সিলেট বন্ধুসভার জমজমাট বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো সিলেট বন্ধুসভা আয়োজন করে বইমেলার (৭ থেকে ১৩ ফেব্রুয়ারি)। বইমেলায় সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: আনিস মাহমুদ
প্রথম আলো সিলেট বন্ধুসভা আয়োজন করে বইমেলার (৭ থেকে ১৩ ফেব্রুয়ারি)। বইমেলায় সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: আনিস মাহমুদ

‘উৎসবের মধ্যে মিলন চাই। একলার উৎসব হইলে চলে না।’ এ কথা বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা যেন কবিগুরুর কথাকেই সত্যে পরিণত করল। নিজস্ব আয়োজন হলেও এটি ঘিরে সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে কবি-লেখক-পাঠক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের যে মিলনমেলা তৈরি হয়েছে, সেটি তো রীতিমতো মহা উৎসবেই রূপ পেয়েছে। প্রতিদিন হাজারো পাঠক-দর্শনার্থীর ভিড়ে এখন মুখর থাকছে মেলাস্থল।
৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর থেকে পাঠক-দর্শনার্থীদের সরব পদচারণে মেলা উৎসবের রূপ পায়। মেলাকে ঘিরে বন্ধুসভার সদস্যদের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। শহীদ মিনারের সামনের প্রধান সড়ক লাগোয়া ফুটপাতে সাঁটানো হয়েছে শতাধিক রংবেরঙের ফেস্টুন। প্রধান ফটকের সামনে ব্যানারসমেত দৃষ্টিনন্দন একটি গেট তৈরি করা হয়েছে। মেলা আয়োজনে সহযোগিতা করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
প্রতিদিনই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, কবিতা-ছড়া পাঠ এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এ পর্যন্ত অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠন গান-নৃত্য-আবৃত্তি-নাটক পরিবেশন করেছে এবং চারটি সাহিত্য সংগঠন লেখাপাঠের অনুষ্ঠানের আয়োজন করেছে। হয়েছে অন্তত ১৬টি নতুন বই ও সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মেলায় ঢাকা ও সিলেটের ১২টি প্রকাশনা সংস্থা ও লাইব্রেরি অংশ নিয়েছে। এগুলো হচ্ছে: প্রথমা, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, চৈতন্য প্রকাশন, নাগরী, ঘাস প্রকাশন, শ্রীমৎ প্রকাশন, দাঁড়িকমা, বাসিয়া প্রকাশনী, জসিম বুক হাউস, সিলেট বুক হাউস এবং প্রথম আলো বন্ধুসভা। সব মিলিয়ে সাত দিনে মেলায় বিক্রি ১৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।
দ্বিতীয়বারের মতো এ আয়োজনে এত দর্শনার্থীদের ভিড় হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বন্ধুসভা সিলেটের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘নগরে প্রতিদিন মাইকযোগে বইমেলার বিষয়টি প্রচার করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ব্রুশিয়ার বিতরণ করা হয়েছে। লাগানো হয়েছে ফেস্টুন-ব্যানার। এ কারণেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।’ আজ রোববারও যথারীতি বেলা তিনটা থেকে মেলা শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে এবং একই রকম চলবে আগামীকাল সোমবারও। এ দুদিনও অন্যান্য দিনের মতো ক্রেতা-দর্শনার্থীদের সমাগমে মেলা মুখর থাকবে বলে ধারণা বন্ধুসভা সিলেটের সাধারণ সম্পাদক শাহ সিকন্দর শাকিরের।
মেলা শেষ হতে আর এক দিন বাকি। বিদায়ের এ লগ্নে পাঠক-বিক্রেতাদের পাশাপাশি তাই বন্ধুসভার সদস্যদের চোখও ছলছল করে উঠছে। গত বছর তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছিল বন্ধুসভা। প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবার এ আয়োজন সাত দিনে ঠেকেছে। ভবিষ্যতে এ পরিসর আরও বাড়বে বলে এরই মধ্যে বন্ধুসভার বন্ধুরা ঘোষণা দিয়েছেন। পরিশেষে এটাও জানিয়ে রাখা ভালো, কেবল মেলা আয়োজনেই নিজেদের সীমাবদ্ধ করে রাখেনি সিলেট বন্ধুসভা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে তারা প্রকাশ করেছে বাইয়াপি নামের সুন্দর একটি সাহিত্য সংকলন। আগামীকাল সোমবার রাত আটটায় মেলার সমাপনী ক্ষণটিতে আনুষ্ঠানিকভাবে সংকলনটির মোড়ক উন্মোচন করা হবে।