সিসিমপুরে স্বপ্নপূরণ
খুদে নির্মাতা স্বপ্নময় চোখে প্রস্তুত। শ্রীমঙ্গল মণিপুরি এলাকায় মণিপুরিদের ঐতিহ্যবাহী খাম্বা থৈবি নৃত্যের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করা হবে। নৃত্যে অংশ নেবে খাম্বা ও খাম্বি। খাম্বা ছেলে ও খাম্বি মেয়ে। পরিচালক ডায়না বারবার বুঝিয়ে দিচ্ছে, কীভাবে পুরো কাজটা হবে। ক্যামেরা ঠিকঠাক আছে কি না দেখে নিচ্ছে। ফ্রেমের মধ্যে যাতে অন্য কেউ ঢূকে যায়, সেদিকটা লক্ষ রাখছে পরিচালকের সহযোগীরা। লাইট ক্যামেরা তৈরি। ফাইভ ফোর থ্রি টু অ্যাকশন...। শুরু হয় শুটিং। ক্যামেরা চলতে থাকে। নানা অ্যাঙ্গেল থেকে খাম্বা থৈবি নৃত্যটি ফ্রেমে বন্দী হয়। মাস্টার শট, ক্লোজ শট, মিডক্লোজ শট, দর্শকদের উচ্ছ্বাস, ইনসার্ট আর পয়েন্ট অফ ভিউ শট। সব নেওয়া শেষ। এখন শুধু এডিটিং, ডাবিং, এরপর প্রচার করা।একরাশ স্বপ্ন নিয়ে একঝাঁক স্কুলপড়ুয়া কিশোর-কিশোরী নেমেছে গ্রামীণ তথ্যচিত্র নির্মাণ করতে। এদের সঙ্গে পরিচয় হয় বিটিভির জনপ্রিয় শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান ১২৩ সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান নয়নতারা কমিউনিকেশনসে গিয়ে। ১২৩ সিসিমপুর অনুষ্ঠানটি স্টুডিও ফিল্ম, লাইভ অ্যাকশন ফিল্ম (তথ্যচিত্র) এবং অ্যানিমেশন ফিল্ম—এই তিনটি ধারায় গ্রন্থনা করা হয়। লাইভ অ্যাকশন ফিল্মের একটি বড় অংশ নির্মাণ করে রুর্যাল লাইভ অ্যাকশন টিম (গ্রামীণ তথ্যচিত্র), যা মূলত গ্রামীণ জনপদের একঝাঁক স্বপ্নচারী স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীকে নিয়ে গঠন করা হয়েছে। এসব খুদে নির্মাতার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। ছয় বছর ধরে ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এবং সেসামি ওয়ার্কশপের তত্ত্বাবধানে বাংলাদেশের নয়নতারা কমিউনিকেশন তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য অনুষ্ঠানটি নির্মাণ করে আসছে।সিসিমপুরের গ্রামীণ তথ্যচিত্র নির্মাতারা নিজেরাই গল্প তৈরি করে। সেসামি ওয়ার্কশপ ও নয়নতারা কমিউনিকেশন পরিচর্যা করে মাত্র। দুই থেকে তিন মিনিট দীর্ঘ এই তথ্যচিত্রগুলোর চিত্রনাট্য, নির্দেশনা ও চিত্রধারণ ওরা নিজেরাই করে।খুদে নির্মাতা দশম শ্রেণীর ছাত্রী শাকিলা জানান, নাটোরের লালপুর ও বনপাড়া থানার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সিসিমপুর থেকে লাইভ অ্যাকশন ফিল্ম বিভাগ লিখিত পরীক্ষার মাধ্যমে আমাদের ছয়জনকে নির্বাচন করে প্রশিক্ষণ দেয়। প্রথমেই আমাদের ১২৩ সিসিমপুর সম্পর্কে, সিসিমপুরের প্রধান চরিত্র হালুম, টুকটুকি, শিকু, ইকরি সম্পর্কে জানানো হয়। তারপর ফিল্ম, ক্যামেরা ইত্যাদি সম্পর্কে নয় দিনের প্রশিক্ষণে সহজভাবে বিভিন্ন ধাপে ধাপে ক্যামেরার যাবতীয় বিষয়, শুটিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। অপূর্ব বলল, ‘একটি প্রাথমিক ধারণাকে কীভাবে পূর্ণতা দেওয়া যায়, এটা আমরা প্রশিক্ষণে শিখেছি। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই, শিশুদের সঙ্গে মিশি, ওদের কাজগুলো দেখি। আমরা আরও ছোটবেলায় যেসব খেলা খেলতাম, সেসব থেকেও গল্প খুঁজে পাই।’ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বন্ধুরাও একইভাবে সিসিমপুরের কাজের সঙ্গে যুক্ত হয়।প্রতিটি তথ্যচিত্রই নির্মাণ করা হয়েছে তিন থেকে ছয় বছরের শিশুর অবস্থান থেকে এবং তাদের মাথায় রেখে। এই বয়সে শুটিং করতে গিয়ে অনেক মজার ঘটনার সম্মুখীন হয় তারা। একবার শাকিলা ক্যামেরার লেন্স ক্যাপটা না খুলেই রোল দিয়ে দিয়েছে। মনিটরে আর কিছু দেখা যায় না। ভয়ে অস্থির, ক্যামেরাটা বুঝি নষ্ট হয়ে গেছে। এখন মনে পড়লে হাসি পায়। পিংকি ও অপূর্ব বলল, আগে ভাবতাম, দুই মিনিটের কাহিনি শুটিং করতে দুই মিনিটই লাগে। শুটিংয়ে এত সময় লাগে জানতাম না। শুটিং করার পর যে এডিটিং করতে হয় সেটাই জানতাম না। এখন নয়নতারায় এসে এডিটিং প্যানেলে বসি।’নয়নতারার প্রকল্পপ্রধান সারা যাকের জানান, সিসিমপুরে প্রথম বছর লাইভ অ্যাকশন ফিল্ম তৈরি করতে গিয়েই সেসামি স্ট্রিটের নির্বাহী প্রধান গ্রামীণ জনপদের অল্প বয়সী ছেলেমেয়েদের দিয়ে কাজ করার ব্যাপারে উদ্যোগী হন। যেহেতু তারা গ্রামে থাকে এবং অল্প দিনেই শিশুকাল ছেড়ে এসেছে, তাই তাদের চোখে দেখা গ্রামীণ জীবন সম্পর্কে ধারণা অত্যন্ত সূক্ষ্ম। আমরা বাছাইয়ের সময় ওদের সৃজনশীলতাকে প্রাধান্য দিই। ওদের প্রশিক্ষণ দেওয়ার ফলে ওরা প্রযুক্তিগত বিষয়গুলো রপ্ত করতে পারে। আমরা ওদের বিচিত্র ধরনের কাজগুলো দেখে আশাবাদী। ১২৩ সিসিমপুর প্রচার ছাড়াও ওদের কিছু কাজ বাছাই করে সেসামি স্ট্রিটের মাধ্যমে দেশে ও দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও পাঠানো হয়। ১২৩ সিসিমপুর প্রোগ্রামটি কাজের স্বীকৃতিস্বরূপ অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।নয়নতারার নির্বাহী প্রযোজক রতন পাল জানান, গ্রামের শিশু-কিশোরেরা তাদের চারপাশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের জীবনধারা, ঐতিহ্য, কৃষ্টি ও অভিজ্ঞতাগুলো থেকে গল্প তৈরি করে। ফলে অত্যন্ত জীবনঘনিষ্ঠ বিষয়গুলো ওদের গল্পে উঠে আসে।’নয়নতারা কমিউনিকেশনের লাইভ অ্যাকশন প্রডিউসার জগদীশ এস জানান, নির্বাচনী পরীক্ষার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই টিম গঠন করা হয়। তারপর তাদের ফিল্ম, ফিল্ম মেকিং ও ক্যামেরা সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক ধারণা দেওয়া হয়। তারপর তারা গল্প তৈরি করে। এরা টেকনিক্যাল বিষয়গুলোও ভালো বোঝে। আমি মনে করি, খুদে নির্মাতাদের মধ্য থেকেই ভবিষ্যতে বড় মাপের নির্মাতা বেরিয়ে আসবে।গত ছয় বছরে বরিশাল সদর ও বানারীপাড়া, দিনাজপুরের সেতাবগঞ্জ, সুনামগঞ্জ, রাঙামাটি, টাঙ্গাইল, কুষ্টিয়া, নাটোরের বনপাড়া, দুর্গাপুর, শ্রীমঙ্গল এলাকার ৬১ জন গ্রামীণ তথ্যচিত্র নির্মাতা ১৩৩টি তথ্যচিত্র নির্মাণ করেছে। এ বছর ৪০টি ফিল্ম তৈরি প্রায় শেষ পর্যায়ে। বেশির ভাগ এডিটিং শেষ হয়েছে।