সিলেবাসের বাইরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ক্লাস-পরীক্ষার তাড়া, পড়িমরি করে সিলেবাস শেষ করা—এই তো বিশ্ববিদ্যালয় জীবন। সবকিছুই ছকে বাঁধা। কিন্তু এর বাইরেও তো বিশাল জগৎ। জ্ঞানের খোলা জানালায় পাঠ্যবইয়ের পাশাপাশি কত কী রয়েছে! এসবই তা আনন্দময় করে তোলে ক্যাম্পাসের দিনগুলো। হ্যাঁ সিলেবাসের বাইরের কথাই বলছিলাম। এই চর্চা চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) ভালোই চলছে। পাঠ্যবইয়ের পাশাপাশি নানা বিষয় নিয়ে নাড়াচাড়া এখানকার শিক্ষার্থীদের। তাতে কৃতিত্বের স্বাক্ষরও রাখছেন তাঁরা। জিতে নিচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার। সাম্প্রতিক সময়ে জাতীয়-আন্তর্জাতিক তিনটি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন সিআইইউর শিক্ষার্থীরা।
গত ২৩ এপ্রিল ঢাকার আইইউবি মিলনায়তনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই পর্বে সারা দেশ থেকে বাছাই করা ২০০ জন প্রতিযোগী মহাকাশে নভোচারীদের নিরাপত্তা, আবহাওয়া, তথ্য ইত্যাদি সম্পর্কিত আইডিয়া, অ্যাপস, গেমের মাধ্যমে নানা সমাধান উপস্থাপন করেন। এর মধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় ছয়টি দল। এই ছয়টি দলই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সিআইইউ দলের প্রকল্পের নাম ছিল ‘প্রজেক্ট জেইড’। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাবিল, কাকন, জয়রাম ও সাদমান চট্টগ্রাম অঞ্চল থেকে সদ্য সমাপ্ত নাসা স্পেস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে ‘আর্থ’ ক্যাটাগরি থেকে বিজয় লাভ করেন।
এর আগে ২২ মার্চ ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ (বিবিএফ) আয়োজিত ইয়ুথ ফেস্টে চট্টগ্রাম রাউন্ডেও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের দুই শিক্ষার্থী মো. জেসাদ আলম ও মেহেরাব শাহরিয়ার ‘এন্ট্রাপ্রেনিউরশিপ আইডিয়া’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগী ছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
এদিকে গত ৩০ এপ্রিল রয়েল সিমেন্ট দৃষ্টি বিজনেস আইডিয়া কনটেস্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের তিন শিক্ষার্থী রুতবা ইরতেজা, বৃন্ত দাশ ও সিদরাতুল মুনতাহা। এতে চট্টগ্রামের ১২টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধ্যাপক এম আইয়ুব ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের টেকসই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। লোক দেখানো কার্যক্রম সামায়িক সাফল্য আনলেও দীর্ঘ মেয়াদে তা টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষÿ শিক্ষার্থীদের মেধা বিকাশে সব ধরনের কার্যক্রম চালু রেখেছে।