সিলেটের গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার কোনো ব্যাট-বল বা আলাদা মাঠ ছিল না। সহপাঠীদের সঙ্গে এক টুকরো কাঠ ও টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের ছাত্র রিন্টু। তিনিই আজ বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হয়ে এবারের বিশ্বকাপে খেলবেন। রিন্টু নামের এ ক্রিকেটারকে কেউ না চিনলেও নাজমুল হোসেন বললেই সবাই চিনবে। ক্রিকেটার নাজমুল হোসেনের বেড়ে ওঠার গল্প এখানেই শেষ নয়। বাবা মোক্তার হোসেন ছিলেন ভালো ফুটবলার। তিনি জাতীয় দলের হয়েও খেলেছেন। যে কারণে বাবা চাইতেন, ছেলে যেন তাঁর চেয়ে ভালো ফুটবলার হয়। এ চেষ্টায় গ্রামের বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ফুটবল খেলতেন বালক নাজমুল হোসেন। তাঁর এ বাড়াবাড়ি গ্রামের বড়দের সহ্য হতো না। অভিযোগ ছিল, সবার ছোট হয়ে বড়দের সঙ্গে খেলবে কেন। তবে, বাবা এ বিষয়ে প্রশ্রয় দিতেন। ছেলে যেন বড়দের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকে। জাতীয় দলের খেলোয়াড় নাজমুল হোসেনের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর গ্রামে। ১৯৮৭ সালের ৫ অক্টোবর। হবিগঞ্জ জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে নাজমুলদের গ্রাম নুরপুর। তাঁর বাড়ি থেকে ঢাকা-সিলেট মহাসড়কের দূরত্ব মাত্র ৪০ গজ। পল্লিগ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটেই নয় বছরের একটি বালককে জিজ্ঞাসা করতে সহজেই হাত তুলে নাজমুলদের বাড়ি দেখিয়ে দিল। গা ঘেঁষাঘেঁষি করে তৈরি বেশ কয়েকটি ঘর (হাটিবাড়ি) পার হয়ে নাজমুলদের বাড়ির দেখা মেলে। নতুন পাকা ঘর দেখে বোঝা গেল, বাড়ির বয়স বেশি নয়। বাড়িতে ঢুকতেই নাজমুলের ভাই ঝন্টু এগিয়ে আসেন, নাজমুল যে ঘরে থাকেন সেখানে নিয়ে যান। নাজমুলের কক্ষে গিয়ে দেখা গেল, দেয়ালের চারপাশে ছোট বড় অসংখ্য ছবি সাঁটানো ও বাঁধাই করা। রয়েছে বিভিন্ন সময়ে নাজমুলকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকার সব সংবাদ বা প্রতিবেদনগুলোর কাটিং দেয়াল পত্রিকার আদলে সাজানো। একই কক্ষে নাজমুলের ক্রীড়াজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও জাতীয় পুরস্কারগুলো সারি সারি রাখা হয়েছে। পাশাপাশি নাজমুলের বাবার ফুটবল খেলোয়াড় জীবনের কিছু ছবিও আছে। একটু পর এলেন নাজমুলের বাবা মোক্তার হোসেন। তিনি একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। সার্জেন্ট হিসেবে অবসর নেন। ছেলের ক্রীড়াঙ্গনের স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেক দুঃখ-কষ্টের কথা বের হয়ে আসে। নাজমুল পঞ্চম শ্রেণীতে পড়াশোনাকালে গ্রামের মাঠে সবার সঙ্গে ফুটবল খেলতেন। ছেলেবেলা থেকেই ছিলেন মেধাবী। নাজমুল অর্থাৎ গ্রামের ছেলে রিন্টু প্রথম দিকে ফুটবলকে বেছে নেয় বাবার প্রতি আকৃষ্ট হয়ে। যখন পঞ্চম শ্রেণীর পড়াশোনা শেষ করে শায়েস্তাগঞ্জ হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ঠিক তখনই পরিবর্তনটা আসে। নাজমুল স্কুলে গিয়ে দেখেন, ছেলেরা মাঠে কাঠের বা লাকড়ির টুকরোকে ব্যাট এবং টেনিস বলকে ক্রিকেট বল বানিয়ে খেলছে। দেখে শিশু নাজমুলেরও আগ্রহ তৈরি হয় ক্রিকেট খেলার প্রতি। একদিন নাজমুলের মা আনোয়ারা বেগম একটি সংবাদপত্রে দেখতে পান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে কিছুসংখ্যক শিক্ষার্থী নেওয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি তাঁর স্বামীকে বলেন তাঁর ইচ্ছের কথা। তিনি চান, ছেলেকে যেকোনো মূল্যে এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন। ১৯৯৮ সালের কথা। বাবা ছেলেকে নিয়ে যান বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য। সে সময় পাঁচ হাজার শিক্ষার্থীর সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশ নেন নাজমুল। ব্যাটিং, ফিল্ডিং ও বোলিং পরীক্ষা শেষে বিকেএসপি কর্তৃপক্ষ নাজমুলকে বিদায় দেয়। বলে দেয়, প্রতিযোগিতায় টিকলে বাড়িতে চিঠি যাবে। এ চিঠির অপেক্ষায় দুই মাস চলে গেল। মোক্তার হোসেন ও আনোয়ারা বেগম ধরেই নিয়েছেন ছেলে হয়তো বিকেএসপিতে সুযোগ পায়নি। ছেলেকে এলাকার স্কুলে পুনরায় সপ্তম শ্রেণীতে ভর্তি করেন। হঠাৎ একদিন চিঠি আসে বিকেএসপি থেকে। ছেলেকে নিয়ে মা-বাবা গেলেন ঢাকায়। গন্তব্য বিকেএসপি। ওই দিন ঢাকায় ছিল হরতাল। হবিগঞ্জ থেকে ঢাকায় গিয়ে ছেলেকে নিয়ে বিপাকে পড়েন হরতালের মধ্যে। বিকেএসপিতে যাবেন কীভাবে? সাহস নিয়ে সায়েদাবাদ থেকে বিকেএসপিতে হেঁটেই রওনা হন এ দম্পতি ছেলে নাজমুলকে নিয়ে। বেশ কষ্ট করে, রিকসা কখনো ট্যাক্সি, আবার হেঁটে—এভাবে কোনো রকমে পৌঁছান বিকেএসপিতে।বিকেএসপিতে গিয়ে জানতে পারেন, আড়াই হাজার থেকে মাত্র ৭০ জনকে বাছাই করা হয়েছে ভর্তির জন্য। তাদের মধ্যে নাজমুলও একজন। পরে ৭০ জন থেকে ১৭ জন করা হয় ক্রিকেটর জন্য। তাদের মধ্যে একমাত্র বোলার নাজমুল। নাজমুলদের পরিবারের আর্থিক সংগতিও তেমন বেশি ছিল না। মোক্তার হোসেন জানান, একদিন ছেলে বায়না ধরে জুতো কিনবে। তার এক সহপাঠী অস্ট্রেলিয়া থেকে জুতো কিনেছে। সেই জুতো তার পছন্দ। যখন বাবা জানলেন, ওই জুতোর দাম নয় হাজার টাকা। তার পরও কষ্ট করে ছেলের আবদার রাখার জন্য নয় হাজার টাকা দিয়ে সেই জুতো কিনে দেন। মোক্তার হোসেন আরও জানান, তাঁর আর্থিক অবস্থা তেমন ভালো না থাকলেও সন্তানকে তা কখনো বুঝতে দেননি তিনি। ছেলে যখন যা চেয়েছে তা-ই পূরণ করেছেন সাধ্যমতো।২০০৩ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুযোগ পায় নাজমুল। চলে যায় ইংল্যান্ডে। সেখানে দুটি চার দিনের ম্যাচ খেলার পর নাজমুলের ডাক পড়ে জাতীয় দলে। সে ২০০৪ সালে জাতীয় দলের অন্তর্ভুক্ত হয়। এভাবে আর পেছনে ফিরতে হয়নি নাজমুলকে।নাজমুলের বাবা মোক্তার হোসেন বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। আমার ছেলে জাতীয় দলের ১৫ জনের মধ্যে স্থান পেয়েছে—এটা আমার পরিবারে জন্য র্গব, হবিগঞ্জবাসীসহ পুরো সিলেটবাসী আনন্দিত।’ নাজমুল হোসেনজন্মস্থানহবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নূরপুর গ্রামজন্ম৫ অক্টোবর, ১৯৮৭মাআনোয়ারা বেগমবাবা মোক্তর হোসেনব্যাটিংডানহাতি ব্যাটসম্যানবোলিংডানহাতি মিডিয়াম ফাস্ট