সিলি থেকে মিলি
স্কুললাইফ থেকেই মিলিকে ভালো লাগে মুরাদের। কিন্তু মিলির ভালো লাগে ফুটবল। মিলির ভালো লাগাই মুরাদের ভালো লাগা। তাই পড়াশোনা বাদ দিয়ে মুরাদ মেতে ওঠে ফুটবল খেলায়। মুরাদের ফুটবল খেলায় সবচেয়ে বিরক্ত তার মা। প্রায়ই মুরাদের বাড়ি থেকে চিলচিৎকার ভেসে আসে, ‘ওরে মুরাদ, এখনো পড়তে বসলি না! সারা দিন খালি খেলা আর খেলা। পাশের বাসার রিনিকে দেখ, সারা দিন কী সুন্দর পড়াশোনা করে! আর তুই...!’
মায়ের কথামতো মুরাদ রিনিকে দেখে। দেখতে দেখতে তার মনে দ্বিধা তৈরি হয়, মিলি না রিনি? রিনি না মিলি? নাকি দুজনই?
এভাবেই দিনের বেলা মিলি আর রাতের বেলা রিনিকে দেখতে দেখতে মুরাদের শৈশবের দিনগুলো পার হয়ে যায়।
কিন্তু কিশোর বয়সে এসে মুরাদ মিলি ও রিনি—দুজনের মাঝখান থেকে মিলিকেই ভালোবেসে ফেলে। রিনিকে তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হচ্ছে, রিনি এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মিলি মুরাদের মতোই কোনোমতে টেনেটুনে পাস। আবার মিলি মুরাদের মতোই ফুটবল ভালোবাসে। তাই মুরাদ ভেবে দেখল, রিনির সঙ্গে তার ‘ক্লাস’টা আসলে যায় না। তাই একদিন সাহস করে সে মিলিকেই ভালোবাসার প্রস্তাব দিয়ে বসল। সহজ-সরল মিলিও একবাক্যে মুরাদের প্রস্তাবে রাজি। শুরু হলো তাদের ফুটবলীয় প্রেম। পাশাপাশি মাঠে তারা প্রতিদিন প্র্যাকটিস করে। প্র্যাকটিস শেষে দুজনে ঘাসের ওপর বসে বাদাম আর আইসক্রিম খায়, আর ভবিষ্যতের জাল বোনে।
কিন্তু ওদের এই সুখ বেশি দিন টিকল না। একদিন হুট করেই মুরাদ জেলাভিত্তিক দলে ডাক পেয়ে শহরে চলে গেল। সেই যে গেল, তারপর আর কোনো খোঁজ নেই। তাই মিলিরও মন ভালো থাকে না। কারণ, মুরাদের কোনো খোঁজই নেই। তবুও সে খেলা চালিয়ে যায়।
একদিন হুট করেই মুরাদ গ্রামে আসে, কিন্তু তখন তার ঠাটবাটই অন্য রকম। তত দিনে সে জাতীয় দলে চান্স পেয়ে গেছে, আর কদিন পরই নাকি বিদেশে যাবে। মুরাদের চারপাশে এখন অনেক মানুষ। তবু অনেক কষ্টে মিলি একটা সুখবর দেওয়ার জন্য মুরাদের মুখোমুখি হয়।
কিন্তু মিলিকে দেখেই মুরাদ বলে ওঠে, ‘আরে, মিলি যে! শুনেছি, তুমি নাকি কোনো মহিলা ফুটবল টিমে চান্স পেয়েছ? বাট আই অ্যাম সরি। তোমার মতো সিলি কারও সঙ্গে প্রেম করা আমার পক্ষে ইমপসিবল। স্ক্যান্ডাল হয়ে যাবে।’
মুরাদের কথা শুনে মিলি খুব একটা অবাক হয় না। বদলে যাওয়া মুরাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করেনি সে।
এর ঠিক কদিন পরই মুরাদ দেশের বাইরে খেলতে যায়। এবং বরাবরের মতোই ডজন ডজন গোল হজম করে ফিরে আসে দেশে। যদিও এত গোল খাওয়ার পরও মুরাদের তেমন একটা সমস্যা হয় না। কারণ, খেলতে নামার আগে ভালো হজমি খেয়ে নেয় সে।
কিন্তু গ্রামে ফিরে এসে মুরাদের হজমির একটা বড়সড় পরীক্ষা হয়ে যায়। অবাক নয়নে মুরাদ দেখে, সেদিনের ‘সিলি’ ফুটবলার মিলিকে নিয়ে গ্রামে দারুণ হইচই। রীতিমতো সংবর্ধনা, মিছিল করে মিলিকে সবাই বরণ করতে এসেছে। কারণ, মিলির দল নাকি বাঘা বাঘা বিদেশি মহিলা ফুটবল দলকে ‘এত্তগুলা’ গোলে হারিয়ে দিয়েছে।
বিস্মিত মুরাদের পাশ দিয়ে যাওয়ার সময় মিলি বলে, ‘সিলি ফুটবলার থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো সিলি ফুটবলারই ভালো, তাই না?’