সিবিটের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে বিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তিবোদ্ধাদের একটি ভবিষ্যদ্বাণী প্রচলিত আছে, তা হলো প্রতি ১৮ মাসে যন্ত্রপাতি আর প্রযুক্তির ক্ষমতা দ্বিগুণ হয়, আর অর্ধেক হয় তার আকার। হ্যানোভারে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা এবার আবারও দেখাল সেই ঝলক। প্রায় পৌনে দুই লাখ বর্গমিটার জায়গাজুড়ে ৬ মার্চ শুরু হয় ২৭তম সিবিট মেলা। মেলাপল্লির ২৬টি বিশাল হলে পাঁচ দিনের এ আয়োজনে অংশ নিয়েছিল ৭০টি দেশের চার হাজার ২৫০টি প্রযুক্তি প্রতিষ্ঠান। আর মেলায় হাজির হয়েছিল প্রায় চার লাখ মানুষ। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক নানা ধরনের মেলা হলেও বছর ঘুরে হ্যানোভারের সিবিট মেলাতেই হয়ে থাকে প্রযুক্তি আর আউটসোর্সিং-বিষয়ক বড় ধরনের যোগাযোগ আর লেনদেন। তাই সারা বিশ্বের তথ্যপ্রযুক্তির সবিশেষ উন্নতি ও বাজারব্যবস্থার সম্প্রসারণ ও মূূল্যায়নের জন্য এ মেলা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন পৃথিবীর মানুষের জন্য কতটা যুগোপযোগী হতে পারে সে বিষয়ে সবার দৃষ্টি থাকা প্রয়োজন। তিনি প্রযুক্তি মেলা থেকে ভিডিও টেলিফোনের মাধ্যমে আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্রের নভোচারীদের সঙ্গেও কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে এবারের মেলার সহযোগী দেশ ব্রাজিলের রাষ্ট্রপতি ডিলমা রুসেফও বক্তব্য দেন।এবার সিবিটের মূল বিষয় ছিল ‘ডিজিটাল বিশ্বে আরও বিশ্বস্ততা আর নিরাপত্তা’। বিশ্বজুড়ে যে প্রযুক্তি মানুষ আর জনকল্যাণে ব্যবহূত হবে, তা না হয়ে অনেক ক্ষেত্রেই এখন বিড়ম্বনা বয়ে আনছে। তাই এবারের মেলায় বেছে নেওয়া হয়েছে এই স্লোগান। যে চারটি ভাগে ভাগ করা হয়েছিল সিবিটকে সেগুলো হলো সিবিট প্রো, সিবিট লাইফ, সিবিট ল্যাব আর সিবিট গভর্নমেন্ট। সিবিট প্রোসিবিট প্রো নিয়ে বেশ কয়েকটি বিশাল ছাদ ঘেরা স্থায়ী হলে প্রযুক্তি ক্রেতা আর বিক্রেতাদের স্বার্থে ব্যবসায়িক সমাধান, ডিজিটাল নিরাপত্তা ও সমাধান এবং এ সম্পর্কিত মনস্তাত্ত্বিক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছিল।সিবিট ল্যাবসিবিট ল্যাব দেখিয়েছে আগামী দিনের প্রযুক্তি। এখানে যে বিষয়গুলো মুখ্য ছিল তা হলো রোবট, পরিবেশবান্ধব প্রযুক্তি, নগরায়ণ এবং মানুষের জীবনযাত্রায় প্রযুক্তির ব্যবহার ও সমাধান।এ ছাড়া শিক্ষাক্ষেত্রে শ্রেণীকক্ষগুলোতে সংবেদনশীল ই ল্যার্নিং শিক্ষামাধ্যম বা ইন্টার-অ্যাকটিভ বোর্ডের প্রচলন।সিবিট লাইফসিবিট লাইফে প্রদর্শকেরা দেখাতে চেয়েছেন মানুষের দৈনন্দিন জীবনে যে প্রযুক্তিগুলো অহরহ ব্যবহূত হচ্ছে সেখানে অধিক নিরাপত্তা ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি। এ ছাড়া বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বশেষ অবদান আর ত্রিমাত্রিক টাচস্ক্রিন, যা কীভাবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা যায় তার চেষ্টা।সিবিট গভর্নমেন্টনিত্যনতুন প্রযুক্তির মাধ্যমে সরকার ও প্রশাসনিক ব্যবস্থা আরও উন্নত এবং কীভাবে গতিশীল করা যায় সে ক্ষেত্রে এখানে দুটি বিষয় সামনে এসেছে—ই হেলথ এবং নগর প্রশাসন পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার।বিষয়ভিত্তিক সেমিনারতথ্যপ্রযুক্তির এই বিশ্বমেলায় পাঁচ দিনে প্রযুক্তিবিষয়ক নানা দিক নিয়ে এক হাজার ৫০০ বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ডিজিটাল ড্রাগস। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক বা অন্য ওয়েবসাইটগুলোর প্রতি অতি আসক্তির কারণে স্কুলগামী তরুণ থেকে নানা বয়সী মানুষের দৈনন্দিন জীবনে যে ক্ষতিকর প্রভাব পড়ছে, তা নিয়ে এবং প্রতিকারকল্পে ডিজিটাল সোশ্যাল ওয়ার্কার আর মনস্তাত্ত্বিকদের ভূমিকার কথা বলা হয়। এ ব্যাপারে সচেতন থাকার নানা বিষয়ও উঠে আসে।সিবিটে বাংলাদেশসিবিট মেলায় বাংলাদেশ একটি পুরোনো নাম। কয়েক বছর বিরতি দিয়ে বাংলাদেশ আবার সরকারিভাবে মেলায় যোগ দিয়েছে। এবারের মেলায় বাংলাদেশ থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে সিবিট মেলায় ছয় নম্বর হলে ‘বাংলাদেশ নেক্সট’ নামে অংশ নিয়েছে। আর নেদারল্যান্ডের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলপিং কান্ট্রিস বা সিবিআইয়ের অধীন বেশ কিছু বাংলাদেশিতথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানও অংশ নেয় সিবিটে। মেলায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এম আবদুুর রউফ জানান, প্রায় ১৫টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিবিট মেলায় যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেশ কিছু প্রতিষ্ঠান আসেনি। বেসিসের পরিচালক কবীর আহমেদ দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি ব্যবসায় থাকলেও এবারই মেলায় প্রথম। এই মেলাকে তিনি মহাযজ্ঞ হিসেবেই অভিহিত করলেন। লিডস করপোরেশনের প্রধান নির্বাহী শেখ শাহিদ জানান, মেলায় তাঁদের প্রতিষ্ঠানের নিয়মিত আসার সুফল তাঁরা পাচ্ছেন। একই প্রতিষ্ঠানের সফটওয়্যার বিপণন কর্মকর্তা রুবাইয়াত তানভির ফেরদৌস বলেন, একসঙ্গে এত প্রযুক্তির ঝলক দেখাতে এই মেলা অদ্বিতীয়। ডেটাবিজ সফটওয়্যারের পরিচালক রাশেদ কামাল জানান, পরপর তিনবার এলেন এই মেলায়। তিনি বলেন, ক্রমান্বয়ে আন্তর্জাতিক যোগাযোগ আর আউটসোর্সিংয়ের ব্যাপারটি বাড়ছে। মেলায় প্রথমবার এসেছিলেন সফটওয়্যার প্রকৌশলী বিমল চন্দ্র বণিক, অভিভূত হয়েছেন মেলার সুবিশাল পরিসর দেখে।বেসিসের সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, বাংলাদেশের আইটি ব্যবসা ক্রমান্বয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিচ্ছে। তথ্যপ্রযুক্তির এই মেলায় চোখ ধাঁধানো নানা উদ্ভাবন মানবকল্যাণের কাজে লাগুক আর বাংলাদেশও উল্লেখ করার মতো উপস্থিতি নিয়ে এই প্রযুক্তি বিশ্বের সঙ্গে থাকুক—এই আমাদের কামনা।