সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে স্বাধীনতা স্মৃতি ট্রাস্টের স্মরণসভা
‘একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় সৈন্যরা বাংলাদেশের ৩০ লাখ শহীদের অন্তর্ভুক্ত হয়ে এ দেশের মাটিতে মিশে আছেন। মিত্র বাহিনীর কর্মকর্তা ও জওয়ানরাও বাংলাদেশের স্বাধীনতার বেদিমূলে আত্মোৎসর্গের মাধ্যমে বাঙালি জাতির চিরকৃতজ্ঞতাভাজন ও সম্মানের অধিকারী হয়ে আছেন। ’মুক্তিযুদ্ধে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ভারতীয় সৈন্যদের আত্মোৎসর্গের ঘটনা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ১৫ ডিসেম্বর সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে স্বাধীনতা ট্রাস্টের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টি সচিব নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ এ বি এম আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. এখলাস উদ্দিন, দ্য ডেইলি স্টার চট্টগ্রামের ব্যুরো চিফ রইসুল হক বাহার, সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলিমউল্লাহ ও প্রদীপ ভট্টাচার্য্য। বক্তব্য দেন কিরণলাল আচার্য্য, কালাম চৌধুরী, দেবাশীষ ভট্টাচার্য্য, মেজবাহ উদ্দিন চৌধুরী, জামশেদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।