সিসির ভবিষ্যৎ কী?

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি ৯২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কোনো কোনো নির্বাচনী এলাকায় তিনি ৯৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন। এতে ধরে নেওয়া স্বাভাবিক যে মিসরের ভোটাররা একচেটিয়াভাবে সিসির সমর্থক। কিন্তু ভোট পড়েছে কত?
সারা দেশে মাত্র ৪৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০১২ সালের জুনে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৫২ শতাংশ। এতে ব্রাদারহুড-সমর্থিত মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে জনরোষে পড়েন তিনি। পরিণামে সেনা-অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।
২৬ ও ২৭ মে অনুষ্ঠিত দুদিনের ভোট গ্রহণকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি এত কম ছিল যে ভোট নেওয়ার সময় আরও এক দিন বাড়ানো হয়। কিন্তু ২৮ মে ভোট নেওয়ার পরও ভোটারদের উপস্থিতি বাড়েনি। ভোটারদের ভোটকেন্দ্রে টানতে সরকারের তরফ থেকে কায়দা-কৌশলের কমতি ছিল না। দুদিনের ছুটি ঘোষণাসহ বিভিন্ন লোভনীয় টোপ দেওয়া হয়েছে। শেষে কঠোর অবস্থান নিয়ে নির্বাচন কমিশন বলেছে, যেসব ভোটার ভোট দিতে যাবেন না, জরিমানা করা হবে তাঁদের। এতেও ভোটারদের আশানুরূপ সাড়া মেলেনি। কাজেই সিসি ৯০ শতাংশের বেশি ভোট পেলেও তাঁর সমর্থন ওই ৪৬ শতাংশ ভোটারের গণ্ডির মধ্যে আবদ্ধ।
নির্বাচনে জেতার পথ সিসি অনেক আগেই পরিষ্কার করে নিয়েছিলেন। ক্ষমতা থেকে ছিটকে যাওয়া মুসলিম ব্রাদারহুড ছিল তাঁর একমাত্র শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ। তারা যাতে কোনোমতেই মাথা তুলে দাঁড়াতে না পারে, সে ব্যবস্থা তিনি পাকা করেছেন। গত এক বছরে ব্রাদারহুডের অন্তত এক হাজার ৪০০ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ব্রাদারহুডের ১৬ হাজার নেতা-কর্মী ও সমর্থক কারাবন্দী। বিচার বিভাগ ব্রাদারহুডের প্রায় হাজার নেতা-কর্মীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
এভাবে ব্রাদারহুডকে পঙ্গু করে দিয়ে নির্বাচনে আসেন সিসি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বামপন্থী হামদিন সাবাহি। মধ্যপ্রাচ্যে বামপন্থী দল বা নেতার এমনিতেই কদর নেই, তার ওপর সাবাহির জোরালো কোনো রাজনৈতিক পটভূমি নেই। তা ছাড়া প্রচারের ঢাকঢোল আর ক্ষমতার প্রভাবে সিসি এমন অবস্থানে পৌঁছেছিলেন, তাঁর জয় ছিল নিশ্চিত।
সে যা-ই হোক, সিসি এখন মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট। দেশটির দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু তাঁকে নিয়ে বিশ্লেষকেরা কী বলছেন?
লন্ডনভিত্তিক আইএইচএসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক আন্না বয়েডের মতে, সিসি বিপুল ভোটে জিতলেও ভোট তো পড়েছে কম। এটা সিসির নেতৃত্বাধীন প্রশাসনকে দুর্বল করে তুলবে। কঠিন সিদ্ধান্ত নেওয়া ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে এই দুর্বলতা বাধা হয়ে দাঁড়াবে।
আন্না বয়েড বলেন, ভোটের সার্বিক পরিস্থিতি বিচার করলে ব্যাপক জনসমর্থন আসলে পাননি সিসি। কাজেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বেলায় একচেটিয়াভাবে প্রভাব খাটাতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে।
সিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখা। মিসরের সামরিক খাতে বড় ধরনের অর্থসহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সিসি ক্ষমতায় এলেও সেনাশাসকের গন্ধ আছে তাঁর গায়ে। এমন শাসককে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা দুনিয়া কতটা আমল দেবে, তা দেখার বিষয়।
মিসরীয় রাজনৈতিক বিশ্লেষক হিশাস কাশেম অবশ্য দাবি করেছেন, সিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো হবে। আর ভালো যদি না-ই হয়, সে ক্ষেত্রে চীন আর রাশিয়ার সঙ্গে সখ্য গড়ে তোলার বিকল্প পছন্দ তো আছেই৷
শরিফুল ইসলাম ভূঁইয়া