সীতাকুণ্ড ও লোহাগাড়ায় দুর্গাপূজার আয়োজন
সীতাকুণ্ডে ৪৮টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা হবে। এর মধ্যে আছে পৌর সদরে সাতটি, সৈয়দপুর ইউনিয়নে চারটি, বারৈয়াঢালায় পাঁচটি, মুরাদপুরে চারটি, বাড়বকুণ্ডে পাঁচটি, বাঁশবাড়িয়ায় দুটি, কুমিরায় সাতটি, সোনাইছড়িতে চারটি, ভাটিয়ারীতে ছয়টি এবং সলিমপুরে চারটি মণ্ডপ। প্রতিটি পূজামণ্ডপকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা সীতাকুণ্ডের ২২টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মণ্ডপগুলোর কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংসদ সদস্য এ বি এম আবুল কাশেম, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ, পূজা পরিষদের সভাপতি রণজিৎ সাহা, সম্পাদক দুলাল দে, অমরেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। চন্দ্রনাথ মহাতীর্থের প্রধান পূজারী দীপক চক্রবর্তী জানান, প্রতিটি পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ এ ব্যাপারে সমন্বয় করছে। পরিষদের সভাপতি রণজিৎ সাহা জানান, সীতাকুণ্ডে প্রতিমা তৈরিসহ সব মিলিয়ে পূজামণ্ডপগুলোর খরচ এবার ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, এবার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ থাকবে। থাকবে র্যাবের ভ্রাম্যমাণ টহলদলও। লোহাগাড়া: লোহাগাড়ায় এ বছর ৭৯টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের এক সভা ৪ অক্টোবর উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক স্বপন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাসদাশ সাগর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল কাদের, সুনীল চৌধুরী, সুচিন্ত্য পাল, অমল দাশ, নারায়ণ দাশ, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ। সভায় শারদীয়া দুর্গোৎসব সফলভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। বক্তারা সন্ধ্যায় পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানান।