সিরাজ মহানগরী কিশোর ফুটবল লিগ ৪ আগস্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত এলিট পেইন্ট সিরাজ মহানগরী কিশোর ফুটবল লিগ আগামী ৪ আগস্ট মাঠে গড়াচ্ছে। এ উপলক্ষে লিগে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি সভা ১৮ জুলাই লালদীঘিতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শায়েস্তা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী ও ফুটবল কমিটির সম্পাদক ইবাদুল হক। শায়েস্তা খান বলেন ‘এই কিশোর ফুটবল লিগ থেকেই মতিউর মুন্না, আনোয়ার, ইউসুফ, তারেক, নয়ন ও আসাদের মতো দেশসেরা তারকার সৃষ্টি হয়েছে। তাই দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের মেধার বিকাশে এই লিগ প্লাটফরমের ভূমিকা পালন করে থাকে।’ এবারের লিগে অংশগ্রহণকারী ছয়টি দল হচ্ছে: মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ, মাদারবাড়ি শোভানীয়া একাদশ ক্লাব , চট্টগ্রাম ইডেন স্টার ক্লাব, সেভেন স্টার ক্লাব, আলো সিঁড়ি ক্লাব ও বাংলাদেশ বয়েজ ক্লাব। দলগুলো সরাসরি লিগ পদ্ধতিতে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ৪ আগস্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে গত দুই আসরের চ্যাম্পিয়ন মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ ও বাংলাদেশ বয়েজ ক্লাব। গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল হলো যথাক্রমে মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ ও মাদারবাড়ি শোভানীয়া একাদশ ক্লাব।