সিরাজ বাবুর্চির রান্নার জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহ্য মেজবান। আর মেজবানের রান্নায় চট্টগ্রামবাসীর অন্যতম পছন্দের বাবুর্চি সিরাজ বাবুর্চি। চট্টগ্রামের বড় বড় রাজনৈতিক নেতার পারিবারিক মেজবানে দীর্ঘদিন ধরে রান্না করছেন তিনি। একসঙ্গে ৮০ হাজার মানুষকে রান্না করে খাওয়ানোর অভিজ্ঞতা আছে তাঁর। রান্নার চাকরি নিয়ে গিয়েছিলেন বিদেশেও। এখনো রান্নাই তাঁর ধ্যান-জ্ঞান। চাঁদপুরের হাজীগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে মো. সিরাজুল হক। নাম জানতে চাইলে তিনি বলেন, এখন সবাই সিরাজ বাবুর্চি নামেই চেনে। ১৪ থেকে ১৫ বছর বয়সে রান্নায় হাতেখড়ি। তারপর থেকে এই কাজই করছেন। বাবুর্চি হিসেবে কাজ শুরুর বিষয়ে সিরাজ বলেন, ‘আমার গুরু বিহারের আবদুল হক বাবুর্চি। তাঁর কাছেই কাজ শিখি। আইয়ুব খানের হ্যাঁ-না ভোটের এক বছর পর কাজ শুরু করি। তখনই বাড়ি থেকে চট্টগ্রাম চলে আসি। তখন থাকতাম আন্দরকিল্লায়।’অতীতের চট্টগ্রামের মেজবানের বর্ণনা দিয়ে বলেন, ‘তখন বাদশা মিয়া চৌধুরীর একটা মেজবান হইছিল। ১২০ ছাগলের মেজবান। এর আগে এত বড় মেজবান আর হয়নি। শহরে খুব আলোচনা হইছিল। ওই মেজবানে আমিও কাজ করেছিলাম (সহকারী হিসেবে)। এখন তো ১২০ গরুর মেজবানও হয়।’দিন-তারিখ মনে রাখতে না পারলেও সিরাজ বাবুর্চি সময় হিসাব করেন দেশের বিভিন্ন সরকারের সময়কাল দিয়ে। তিনি বলেন, ‘জিয়ার আমলে কালুরঘাট ট্যানারি এলাকায় প্রথম বাবুর্চি হিসেবে মেজবানের রান্না করি।’ সেই শুরু। এরপর থেকে চট্টগ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মেজবানের রান্নায় ডাক পড়ে সিরাজ বাবুর্চির। কোথায় কোথায় মেজবানের রান্না করেছেন জানতে চাইলে বলেন, ‘পেকুয়ার জমিদারবাড়ি, মহিউদ্দিন চৌধুরীর বাবার মেজবান, শহীদ কামালের বাড়িতে, বাচা ফকিরের মেজবান, মীর নাছিরের পারিবারিক মেজবানে রান্না করেছি।’সিরাজ বাবুর্চির রান্নার অন্যতম বড় অনুষ্ঠান হয়েছিল খাগড়াছড়িতে। সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ভাইপোর বৌভাতে প্রায় ৮০ হাজার মানুষের রান্না করেছিলেন বলে জানান সিরাজ। যে মেজবানের রান্নার কারণে সিরাজ বাবুর্চির সুনাম তা শিখেছিলেন দুই গুরুর কাছে। তিনি বলেন, ‘ওসমান খাঁ আর চন্দনপুরার মান্নান বাবুর্চি এই দুইজনের কাছে মেজবানের রান্না শিখেছি।’ বিভিন্ন সময় রান্না করে অনেক বকশিশ পেয়েছেন। রান্নার চাকরি নিয়ে ওমান গেছেন। সিরাজ বলেন, ‘এরশাদের পর যে বছর ইলেকশন হয় সে বছর দেশে আসি। তার দুই বছর আগে ওমান গেছিলাম। এর আগে কাফকো আর সিইউএফএলের ক্যানটিন চালু হয় আমার হাতে। কিন্তু বিদেশি রান্না করতে না পারায় খারাপ লাগত। সেই রাগ থেকেই বিদেশে চাকরি নিয়ে গেলাম। ওমানের এক হোটেলে বাবুর্চি হিসেবে দুই বছর চাকরি করি। তারপর আবার দেশে আসি।’সিরাজের কাছে কাজ শিখেছেন অনেকেই। এখন তাঁর চার ছেলের মধ্যে দুইজন আছেন একই পেশায়। সিরাজ বলেন, ‘রান্না করে অনেকে বহু টাকা কামিয়েছেন। আমার তেমন কিছু নাই। আমি রথে (শরীরে) কামাই, পেডে (পেটে) খাই। মিথ্যা কথা বলি না। শুধু পরিশ্রমে বিশ্বাস করি।’ ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানের অন্যতম সেরা সিরাজ বাবুর্চি রান্না করে যেতে চান আমরণ।