সিসিটিভি ক্যামেরার আরও কিছু ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে কাজে লাগানো যায়নি; ধরা যাক এবার যাবে। যে ধরনের উপকারেই আসুক না কেন, বরাবরের মতোই রস+আলো এই বিশালসংখ্যক সিসিটিভি ক্যামেরার কিছু ব্যতিক্রমী ব্যবহার আগে থেকেই ভেবে রেখেছে। লিখেছেন আসফিদুল হক

খবর: ঢাকার জনগণকে নিরাপত্তা দিতে গত ১০ বছরে পুলিশের নেওয়া তিন প্রকল্পের ১০০ কোটি টাকা পানিতে গেছে। এবার নেওয়া হচ্ছে ৭ হাজার কোটি টাকার বিশাল প্রকল্প। এর আওতায় রাজধানীর বিভিন্ন সড়কে বসানো হবে ১৬ হাজার সিসিটিভি ক্যামেরা। অথচ আগের একটি প্রকল্পের ১৫৫টি ক্যামেরা কোনো কাজেই লাগানো হয়নি। (সূত্র: প্রথম আলো, ১৬ নভেম্বর ২০১৭)

চলচ্চিত্র নির্মাণে
চলচ্চিত্র নির্মাণে


চলচ্চিত্র নির্মাণে

যাঁরা সব সময়ই নিজেকে একটু ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাতা হিসেবে দাবি করেন (মোটামুটি সবাই), তাঁদের জন্য এই ১৬ হাজার সিসিটিভি ক্যামেরা খুলে দেবে নতুন দিগন্ত। সিসিটিভি ক্যামেরার কয়েক দিনের ফুটেজ নিয়েই নির্মাতারা একটা আস্ত চলচ্চিত্র বানিয়ে ফেলতে পারেন, যা হবে ভবিষ্যতের জন্য একটা আদর্শ চলচ্চিত্রের উদাহরণ। কারণ, এই চলচ্চিত্রে কোনো গল্প দেখানো হবে না, গল্প দর্শকদের বুঝে নিতে হবে। পাশাপাশি সব চরিত্রে অভিনয়শিল্পীদের অভিনয় হবে একদম প্রাকৃতিক। এবং ক্যামেরার কাজও হবে গতানুগতিক ধারার বাইরে। ফলে সিসিটিভির বিভিন্ন ফুটেজ দিয়ে তৈরি হয়ে যাবে অসাধারণ একটা চলচ্চিত্র। আর কে না জানে, দুর্বোধ্য সব চলচ্চিত্রই অস্কার-টস্কার পেয়ে বসে। তাই এই প্রকল্প বাস্তবায়ন করা হলে আমাদের দেশের নির্মাতারা একটু নড়েচড়ে বসতেই পারেন।

নতুন টিভি চ্যানেল তৈরিতে
নতুন টিভি চ্যানেল তৈরিতে


নতুন টিভি চ্যানেল তৈরিতে

বারান্দায় বা খোলা জানালার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় মানুষের চলাফেরা দেখা আমাদের অনেকেরই প্রিয় একটি অভ্যাস। এই অভ্যাস কাজে লাগিয়ে আমাদের দেশে গড়ে উঠতে পারে এক নতুন টিভি চ্যানেল। তাদের কাজ হবে সারা দিন শহরের বিভিন্ন রাস্তার লাইভ ফুটেজ সম্প্রচার করা। এ ক্ষেত্রে নতুন এই প্রকল্প তাদের জন্য হতে পারে আশীর্বাদস্বরূপ। যেহেতু এ ধরনের টিভি চ্যানেল পৃথিবীর আর কোথাও নেই, সুতরাং আশা করে যায়, এটি সবার মধ্যেই দারুণ সাড়া ফেলবে।

মশা-মাছির শুমারিতে
মশা-মাছির শুমারিতে


মশা-মাছির শুমারিতে

মাছি যেমন-তেমন, মশা হচ্ছে আমাদের ‘জ্বলন্ত’ জীবনের বাস্তব উদাহরণ। কদিন পরপর মশাগুলো নিত্যনতুন রোগবালাই নিয়ে হাজির হয় আমাদের মধ্যে। সেই রোগবালাই যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তখন আমরা সবাই মিলে আমাদের সিটি করপোরেশন আর মেয়রদের দোষ দিই। তাঁরা নাকি মশা নিধনে আন্তরিক নন। সিটি করপোরেশনগুলো অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে, কিন্তু আমরা তাদের কথায় কর্ণপাত করি না। তবে নতুন এই প্রকল্প কিন্তু সিটি করপোরেশনগুলোর জন্য হতে পারে কার্যকর হাতিয়ার। তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গুনতে পারবে কোন শহরে কতগুলো মশা-মাছি আছে, মানে আদমশুমারির মতো মশা-মাছিশুমারি। শুমারি শেষ হলে মশা–মাছি নিধনে তারা চালাতে পারে বিশেষ অভিযান। অভিযান শেষ হওয়ার পর আরেকবার শুমারি করলেই বোঝা যাবে মশা-মাছি কমেছে কি না। এভাবে শুমারির মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করলে সিটি করপোরেশনগুলোর প্রতি হারানো আস্থা আবার ফিরে আসবে।

সিনেম্যাটিক জীবন গঠনে
সিনেম্যাটিক জীবন গঠনে


সিনেম্যাটিক জীবন গঠনে

ইতালীয় চলচ্চিত্র নির্মাতা সার্জিও লিওন বলেছিলেন, ‘চলচ্চিত্র হলো জীবন, তেমনি জীবনটাই হলো চলচ্চিত্র।’ এ ধরনের দার্শনিক উক্তি প্রায়ই বিভিন্ন উচ্চমার্গীয় চলচ্চিত্রবোদ্ধা, বিশেষজ্ঞ বা সমালোচকেরা বলেন। তবে এসব কথা সাধারণ মানুষের মাথার তিন ইঞ্চি ওপর দিয়ে চলে যায়। তারা বুঝতে পারে না, সবার জীবন কীভাবে চলচ্চিত্র হয়! বিশেষ করে ক্যামেরার কোনো ফ্রেমিং ছাড়াই! তবে রাস্তায় রাস্তায় ১৬ হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর প্রকল্প বাস্তবায়িত হলে চলচ্চিত্র বোদ্ধাদের কথাই কিন্তু সত্যি হবে। তখন প্রতিদিনই আপনার চলাফেরা কোনো না কোনো ক্যামেরায় রেকর্ড হয়ে থাকবে। আপনার জীবন হয়ে উঠবে ফ্রেমবন্দী। আপনিও হয়ে উঠবেন ‘জীবন’ নামক একটি মহান চলচ্চিত্রের অংশ। সুতরাং আর কোনো কাজে আসুক বা না আসুক, অন্তত আমজনতার জীবন ‘সিনেম্যাটিক’ করে তুলতে নতুন এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।