সিলেটে ‘বিলেতি শিক্ষাদীক্ষা’
‘এই আমাদের স্বপ্নপুরী...’‘কীভাবে?’‘কারণ এখানেই আমাদের টুকরো টুকরো স্বপ্নগুলো বিশাল হয়ে উঠছে। সিলেটে বসেই ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি।’‘যেমন?’‘বাংলাদেশে বসে ব্রিটিশ নিয়মকানুনে পড়ছি, এদের তৈরি করা প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, মজা করছি। দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। এখন চোখ-মুখে একটাই স্বপ্ন। তা হচ্ছে ভালো রেজাল্ট করে বের হওয়া আর কর্মক্ষেত্রে নিজের উন্নতি।’কথা হচ্ছিল নিঘাত আসিয়া চৌধুরীর সঙ্গে। তিনি সিলেটের জিন্দাবাজার এলাকায় অবস্থিত ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইবিআইটি) সেন্টারের ইন্টারন্যাশনাল অ্যাডভান্স ডিপ্লোমা ইন বিজনেস বিভাগে পড়ছেন।তিনি বলেন, ‘ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মে এখানে দেশি-বিদেশি শিক্ষকেরা পাঠদান করে থাকেন। সিলেটে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান দ্বিতীয়টি নেই বললেই চলে। তবে সব পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এনসিসির অধীনে অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে খাতা মূল্যায়ন সবকিছুই ব্রিটিশ কাউন্সিল করে থাকে। তাই সিলেটে বসেই আমরা অতি সহজে ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানের সমতুল্য সার্টিফিকেট পেয়ে যেতে পারছি। এটা অবশ্যই চমত্কার সুযোগ।’খোঁজ নিয়ে দেখা গেছে, এ ‘চমত্কার সুযোগ’ কাজে লাগাতে প্রতিদিন অধিকাংশ শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে ভিড় করছেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়া এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী পাস করে বের হয়ে কর্মক্ষেত্রে ঢুকেছেন। আবার অনেকেই উচ্চ শিক্ষার্থে ক্রেডিট ট্রান্সফার করে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনা করছেন। প্রতিষ্ঠানের কোর্স সমন্বয়কারী জিয়া ইসলাম জানান, এ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার স্টাডিজ, বিজনেস ডিপ্লোমা, সিএটি (চার্টার্ড অ্যাকাউনটেন্ট), এসিসিএ পার্ট-২ সম্পন্ন করতে পারেন শিক্ষার্থীরা। পাশাপাশি আইটি ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত বিভিন্ন ধরনের শর্ট কোর্স করার সুবিধা রয়েছে। সবগুলো কোর্সই ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হয়। ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ইন কম্পিউটার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আখলাকুর রহমান বলেন, ‘অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। অন্যদিকে আমরা বিদেশে পড়াশোনা না করেও সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সবটুকু সুবিধা ভোগ করে পড়াশোনা করছি। এটা তো কম কথা নয়। তা ছাড়া ইচ্ছে করলে তো বিদেশেও যাওয়া সম্ভব। কারণ বাইরের প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা তো রয়েছেই! তবে সেটার আর প্রয়োজন কী? ঘরে বসেই যেখানে ব্রিটিশ নিয়মানুযায়ী পরীক্ষা দিতে পারছি সেখানে বাইরে যাওয়ার প্রয়োজন কি?’প্রায় একই অভিমত জানালেন কম্পিউটার স্টাডিজ বিভাগের শিক্ষক মলয় শর্মা। তিনি জানান, গুণগত মান ঠিক রেখেই এখানে শিক্ষার্থীদের বিশ্বমানের প্রফেশনাল কোর্স বা ডিগ্রি অর্জন করতে পাঠ কার্যক্রম দেওয়া হয়। এখানে পাঠ কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা এনসিসি এডুকেশনের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারে। তাই অনেকটা ঘরে বসেই ব্রিটিশ সার্টিফিকেট লাভ করার সুযোগ শিক্ষার্থীদের সামনে রয়েছে। ফলে দিন দিন শিক্ষার্থীদের এ উপায়ে কোর্স শেষ করার আগ্রহ তৈরি হচ্ছে।