সিলেটের কৃতীদের স্বপ্ন
সবাই ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে বিভোর। চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, বৈমানিক প্রভৃতি পেশার নাম ঘুরেফিরে আসছে। এর মধ্যে একটু ভিন্নতা শোনা গেল একজনের কথায়। ‘সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ার হলে মানুষ গড়ার কারিগর কে হবে?’ এ রকম তীর্যক প্রশ্ন ছুড়ে বৃষ্টি চৌধুরী বললেন, ‘আমি শিক্ষক হতে চাই।’ বৃষ্টি চৌধুরী সিলেট শিক্ষা বোর্ডে মেধাভিত্তিক সেরা কলেজের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। বৃষ্টি বলেন, ‘শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আমি ভর্তি হতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’এইচএসসিতে সারা দেশের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৫৯৭ জন। বোর্ডের সেরা ২০ কলেজের তালিকায় শীর্ষে থাকা সিলেট ক্যাডেট কলেজে ৪১ জন পরীক্ষা দিয়ে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শাবনাজ পারভিনের ভবিষ্যৎ স্বপ্ন ব্যাংকার হওয়া। এ স্বপ্ন থেকে কেউ তাঁকে বিচ্যুত করতে পারবে না—চোখেমুখে এ রকম দৃঢ়তা নিয়ে শাবনাজ বলেন, ‘আমি এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছি। ব্যাংকার হওয়ার ভাবনাটা তখন থেকেই মাথায় আসে।’আর বিজ্ঞানের ছাত্র শাফায়াত আহমদ খান জানালেন, প্রথমত এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে তাঁর একটি স্বপ্ন পূরণ হয়েছে। কারণ, এসএসসিতে তিনি অল্পের জন্য জিপিএ-৫ পাননি। শাফায়াতের প্রথম পছন্দ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্বপ্ন তাঁর একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া।‘স্বপ্ন তো চাইলেই দেখা যায়, স্বপ্নের বাস্তবায়নটা আসলে কঠিন। সাহসও লাগে।’ সিলেট শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পাওয়া প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানখ্যাত সিলেট এমসি কলেজের পংকজ পালের প্রথম কথা হচ্ছে এই। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে গ্রামে যাওয়ার ইচ্ছা তাঁর। সিলেট এমসি কলেজ বোর্ডের তালিকায় চার নম্বরে থাকলেও ১৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় সমাদৃত হচ্ছে অন্যভাবে। সিলেটে ছাত্রছাত্রীর সংখ্যার দিক দিয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান মদনমোহন কলেজ এবার বোর্ডের তালিকায় ১১তম। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন পলাশ পাল। ভবিষ্যতে চিকিৎসক হতে চাওয়া এমসি কলেজের পংকজ পালের সহোদর পলাশ। পিঠাপিঠি বয়সের দুই ভাই ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে কিছু উদ্বেগের কথাও এক সুরে জানালেন। পলাশ বললেন, ‘শিক্ষকতার মূল্যায়ন নেই বলে শিক্ষক হওয়ার দিকে মেধাবীরা আসছে না; আর যারা আসছে, তারা লক্ষ্য বা স্বপ্নপূরণ থেকে ছিটকে পড়ে তবেই আসছে।’ পলাশ বিবিএ পড়ে বিদেশে গিয়ে আরও উচ্চশিক্ষা নেওয়ার কথা জানালেন। তিনি বললেন, ‘যারা দেশে ফেরে না, তারা আসলে দেশকে ভালোবাসে না। আমি দেশকে ভালোবাসি, তাই বড় কিছু হতে পারলে দেশের গৌরব।’বোর্ডের তালিকায় ১০ নম্বরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসহোমের মোমিনুল ইসলাম জানালেন তাঁর স্বপ্ন-কথা ‘ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই, না পারলে দেশকে ভালোবেসে সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা।’ বললেন মোমিনুল। ভবিষ্যৎ স্বপ্নে কেন এমন দ্বৈরথ? প্রশ্ন শুনে মোমিনুলের চিত্তাকর্ষক জবাব, ‘এই যে আমি প্রকৌশলী হতে চাই, এ চাওয়ার মধ্যে তো আর হওয়া যাবে না। স্বপ্ন বাস্তবায়নে নানা রকম টানাপোড়েন থাকে। কোনো কারণে যদি বুয়েটে ভর্তি হতে না পারি, তাহলে সেনাবাহিনীতেই চলে যাব। দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পারাটা একটা বড় কাজ।’ মোমিনুল জানান, তাঁর এ দুই ইচ্ছাতেই পরিবারের সম্মতি রয়েছে।