সিরামিকের তৈজস
সময়ের পরিক্রমায় এবং উৎসবের আমেজে পোশাক আর সাজসজ্জায় যেমন আসে নতুনত্বের ছোঁয়া, তেমনি অন্দরেও লাগে পরিবর্তনের হাওয়া। আর অন্দরের কথা বললেই চলে আসে খাবার পরিবেশনের কথা, অর্থাৎ কেমন হবে খাবার টেবিলটা। আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ খাবারের আয়োজন রাখেন সবাই। আর বিশেষ আয়োজনের সঙ্গে সঙ্গে খাবার পরিবেশনের বিষয়টিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা, খাবার কীভাবে এবং কোন পাত্রে পরিবেশন করা হচ্ছে, তার ওপর অনেকাংশেই নির্ভর করে খাবারের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা। এমনটি মনে করেন রান্নাবিদ সিতারা ফেরদৌস। সিরামিকের তৈজস তো কখনোই পুরোনো হয় না; বরং বাহারি আর বৈচিত্র্যপূর্ণ আকার, নকশা আর রঙের সিরামিকের তৈজস এখন সহজলভ্য। আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই বলেন, অনুষ্ঠানের দিন সকালের খাবার, দুপুরের প্রধান ভূরিভোজ এবং রাতের আলো-আঁধারি পরিবেশে খাবারের আয়োজনের সঙ্গে পাত্রের ধরনও বদলাতে থাকে। মূল কথা হলো, পরিবেশের সঙ্গে মানিয়ে তৈজস ব্যবহার করা। মুন্নু সিরামিকের ঢাকার এলিফ্যান্ট রোড শাখার ব্যবস্থাপক হোসনে আরা বেগম বলেন, সিরামিক মূলত দুই ধরনের হয়ে থাকে—বোন চায়না ও রয়েল চায়না। বোন চায়না অপেক্ষাকৃত হালকা এবং স্বচ্ছ হয়ে থাকে। অন্যদিকে রয়েল চায়না ভারী এবং কম স্বচ্ছ। বোন চায়নার দামটা একটু বেশি আর ডিজাইনে আছে ভিন্নতা। অন্যদিকে রয়েল চায়না কিছুটা পুরোনো ধাঁচের ডিজাইনের। ফলে দামটাও কিছুটা কম। ঢাকা কলেজের পাশের চন্দ্রিমা সুপার মার্কেটের এবি ক্রোকারিজের স্বত্বাধিকারী আবুল বাসার বলেন, সিরামিকের তৈজসের মধ্যে হাতে আলপনা করা তৈজসের চাহিদা দিন দিন বাড়ছে। কুমিল্লা আর গাজীপুর থেকে আনা এই তৈজসের দামও বেশি। তার পরও রুচিশীল মানুষের পছন্দের তালিকায় রয়েছে হাতে আলপনা করা সিরামিকের তৈজস। সিরামিকের তৈজসের দরদামপ্যারাগন সিরামিক, শাইনপুকুর সিরামিক, মুন্নু সিরামিকের ডিলার (বিতরণকারী) গ্যারামসিকো লিমিটেডের ম্যানেজার শেখ ফরিদ বলেন, কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে সিরামিকপণ্যের দাম। যেমন—কোন ধরনের সিরামিক দিয়ে তৈজস তৈরি হচ্ছে, নকশায় ব্যবহূত হচ্ছে কোন ধরনের রং, এমনকি আনুষঙ্গিক অন্যান্য উপাদানও পণ্যের দামকে প্রভাবিত করে। এ ছাড়া দাম নির্ভর করে তৈজসের আকার কিংবা সংখ্যার ওপর। চারপাশে হালকা কাজ করা পাত্রের দাম কম। পুরো তৈজসে কাজ করা পাত্রের দাম বেশি। আবার সোনার প্রলেপ দিয়ে নকশা করা পাত্রের দাম নির্ভর করে সোনার বাজারদরের ওপর।সিরামিকপণ্যের মধ্যে ডিনার সেটের দাম নির্ভর করে সংখ্যার ওপর। ২৪ থেকে শুরু করে ৫২ পিসের ডিনার সেট পাওয়া যায় বাজারে। ডিজাইনভেদে ২৪ পিসের ডিনার সেট পাওয়া যাবে ২২০০-১০০০০ টাকায়। ৩২ পিসের ডিনার সেট কেনা যাবে ৩২০০-১৫০০০ টাকায়। ৩৫ পিসের ডিনার সেটের দাম ৪০০০-১৮০০০ টাকার মধ্যে। ৪২ পিসের ডিনার সেটের দাম পড়বে ৪৫০০-২০০০০ টাকা। আর ৫২ পিসের ডিনার সেট বিক্রি হয় ৫০০০০ থেকে ১৫২০০০ টাকায়। হোসনে আরা বেগম বলেন, চাইলে পিস হিসেবে কিংবা ছয় বা ১২ পিসের সেট হিসেবে বাটি, প্লেট, টি-সেট, কফি সেট বা ফিরনি সেট কিনতে পারবেন ক্রেতারা। টি বা কফি সেট কেনা যাবে ৯০০-১৫০০ টাকায়। ছয় পিসের প্লেট সেট পাওয়া যাবে ১০০০-২৫০০ টাকায়। তিন কিংবা ছয় পিসের বাটির দাম পড়বে ২৫০-৪৫০ টাকার মধ্যে। ফুসকা সেট, চটপটি সেট, জিলাপি সেট, কাবাব সেট নামে সাত পিসের বিভিন্ন সেট কিনতে পারবেন ৩৫০-১০০০ টাকায়।হাতে আলপনা করা সিরামিকের তৈজসের দাম পড়বে প্লেটপ্রতি ১০০-১৫০ টাকা। স্যুপের বাটি ১০০ টাকা, ৩২ পিসের ডিনার সেট ৩৫০০ টাকা।হাতে আলপনা করা আড়ংয়ের ট্র্যাডিশনাল সিরামিকের (পুরোনো) মগ, জগ, বাটি পিস হিসেবে কেনা যাবে ৭০-৫০০ টাকায়। তবে আঁকাবাঁকা কিংবা লম্বাটে বা চৌকোনা আকৃতির সিরামিকের তৈজস পাওয়া যাবে পিস হিসেবে ৪০-৯৫০ টাকায়। আর সেট কিনতে পারবেন ৫০০০ টাকার মধ্যে।মিলবে যেখানেমুন্নু সিরামিক, শাইনপুকুর সিরামিকের নিজস্ব বিক্রয়কেন্দ্র ছাড়াও এলিফ্যান্ট রোড, নিউমার্কেটে আর চন্দ্রিমা সুপার মার্কেটে ক্রোকারিজের দোকানে মিলবে পছন্দের সিরামিকের তৈজস। কিছুটা ভিন্ন ডিজাইনের তৈজস পেতে হলে চলে যেতে পারেন আড়ং এবং ঢাকার সানরাইজ প্লাজার ক্লে ইমেজ-এ।