সিলেটি বালুর বদলে ডলুর বালু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় আড়াই কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক নির্মাণে অনিয়ম চলছে। ব্লক নির্মাণে সিলেটি বালু ব্যবহার না করে ডলুর কালো বালু ব্যবহার করায় ঠিকাদারকে ব্লক বানানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের পূর্ব গহিরা গ্রামে শঙ্খের ভাঙনকবলিত এলাকায় আড়াই কোটি টাকা ব্যয়ে ২০ হাজার সিসি ব্লক বানানোর কাজ চলতি বছরের এপ্রিলে শুরু হয়। বিভিন্ন সাইজে এসব ব্লক নির্মাণের কথা। কিন্তু ব্লক বানানোর এ কাজে অনিয়মের অভিযোগ আনেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ব্লক বানানোর কাজে সিলেটি বালু ও ভালো মানের পাথর ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার তা না মেনে ময়লাযুক্ত ডলু খালের কালো বালু ও পাথরের নুড়ি (ডাস্ট) দিয়ে ব্লক নির্মাণ করছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। প্র্রতিবাদ করলেও তাঁরা তা শোনেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সমপ্রতি প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শনে চোখে পড়ে অত্যন্ত নিম্নমানের বালু ও ময়লা মেশানো পাথরের নুড়ি (ডাস্ট) রাখা হয়েছে। যেগুলো দিয়ে ব্লক বানানো হচ্ছিল। স্থানীয় আবদুর রহমান অভিযোগ করে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বারবার বলা হলেও তারা কোনো কথা না শুনে ব্লক বানায়। এসব ব্লক কয় দিন টিকবে তা কে জানে।’ স্থানীয় বাসিন্দারা ঠিকাদারি প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের সহায়তা নিয়ে এসব ব্লক নির্মাণে অনিয়ম করছে বলে অভিযোগও করেন।জানতে চাইলে ব্লক নির্মাণকারী প্রতিষ্ঠানের উপ-ঠিকাদার আবদুল মতলব প্রথম আলোকে বলেন, ‘সিলেটি নয়, ডলুর বালু দিয়েই ব্লক বানানো হচ্ছে। আর তা করা হচ্ছে পাউবো ও আমার ঠিকাদারের নির্দেশে।’ সর্বশেষ পাউবোর কর্মকর্তাদের মৌখিক নির্দেশে কাজ বন্ধ আছে বলেও জানান তিনি। এসব ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, ব্লক নির্মাণে অনিয়ম হয়েছে। ডলুর বালু দিয়েই ব্লক নির্মিত হচ্ছে। তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাউবোর কথামতোই ডলু নদীর বালু ব্যবহার করার কথা তিনি অস্বীকার করে বলেন, ‘আমরা ডলুর বালু ব্যবহার করতে বললে কাজ বন্ধ করে দিতাম না।’ এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আলম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী নুরুল আলমের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আফতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘এ প্রকল্পের কাজ আমরা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’