সীতাকুণ্ড উপকূলীয় বনাঞ্চলের তিন হাজার বন্য প্রাণী অরক্ষিত
সীতাকুণ্ড উপকূলীয় বনাঞ্চলের প্রায় তিন হাজার বন্য প্রাণী অরক্ষিত অবস্থায় আছে। শুষ্ক মৌসুমে বনে দেখা দেয় মিঠাপানি ও খাদ্যসংকট। বর্ষায় ঝড়, জলোচ্ছ্বাস ও অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় বন। খাবারের সন্ধানে ও বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে প্রায়ই বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। এতে গ্রামবাসী ও শিকারিদের খপ্পরে পড়ে মারা পড়ছে অনেক বন্য প্রাণী।অনুসন্ধানে দেখা গেছে, বন্য প্রাণীর জন্য সীতাকুণ্ড উপকূলীয় বনে নেই কোনো মিঠাপানির ব্যবস্থা। অস্বাভাবিক জোয়ারে বাঁচার জন্য নেই উঁচু টিলা। বন ও বন্য প্রাণী রক্ষায় বনপ্রহরী আছে হাতে গোনা কয়েকজন। ফলে সীতাকুণ্ডের বনাঞ্চলে বন্য প্রাণী একরকম অরক্ষিত পড়ে আছে। বন বিভাগের দেওয়া তথ্যমতে, উপজেলার বগাচতর, পূর্ব সৈয়দপুর, বশরতনগর, গুলিয়াখালী, শেখেরহাট, ভাটেরখীল, বোয়ালিয়াকুল, বাঁকখালী, আলেকদিয়া, নডারিয়া এলাকায় ৩০ কিলোমিটারজুড়ে প্রায় দুই হাজার ৩৯১ একর বনাঞ্চল আছে। আর এখানে প্রায় তিন হাজার বন্য প্রাণী বাস করে। কেওড়া, বাইন, ঝাউসহ বিভিন্ন জাতের উদ্ভিদ পরিবেষ্টিত এ বনে হরিণ, বানর, বন্য মহিষ, গরু, বনবিড়াল, বনমোরগ, সাপ, শিয়াল বসবাস করে। বনে প্রায় ৭০০ হরিণ আছে বলে জানিয়েছে বন বিভাগ।সরেজমিনে দেখা গেছে, বনের প্রায় এক কিলোমিটার দূরে বেড়িবাঁধ। তার পাশেই গড়ে উঠেছে জনবসতি। কিন্তু বন ও বন্য প্রাণী পাহারা দেওয়ার মতো প্রহরীর সংখ্যা অপ্রতুল, যে কারণে শিকারিরা অনায়াসে এসব বন্য প্রাণী শিকার করে নিয়ে যায়। গত বছরের ডিসেম্বরে বাড়বকুণ্ড নডারিয়া উপকূলীয় বন থেকে চারটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় লোকজন ধাওয়া করলে হরিণগুলো মারাত্মক আহত হয়। এ ঘটনায় দুটি হরিণ মারা যায় এবং অপর দুটি হরিণ বন বিভাগের লোকজন উদ্ধার করে পুনরায় বনে ছেড়ে দেয় বলে জানা গেছে।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই বনাঞ্চলের ওপর দিয়ে জোয়ারের পানি বেড়িবাঁধ পর্যন্ত আসে। বর্ষা মৌসুমে জোয়ারের পানি সাত-আট ফুট উঁচু হয়ে বিপৎসীমা অতিক্রম করে। অমাবস্যা-পূর্ণিমায় পানির উচ্চতা আরও বেড়ে যায়। এ সময় বন্য প্রাণী লোকালয়ে চলে আসে নিরাপদ আশ্রয়ের খোঁজে।বনের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হরিণ শিকারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। উপকূলীয় গ্রাম বাঁকখালীর নুরুল ইসলাম (৩৫) ও মোতালেব (৪২) জানান, ‘এক শ্রেণীর জেলে হরিণ ধরে ট্রলারের মধ্যে জবাই করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দেন।’বন বিভাগ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে উপকূলীয় বনাঞ্চলে তিনটি ইউনিট রয়েছে। সেখানে ২৫ জন বনপ্রহরীর দরকার হলেও আছেন মাত্র চারজন। বনে কোনো ক্যাম্প নেই। ফলে পাহারা দেওয়ার জন্য কেউ থাকেন না। উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার ইসলাম বলেন, ‘মিঠা পানি ও খাদ্যের সংকট হওয়ায় বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। তাই শিকারিদের হাতে পড়ে। এ ছাড়া বন্য প্রাণী ও বন রক্ষার জন্য যত বনপ্রহরী ও অস্ত্র দরকার, তা আমাদের নেই।’