
ক্যামেরাটি এক দানা লবণের সমান। সিরিঞ্জ ব্যবহার করে এটি মানুষের শরীরে স্থাপন করা যাবে। এতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ছবি তোলার কাজটা আরও সহজ হবে। পাশাপাশি পাল্টে যাবে শরীরের গতিবিধি নজরদারির ধরন।
জার্মানির স্টুটগার্ড বিশ্ববিদ্যালয়ের একদল প্রকৌশলী ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ওই ছোট্ট ক্যামেরা বানিয়েছেন। এতে লেন্সের সংখ্যা তিনটি। মানুষের দুটি চুলের সমান পুরো একটি কাচ তন্তু বা অপটিক্যাল ফাইবারের এক প্রান্তে যুক্ত ক্যামেরাটি মানবদেহের ভেতরের সূক্ষ্ম সব ছবি তুলতে পারবে। ফলে চিকিৎসা গবেষণায় যুগান্তকারী পরিবর্তন সম্ভব হবে বলে মনে করছেন ওই জার্মান গবেষকেরা। নিরাপত্তা পর্যবেক্ষক মিনি রোবটের সঙ্গেও এই ক্ষুদ্র ক্যামেরা জুড়ে দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে নেচার ফটোনিকস সাময়িকী একটি প্রতিবেদন ছেপেছে।
সূক্ষ্ম ও জটিল ওই ক্যামেরার লেন্সের পুরুত্ব মাত্র ১০০ মাইক্রোমিটার (১ মিলিমিটারের ১০ ভাগের ১ ভাগ)। এটা ৩ মিলিমিটার দূর থেকে কোনো ছবি ফোকাস করে সেটা সাড়ে ৫ ফুট অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দূরে পাঠাতে পারে। ছবি তোলার এই সম্পূর্ণ ব্যবস্থা একটি সিরিঞ্জের ভেতরে এঁটে যায়। এভাবে এটি মানুষের কোনো অঙ্গে, এমনকি মস্তিষ্কেও স্থাপন করা সম্ভব।
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে প্লাস্টিক, ধাতু ও সিরামিকের মতো বহু স্তরের ত্রিমাত্রিক জিনিসপত্রের প্রতিরূপ তৈরি করা যায়। উৎপাদন প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কারণে খুব বেশি ছোট আকারের ক্যামেরার লেন্স বানানো এখনো কঠিন। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এ ধরনের লেন্স বা ক্যামেরার চাহিদা অনেক। গবেষকদের মতে, থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির কারণে সেই সীমাবদ্ধতা দূর হয়েছে।