর্তমান সিবিএ নেতারা নগর ভবনের সামনের চত্বরে মাইক লাগিয়ে সমাবেশও করেন।করপোরেশন সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ বন্ধ হয়ে যায়। পুরো শহরে ময়লা-আবর্জনা অপসারণের কাজ বন্ধ থাকে। এ সময় কিছু শ্রমিক গ্যারেজ থেকে আবর্জনাবাহী ট্রাক বের করতে বাধা দেন। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর দুপুর থেকে শ্রমিক ও চালকেরা ট্রাক নিয়ে ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেছেন।জানা গেছে, এবারের সিটি করপোরেশনের সিবিএ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই শ্রমিক সংগঠনের পাশাপাশি একটি স্বতন্ত্র সংগঠনও অংশ নেয়। সকালে দুই পক্ষের হাতাহাতির পর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর ই ইলাহী তিন সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে পাঁচজন ওয়ার্ড কাউন্সিলরও উপস্থিত ছিলেন। তাঁরা বৈঠকে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে একমত হন এবং ভোটার তালিকা সংশোধনসহ আদালতের দেওয়া বিধিনিষেধ মেনে চলার সিদ্ধান্ত নেন।তা ছাড়া মামলার বাদী আতিকুর রহমানকে হাজির করে মামলা প্রত্যাহারের অনুরোধ অথবা আগামী রোববার তিন সংগঠনের নেতারা আদালতে একসঙ্গে নির্বাচনের পক্ষে আবেদনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।সর্বশেষ গতকাল দুপুরে নির্বাচনে অংশ নেওয়া তিন সংগঠনের নেতারা মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান ভোটার তালিকা নিয়েই নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। তবে স্থায়ী কর্মচারী হিসেবে ভোটার তালিকায় নাম রয়েছে এক হাজার ৩৩৯ জনের। মামলায় অভিযোগ করা হয়, এ তালিকায় আরও ৩২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তা ছাড়া তালিকায় কিছু মৃত ও অবসর নেওয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।