
একটা সময় সপ্তাহের হিসাব ছিল অন্য রকম। শুক্রবার মানেই অ্যাডভেঞ্চার অব সিন্দবাদ, রোববার মানে রোবোকপ, বুধবার মানে ম্যাকগাইভার...! সে সময় যে শিশুর দল আলিফ লায়লা দেখে রাতে ঘুমাতে পারত না, কিংবা পিঠে গামছা বেঁধে সুপারম্যান সাজত, তারাই এখনকার তরুণ। এখন তাঁদের কাছে রোববার মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, বুধবার মানে মিডটার্ম পরীক্ষা...! সময়ের সঙ্গে বেড়েছে ব্যস্ততা, বেড়েছে টিভি চ্যানেলের সংখ্যা। এখনো কিছু কিছু টিভি সিরিয়াল তরুণদের সেই ‘ছেলেমানুষি’ আগ্রহটা জাগিয়ে তোলে। সিরিয়াল প্রচারের সময়ের সঙ্গে মিলিয়ে টিভির সামনে বসার সুযোগ হয়তো খুব একটা হয় না। তাই বোকা বাক্স নয়, অধিকাংশ তরুণের সিরিয়াল দেখা হয় ‘চালাক বাক্স’ কম্পিউটারে।
শার্লক, গেম অব থ্রনস, দ্য ভিঞ্চি’স ডেমনস, ভ্যাম্পায়ারস ডায়েরি, এজেন্টস অব শিল্ড-এর মতো টিভি সিরিয়ালগুলো এখন ল্যাপটপ-কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা দখল করে রাখে। নতুন কোনো পর্ব বেরোলেই পড়ে যায় খোঁজ খোঁজ রব। কেউ ইন্টারনেট থেকে নামিয়ে রাখেন, কেউবা পেনড্রাইভ হাতে ধরনা দেন বন্ধুর কাছে। তবু, একটা পর্বও মিস হওয়া চলবে না। অনেকে একসঙ্গে পুরো ‘সিজন’ সংগ্রহ করে দেখতে বসে যান। এক পর্ব দেখে আরেক পর্বের জন্য অপেক্ষা করাটা নাকি কঠিন হয়ে যায়!
জনপ্রিয় টিভি সিরিজ প্রিজন ব্রেক। বিশ্ববিদ্যালয়পড়ুয়া নাজমুল করিম আর তাঁর বন্ধুরা এই সিরিজের নাম দিয়েছেন ‘সেমিস্টার ব্রেক’! সেমিস্টার শেষের বিরতি ছাড়া নাকি প্রিজন ব্রেক দেখা ঠিক না। ‘একবার দেখা শুরু করলে আর থামা যায় না। আমার সব বন্ধুদেরই এক অবস্থা। এসব টিভি সিরিজে টানটান উত্তেজনা থাকে, পরের পর্বে কী হবে, দেখার একটা আগ্রহ থেকে যায়। ‘আমি কিছুদিন আগে লাই টু মি দেখা শেষ করলাম। এখন অ্যারো দেখা শুরু করব।’ বলছিলেন নাজমুল।
শুধু যে ইংরেজি সিরিয়ালগুলোই তরুণদের টানে, তা নয়। ইদানীং কোরিয়ার টিভি সিরিজও দেখছেন কেউ কেউ। এ ধরনের সিরিজগুলোর দর্শক মূলত মেয়েরা। কথা হলো আরেক বিশ্ববিদ্যালয়পড়ুয়া গাজী মোহসিনা রহমানের সঙ্গে। বললেন, ‘ওভার ফ্লাওয়ার, দ্য ফেইথ, সিটি হান্টার—এই সিরিয়ালগুলোই বেশি প্রিয়। গল্পগুলো খুব যে আহামরি থাকে, তা নয়। কিন্তু কেন যেন দেখতে ভালোই লাগে। আপাতত আমি নতুন কোনো সিরিজ দেখছি না। কিন্তু যখন দেখা শুরু করি, তখন আসলেই থামা যায় না।’
নির্মাণশৈলী বা গল্পের দিক থেকে কিছু কিছু সিরিয়াল মন্ত্রমুগ্ধ করে রাখে। কিন্তু তাই বলে এই নেশা যদি দিনের অন্য কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ কেউ নিজেকে সিরিয়ালের চরিত্র ভাবতে শুরু করেন, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এ ব্যাপারে মনোবিজ্ঞানী মোহিত কামাল বলেন, ‘যতক্ষণ এই বিনোদনটা আমার নিয়ন্ত্রণে থাকবে, ততক্ষণ দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু যদি এমন হয়, সিরিয়াল না দেখলে আমার চলছেই না, অন্য কোনো কাজে মন দিতে পারছি না, তাহলে এ থেকে বের হয়ে আসা উচিত। নিজের ক্ষতি হচ্ছে কি না, সেটা নিজেকেই বুঝতে হবে।’