উপরিউক্ত শিরোনামটির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। লুঙ্গি কোটি কোটি বাংলাদেশি পুরুষের অঙ্গের ভূষণ। এদিকে সিয়েরা লিওনের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটির নামও লুঙ্গি। ২০০০ সালে সিয়েরা লিওনে প্রেরিত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সহগামী হিসেবে কিছু সাংবাদিক গিয়েছিলেন সেই দেশে। তাঁরা লক্ষ করেছিলেন যে সিয়েরা লিওনে তাঁদের পাসপোর্টে গমন এবং প্রত্যাগমনের সময় যথাক্রমে ‘লুঙ্গি ইনি’ এবং ‘লুঙ্গি আউট’ সিলমোহরটি ব্যবহার করা হয়েছিল। ‘লুঙ্গি’ এবং ‘বাংলাদেশির’ এই কাল্পনিক সমার্থকতা সেই সফরে তাঁদের মধ্যে হাস্যরসের রসদ জুগিয়েছিল। গত ১১ জানুয়ারি, ২০১০ সালে আমার সিয়েরা লিওন যাওয়ার প্রাক্কালে ঘটনাটি আমার কাছে ব্যক্ত করেছিলেন অনুজ প্রতিম মিডিয়া ব্যক্তিত্ব জ ই মামুন। ১২ জানুয়ারি, ২০১০ সালে লুঙ্গি বিমানবন্দরে শার্ট-প্যান্ট পরিহিত অবস্থায় অবতরণ করেও জ ই মামুনের কথাটি মনে আসছিল। আমার এবারকার ‘লুঙ্গি ইন’ আর ‘লুঙ্গি আউটের’ মধ্যে সময় ছিল পাঁচ দিন। নিবন্ধটি সেই দেশে আমার প্রথম এই সংক্ষিপ্ত সফরের অভিজ্ঞতা বর্ণনারই প্রচেষ্টা।ব্র্যাকের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে ছিল আমার এই সফর। ২০০৮ সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে হাসান আবেদের উদ্যোগে, ব্র্যাক পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধ-বিধ্বস্ত দুটি দেশ, সিয়েরা লিওন আর লাইবেরিয়ার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দুই দেশে ব্র্যাকের কর্মকাণ্ড পরিলক্ষণ করাই ছিল আমার সফরের মুখ্য উদ্দেশ্য। আমার সহগামী ছিলেন ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক, অক্লান্ত উন্নয়নকর্মী আমিনুল আলম, যিনি এবং যাঁর সহকর্মীরা ইতিমধ্যেই সেই দেশে পুরোদমে ব্র্যাকের কর্মকাণ্ডের সূচনা করতে পেরেছেন। ব্র্যাকের এই কর্মকাণ্ডের অর্থায়ন করছে তাঁর আফ্রিকা কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে সংগৃহীত তহবিল, যা উত্তোলনের লক্ষ্যে ব্র্যাক ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অফিস খুলেছে। এদিকে ব্র্যাকের আফ্রিকার কর্মকাণ্ডকে বাংলাদেশের আদলে, প্রধানত আত্মনির্ভরশীল করার পরিকল্পনাও রয়েছে। বহির্বিশ্বে ব্র্যাকের কর্মকাণ্ড হলো পাশ্চাত্যের অর্থায়ন এবং উন্নয়নের ক্ষেত্রে সংস্থাটির বাংলাদেশে আহরিত প্রায় চার দশকের অভিজ্ঞতার ভিত্তিতে, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি ফলপ্রসূ সমন্বয়।ঢাকা থেকে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের লুঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রাপথ সুদীর্ঘ। পূর্ব থেকে পশ্চিমে, উপমহাদেশ আর সৌদি আরবের সুবিশাল ভূখণ্ডের বুক চিরে অবতরণ করতে হলো পূর্ব আফ্রিকার ব্যস্ততম বিমানবন্দর নাইরোবিতে। কেনিয়ান এয়ারলাইনসের একটি বিশাল বহর রয়েছে এবং প্রতিটি বিমানেই লেখা রয়েছে ‘প্রাইড অব আফ্রিকা’ বা ‘আফ্রিকার গৌরব’ কথাটি। নাইরোবি আফ্রিকার বিমান যোগাযোগের একটি কেন্দ্রস্থল এবং কেনিয়ান এয়ারলাইনসের নিয়মানুবর্তিতা, দক্ষতা ও সেবামান গৌরবেরই দাবিদার। সেই বিমানে, আবার সুবিস্তৃত আফ্রিকা মহাদেশের অপর প্রান্তে আটলান্টিক মহাসাগরের পাড়ে অবস্থিত ক্ষুদ্র ‘লুঙ্গি’ বিমানবন্দরে, ঘানার আক্রা ছুঁয়ে, যেতে লেগে যায় আরও সাড়ে আট ঘণ্টা। কিন্তু তাই বলে সেখানেই যাত্রা শেষ নয়। লুঙ্গি থেকে সিয়েরা লিওনের মূল ভূখণ্ড রাজধানী ফ্রি টাউনে যেতে হলে আটলান্টিক মহাসাগর সৃষ্ট একটি লেগুন বা উপহ্রদ পেরুতে হয়—হেলিকপ্টার, স্পিডবোট অথবা বাংলাদেশে কয়েক বছর আগে পর্যন্ত বহুল ব্যবহূত শক্তিশালী ফেরিবোটে। আপাতদৃষ্টিতে নড়বড়ে ও ঝরঝরে হেলিকপ্টারে চড়ার মনোবল ছিল না এবং স্পিডবোটের ঝাঁকানি আমার দুর্বল হূদযন্ত্রটি সইতে পারবে কি না তা ছিল অনিশ্চিত। অগত্যা ফেরিবোটই ভরসা।আমার ভাগ্য সুপ্রসন্ন। কয়েক মাস আগেই লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি এক জোড়া শীতাতপ-নিয়ন্ত্রিত ফেরিবোট উপহার দিয়েছেন সিয়েরা লিওনকে। তারই একটাতে আমরা আমাদের শকটসমেত লেগুন পেরুলাম প্রায় ৪৫ মিনিটে। ছিমছাম পরিষ্কার ফেরিবোট। কোনো ফেরিওয়ালা নেই ফেরিবোটে। বিকিকিনি সব ডাঙায়, জলে নয়। ডাঙায় ফেরিওয়ালাদের কাছ থেকে স্মোকড মাছ, ঝলসানো মাংস, মিষ্টি আলু খেতে ইচ্ছে হয়, কিন্তু সাহস হয় না। দোতলার ফেরিবোটের ছাদে স্বতঃস্ফূর্তভাবেই নৃত্যেগানে যাত্রীদের বিনোদন চলছে। এত দারিদ্র্যের মধ্যেও মানুষের মুখে হাসি, জীবনকে উপভোগ করার অসাধারণ ক্ষমতা। ছন্দময় আফ্রিকা।ফেরিবোট থেকেই নজরে আসে রাজধানী ফ্রি টাউনের গিরিশ্রেণী। মধ্যযুগে পর্তুগিজরা দেশটির নাম দিয়েছিল সিয়েরা লিওন—সিংহ গিরি। নামটি টিকে গেছে। অথচ বিগত শতাব্দীর শেষভাগে কী দুর্দিনই গেছে, প্রায় ৭২ হাজার বর্গকিলোমিটার আর ষাট লাখ মানুষের, ভূগর্ভস্থ খনিজ সম্পদে সমৃদ্ধ এই হীরক খনির দেশটির। গত শতাব্দীর ষাটের দশক পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন ছিল দেশটি। শিক্ষাদীক্ষায় এগিয়ে ছিল সিয়েরা লিওন। ১৮২৭ সালে প্রতিষ্ঠিত ফোরাবে কলেজ—আফ্রিকার প্রাচীনতম উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান—বর্তমানে তা আবার একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়। রাজধানী ফ্রি টাউনের ছেলেদের হাইস্কুল, সিয়েরা লিওন গ্রামার স্কুল আর মেয়েদের অ্যানি ওয়ালশ মেমোরিয়াল স্কুলের সুনাম ছিল আফ্রিকাজুড়ে। আবার ক্লাসগুলো জমে উঠছে—কিন্তু গৃহযুদ্ধে হারিয়ে গেছে অন্তত দুটি প্রজন্ম। দুর্ভাগা সিয়েরা লিওন।দেশটির গৃহযুদ্ধের প্রেক্ষাপট জটিল, বর্ণনা দুরূহ। ভূগর্ভস্থিত সম্পদ, রাজনৈতিক সীমানা উপেক্ষা করে উপজাতীয়দের অন্তর্দ্বন্দ্ব, শাসকদের অর্থ আর ক্ষমতার লোভ-লালসা, নীতিহীন রাজনীতি, সীমাহীন দুর্নীতি, সামরিক বাহিনীর উচ্চাভিলাষ ও অপরিমাণদর্শিতা—দেশটিতে ছিল অস্থিতিশীলতার সমুদয় উপাদানের বেদনাদায়ক সমন্বয়। অনিশ্চয়তা ছিল সিয়েরা লিওনবাসীর নিত্যদিনের সঙ্গী।সাম্প্রতিক ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা অপ্রাসঙ্গিক হবে না। ১৯৭০ সালে একদলীয় শাসনে নির্বাচিত সিয়েরা লিওনের প্রেসিডেন্ট সায়েকা স্টিভেন্স যখন ১৯৮৫ সালে ৮০ বছর বয়সে অবসর নিলেন তখন রক্ষণশীল হিসেবেও, তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৫০০ মিলিয়ন ডলার! স্টিভেন্সের মনোনীত উত্তরসূরি ছিলেন তাঁর বিশ্বস্ত সেনাধ্যক্ষ জোসেফ মোমো। তাঁর আমলে সরকারের দুর্নীতি, অদক্ষতা ও লুটতরাজের কারণে সরকারি কোষাগার হলো শূন্য। সরকারের কোষাগারে কর্মচারীদের মাইনে দেওয়ার পয়সা ছিল না। অনেকেই সরকারি আসবাবপত্র এবং টাইপরাইটারসমেত অফিস সরঞ্জাম বিক্রি করে জীবিকা নির্বাহ করলেন। ১৯৯২ সালে ২৭ বছর বয়স্ক ক্যাপ্টেন ভ্যালেনটাইন স্ট্রেসার ক্ষমতা দখল করলেন। আবার এদিকে প্রতিবেশী লাইবেরিয়ার চার্লস টেইলারের সহায়তায় সিয়েরা লিওন সেনাবাহিনীর করপোরেল ফোডে সানকো ক্ষমতা দখলের সংগ্রামে অবতীর্ণ হলেন। সেই সময় থেকে অপ্রাপ্তবয়স্ক সেনাদের ব্যবহার এবং পৈশাচিক নারী নির্যাতন চরমে পৌঁছাল। আট থেকে ১৪ বছরের ছেলেরা পেটের দায়ে মানুষ হত্যায় লিপ্ত হলো—দেশের নারীদের হতে হলো বিদ্রোহীদের শয্যাসঙ্গিনী। নিষ্ঠুর, নির্মম, পৈশাচিকতা হলো রণকৌশলেরই অঙ্গ। এদিকে ভ্যালেনটাইন স্ট্রেসার হীরা উত্তোলনে বিশেষ সুবিধা প্রদান করে একটি দক্ষিণ আফ্রিকার বেসরকারি নিরাপত্তা কোম্পানির হাতে প্রতিরক্ষার ভার ছেড়ে দিলেন। ১৯৯৬ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করলেন তাঁরই সহযোগী জেনারেল বিও। অবশেষে দাতা সংস্থা এবং সুশীল সমাজের চাপে তিনি নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য হলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আহমদ তেজান কাব্বা। কিন্তু পরের বছরই আবার সামরিক অভ্যুত্থান—নাটকীয়ভাবে জেল ভেঙে বেরিয়ে এসে ক্ষমতা দখল করলেন মেজর পল করোমা। বহির্বিশ্ব আর নীরব দর্শক হয়ে থাকতে পারল না। আঞ্চলিক নিরাপত্তার খাতিরেই, নাইজেরিয়ার নেতৃত্বে এগিয়ে এল পশ্চিম আফ্রিকার রাষ্ট্রপুঞ্জের মনিটরিং গ্রুপ। তখন সারা দেশে যুদ্ধে লিপ্ত ছিল সানকোর সমর্থক আরইউএফ (রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্ট) এবং মেজর পল করোমার নেতৃত্বে এএফআরসি (আর্মড ফোর্সেস রেভল্যুশনারি কাউন্সিল)। দেশের বিভিন্ন স্থানে, এমনকি রাজধানী ফ্রি টাউনে ক্ষমতার হাতবদল হলো বহুবার। কিন্তু ব্রিটেনের সহায়তায় নাইজেরিয়ার নেতৃত্বে ইকোমগ সেনারা ১৯৯৮-এর মার্চ মাসে নির্বাচিত প্রেসিডেন্ট কাব্বাকে পুনর্নিয়োগ করতে সক্ষম হলো। কিন্তু বিদ্রোহীরা তখনো শেষ হয়ে যায়নি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরও যুদ্ধ চলল, এক অবস্থায় বিদ্রোহীরা ৫০০ শান্তিরক্ষী বাহিনীকে জিম্মি করে নিতে সক্ষম হলো। কিন্তু ২০০০ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ ১১ হাজার সেনা পাঠাল, পরে তা উন্নীত হলো ১৩ হাজারে। বিদ্রোহীরা অবশেষে ছত্রভঙ্গ হতে বাধ্য হলো।সেই সময়ে অর্থাত্ ২০০০ সালে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওনে পদার্পণ করল। তারপর ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দফায় দফায় প্রায় ১২ হাজার বাংলাদেশি সেনা সিয়েরা লিওনে কর্তব্য পালন করেছেন। আমার জানামতে তাদের মধ্যে কর্তব্যরত অবস্থায় নানা কারণে প্রাণ দিয়েছেন প্রায় ২০ জন সেনা সদস্য। তাঁরা দেশের জন্য যে সুনাম অর্জন করেছেন, তা সিয়েরা লিওনে না গিয়ে বোঝার উপায় নেই। তাঁরা নিজের খাবার রেশন সিয়েরা লিওনের অভুক্ত মানুষের মধ্যে বিলিয়েছে, তাদের রক্ষণশীল, শৃঙ্খলাপরায়ণ জীবনযাত্রায় সিয়েরা লিওনের নির্যাতিত নারীদের দিয়েছে মা-বোনের সম্মান; সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে করেছে সিয়েরা লিওনবাসীর বিনোদন; নির্মাণ বা মেরামত করেছে অনেক মসজিদ আর স্কুল। আর তার মধ্যে করেছে ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষীর দায়িত্ব, যাতে বিবদমান সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরের ওপর চড়াও হতে না পারে। বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওন ছেড়েছে ২০০৫ সালে। কিন্তু এখনো সে দেশের মানুষের মুখে মুখে রয়েছে তাদের সুনাম। প্রেসিডেন্ট কাব্বা ২০০৪ সালে একটি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ এসেছিলেন। তার সঙ্গে অন্যান্য অনেকের মধ্যে এসেছিলেন ফ্রি টাউনের ইংরেজি দৈনিক আয়োকো পত্রিকার সম্পাদক কেলভিন লুইস। অফিসে তাঁর সঙ্গে সাক্ষাত্ করি। তিনি বাংলাদেশের সব সহায়তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করলেন।গৃহযুদ্ধ সিয়েরা লিওনের কৃষি ও শিল্প অবকাঠামো ভেঙে দিয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা করেছে তছনছ, কর্মসংস্থানের সম্ভাবনা করেছে সীমিত। বিদ্যুত্ সরবরাহ রাজধানী ফ্রি টাউনে ফিরে আসছে ধীরে ধীরে, কিন্তু গ্রামাঞ্চলে, দুই-একটি ব্যতিক্রম ছাড়া বিদ্যুত্ সরবরাহ নেই বললেই চলে। যাতায়াতব্যবস্থার উন্নতি হচ্ছে বটে, তবে তার জন্য সময়ের প্রয়োজন। সিয়েরা লিওনে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলেই মনে হলো। নাইজেরিয়া থেকে আমারই সঙ্গে ফ্রি টাউনে এলেন তিনটি মুঠাফোন কোম্পানির প্রতিনিধিরা। তাঁদের সবাই সিয়েরা লিওনের আইনশৃঙ্খলার উন্নতির কথা বললেন, যা বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হচ্ছে। সিয়েরা লিওনে ধর্মকে উদারভাবে গ্রহণ করার প্রবণতাটি লক্ষণীয়। খ্রিষ্টান এবং মুসলমানদের পরিসংখ্যান আমার জানা নেই, তবে দুই ধর্মেরই মতাবলম্বীর সংখ্যা বিস্তর। আহমদিয়া মতাবলম্বী অনেকেই আছেন সেই দেশে এবং দেশব্যাপী রয়েছে অনেক মসজিদ। খ্রিষ্টান এবং মুসলমানদের মধ্যে বিয়ে সেখানে বহুল প্রচলিত, তবে আনুষ্ঠানিকভাবে পরিণয়সূত্রে আবদ্ধ না হয়ে একসঙ্গে বসবাসকারী (লিভ টুগেদার) দম্পতিও প্রচুর। কিন্তু সেই দেশের সমাজে ধর্মের চেয়ে বেশি প্রভাব বোধকরি উপজাতীয় আনুগত্যের। সিয়েরা লিওনে বারোটি উপজাতির মধ্যে প্রধান দুটি হলো মেনডে আর টেমনে, যারা সম্মিলিতভাবে জনসংখ্যার প্রায় শতকরা ৫৬ ভাগ।সিয়েরা লিওনে ব্র্যাক ইতিমধ্যেই দুটি প্রদেশের চারটি জেলায় প্রায় ৮০ হাজার মানুষের মধ্যে তার ক্ষুদ্রঋণ প্রোগ্রাম চালু করেছে। এতে ইতিমধ্যেই ১১২ জন সিয়েরা লিওনের মহিলা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অনেকই কলেজের ডিগ্রিধারী। সিয়েরা লিওনে মাথাপিছু ক্ষুদ্রঋণের হার গড়পড়তা প্রায় দেড়শ মার্কিন ডলার। তা ছাড়া ব্র্যাক ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগে অর্থায়নও করে থাকে। ব্র্যাকের প্রথা মোতাবেক ব্র্যাক সদস্যদের নিয়মিত ‘গ্রুপ মিটিং’ হয়। সেখানে উপস্থিত সদস্যরা জাতি-ধর্ম নির্বিশেষে সভার শুরুতে সূরা ফাতেহা পাঠ করেন, পাঠ করেন ইংরেজি প্রার্থনা।সিয়েরা লিওনে ব্র্যাক বিশেষ নজর দিচ্ছে স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন খাত সম্প্রসারণের ওপর, নজর দিচ্ছে ধান এবং ভুট্টার বীজের মান উন্নয়নের ক্ষেত্রে। বীজ উন্নয়নের প্রশিক্ষণের জন্য ব্র্যাক প্রায় ৯০ একর জমি লিজ নিচ্ছে। উত্সাহ প্রদান করছে মুরগির খামার এবং পশুপালনের ক্ষেত্রে। ব্র্যাক নিজেদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই সব ক্ষেত্রেই যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলছে একটি স্থানীয় জনগোষ্ঠী।১৫ জানুয়ারি ২০১০ সালে ফ্রি টাউনে রাষ্ট্রপতির নয়নাভিরাম বাসভবনে আমাদের সাক্ষাত্কার হলো সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমার সঙ্গে। সাক্ষাত্কারে তাঁর সঙ্গে ছিলেন সেই দেশের অর্থ এবং উন্নয়ন উপমন্ত্রী ডা. রিচার্ড কন্টে। আমার সঙ্গে ছিলেন ব্র্যাক আন্তর্জাতিক নির্বাহী পরিচালক আমিনুল আলম, সিয়েরা লিওনে ক্ষুদ্রঋণ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম এবং সেই দেশে উন্নয়ন কর্মকাণ্ডের ম্যানেজার তপন কুমার দাস। রাষ্ট্রপতি করোমা অত্যন্ত আন্তরিকতায় আমাদের সাক্ষাত্কার দিলেন। ব্র্যাকের কর্মকাণ্ড সম্বন্ধে তিনি অবগত আছেন এবং বললেন যে গত দুই বছরের মধ্যেই ব্র্যাক যথেষ্ট ইতিবাচক অবদান রেখেছে। তাঁর দেশে দারিদ্র্য দূরীকরণে ব্র্যাক সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি কৃষিক্ষেত্রে সিয়েরা লিওনে আমাদের উদ্যোগের প্রশংসা করলেন এবং টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তাতে আগ্রহ প্রকাশ করলেন। ‘ব্র্যাক ঠিকপথেই কাজ করে যাচ্ছে’ বলে আমাদের উত্সাহ দিলেন রাষ্ট্রপতি করোমা। আমাদের কর্মকাণ্ডে সিয়েরা লিওন সরকার সর্বপ্রকার সাহায্য জোগাবে বলেও জানালেন রাষ্ট্রপতি করোমা এবং কথা দিলেন যে অদূর ভবিষ্যতে তিনি গ্রামাঞ্চলে আমাদের কর্মকাণ্ড পরিদর্শন করবেন। প্রেসিডেন্টের অফিস থেকে বেরিয়ে দেখা পেলাম সেই দেশের তত্পর মহিলা পররাষ্ট্রমন্ত্রী জায়নাব হাওয়া বানগারার সঙ্গে। তিনি বললেন যে তাঁর কাছে খবর রয়েছে যে সিয়েরা লিওনে বাংলাদেশ সত্বরই একটি দূতাবাস স্থাপন করবে।সিয়েরা লিওনের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ফোরাবে কলেজে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসরের সঙ্গে সাক্ষাত্ হলো। ভদ্রমহিলা বিলেতেই উচ্চশিক্ষা লাভ করেছেন। দেখা হলো সেই বিভাগের অনেক ছাত্রছাত্রীর সঙ্গে। তাঁদের সবাই বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা সম্বন্ধে অবহিত আছেন এবং কেউ কেউ ব্র্যাকের কর্মকাণ্ডের কথা শুনেছেন। তাঁদের অনেকেরই দেখলাম আগ্রহ রয়েছে ব্র্যাকের কর্মকাণ্ড এবং ব্র্যাকে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনার ওপর। সিয়েরা লিওনের ব্র্যাক সদর দপ্তরের ঠিকানা অনেকেই লিখে রাখল। একজন ছাত্রীর কথা মনে থাকবে। সে বলল, বাংলাদেশকে সে ভালোবাসে, কারণ সে যখন হাইস্কুলের ছাত্রী ছিল, তার পরিচয় এবং অন্তরঙ্গতা হয়েছিল, বাংলাদেশ শান্তিবাহিনীতে কর্মরত একজন তরুণ সামরিক অফিসারের সঙ্গে। ‘আজ বেশ কয়েক বছর হলো তার সঙ্গে আমার কোনো যোগাযোগই হয়নি’, অশ্রুসজল চোখে বলল মেয়েটি। এই লেখাটি যদি শান্তিরক্ষী বাহিনীর সেদিনকার তরুণ সেই কর্মকর্তার চোখে পড়ে, তা হলে কি মেয়েটির দীর্ঘশ্বাস ‘বসন্তের বাতাসটুকুর মতো’ তাঁকে ছুঁয়ে যাবে? সত্য যে গল্পের চেয়েও বিস্ময়কর।আমার সিয়েরা লিওন অবস্থানের একটি হূদয়স্পর্শী অভিজ্ঞতা ছিল ব্র্যাকের একটি শাখা অফিসে গৃহযুদ্ধের পৈশাচিকতায় আটজন নিগৃহীতা রমণীর সঙ্গে আমার সাক্ষাত্কার। গৃহযুদ্ধে তাঁরা তাঁদের পারিবারিক জীবন আর মানসম্ভ্রম সবই খুইয়েছেন। কিন্তু আবার তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন, সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে। ব্র্যাকের ক্ষুদ্রঋণের জন্য তাঁরা কৃতজ্ঞ। মেরি বোকাবি, নেম্মে কাব্বা, ইয়াত্তা ময় ফোবে, ফাতেমতা কাটি, টেনে কোন্টে, হেনরিয়েটা কোকার, ফাতেমাত্রা মানসেবে, সানামাতা কামারা আর পেছনে ফিরে তাকাতে চান না, তাঁদের মধ্যে কেউ কেউ সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন, যাঁদের পিতৃপরিচয় তাঁরা নিজেও অবগত নন। কিন্তু তাঁদের চোখে যে আশার আলো দেখেছি, দেখেছি সংকল্পের যে দৃঢ়তা, তা ব্র্যাককে আগামী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। এঁরা সবাই ছিলেন গ্রামাঞ্চলের বাসিন্দা। কিন্তু গৃহযুদ্ধের তাড়নায় তাঁরা আশ্রয় নিয়েছিলেন রাজধানী ফ্রি টাউনের আপেক্ষিক নিরাপত্তায়। সিয়েরা লিওনের ৬০ লাখ মানুষের প্রায় অর্ধেকেরই বাস এখন রাজধানী ফ্রি টাউনে। শহরের অবকাঠামো আর যাতায়াতব্যবস্থার ওপর তা সৃষ্টি করেছে অসহনীয় চাপ। এঁদের অনেককেই গ্রামে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে হবে, গ্রামাঞ্চলে করতে হবে কর্মসংস্থান। সিয়েরা লিওনে তা-ই ব্র্যাকের একটি প্রধান লক্ষ্য।লুঙ্গি ইন আর লুঙ্গি আউটের মধ্যে পাঁচটি কর্মব্যস্ত দিন সিয়েরা লিওনে কাটিয়ে এলাম। কর্মক্লান্ত দিনের শেষে ফিরে আসতাম আটলান্টিকের পাড়ের আমার ছোট ছিমছাম ‘তাইয়া’ হোটেলটিতে। চোখ পড়ত অসীম আটলান্টিকের ওপর। ভোরে কাজে যাওয়ার সময় সাগর রইত ধূসরবসনা। অপরাহ্নে আমার কাজ শেষে নীলাম্বরী পরিহিতা আটলান্টিক। তারপর রাতের অন্ধকারে সাগর ডুবে যায়। তখন শুনি শুধু আছড়ে পড়া ঢেউয়ের অবিশ্রান্ত সংগীতের মূর্ছনা। হোটেল থেকে কাকউড়া পথে প্রায় চার হাজার মাইল দূরে হাইতি। ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি। গত হেমন্তে ফজলে হাসান আবেদ আমিনুল আলমসহ হাইতি সফর করেছিলেন। পশ্চিম গোলার্ধের দরিদ্রতম সেই দেশটিতে ব্র্যাকের কর্মকাণ্ড শুরু করার একটি পরিকল্পনা ছিল। ভবিষ্যতে সেই কর্মকাণ্ড বর্তমান পরিকল্পনার তুলনায় হয়তোবা ব্যাপকতরই করতে হবে।