সীতাকুণ্ড পৌর এলাকায় ছড়া খাল ও নালা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন ছড়া, নালা ও খাল বেদখল হয়ে গেছে। এতে বৃষ্টির পানিসহ স্থানীয়ভাবে ব্যবহূত পানিপ্রবাহের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, জলাবদ্ধতা এবং কয়েক বছর ধরে বন্যা পরিস্থিতির কারণে এলাকায় প্রচুর ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষতি হয়েছে। এবারের বর্ষায়ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পৌরবাসী। পৌরসভার প্রধান প্রকৌশলী নুরুনবী বলেন, ‘পৌর এলাকার পানিপ্রবাহের ছড়া, নালা ও খালগুলো বেদখল হওয়ায় সেগুলো পানি ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। এসব দখলদারদের উচ্ছেদ করা প্রয়োজন। তবে বর্তমানে পৌর আইন মেনে স্থাপনা নির্মাণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ পৌরসভার মেয়র সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখলদারদের বিজ্ঞপ্তি দিয়ে ফল পাওয়া যায় না। এবার বর্ষা মৌসুমে যেখানে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হবে সেখানে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।’ পৌর এলাকার আমিরাবাদ, ইদিলপুর, দক্ষিণ মহাদেবপুর, শিবপুর, সোবহানবাগ ও চৌধুরীপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ছড়া ও খালের বড় অংশ প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে দখল করে নানা ধরনের স্থাপনা নির্মাণ করেছেন। এতে সংশ্লিষ্ট এলাকার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, আমিরাবাদ এলাকায় সেতু ও খালের কিছু অংশ দখল করে আমিরুজ্জামান নামের এক ব্যক্তি সীমানাপ্রাচীর ও বসতবাড়ি নির্মাণ করেছেন। দাশপাড়া এলাকার পাহাড়ি ঢলের পানি নামার একমাত্র খালটির অর্ধেক অংশ ভরাট করে নির্মাণ করা হয়েছে ভূঁইয়া টাওয়ার। একইভাবে চৌধুরীপাড়ার আবদুস সালাম, জহুরুল আলম, সিদ্দিক আহমদ, মোতালেব হোসেনসহ অনেকে জায়গা কিনে বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে পাশের ছড়া-নালার অংশবিশেষ দখল করে নিয়েছেন। পৌর এলাকায় জমির দাম বেড়ে যাওয়ায় অনেকে বাড়িঘর নির্মাণের সময় পানি চলাচলের পথ পর্যন্ত রাখেননি। খাল দখলের অভিযোগ অস্বীকার করে আমিরুজ্জামান বলেন, ‘আমার জায়গার কিছু অংশ ভেঙে খালের মধ্যে চলে গিয়েছিল। পৌরসভার জরিপকারী এসে আমার ভূমি পরিমাপ করে দেওয়ার পরই দেয়াল নির্মাণ করা হয়েছে।’ ভূঁইয়া টাওয়ারের মালিক নূরুন্নবী ভূঁইয়া বলেন, ‘আসলে আমার কেনা জায়গা খালের ভেতর ভেঙে পড়েছিল। সেই জায়গা পুনরায় দখলে নিয়ে ঘর করেছি আমি।’ আবদুস সালাম ও জহুরুল আলম জানান, ২০০৪ সালের দিকে ঘর নির্মাণ করার সময় তাঁরা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন। তবে তখন এখনকার মতো নকশা অনুমোদনের বিষয়টি কড়াকড়ি ছিল না। তাই ঘর তৈরিতে কিছুটা অপরিকল্পনার ছাপ থেকে গেছে।স্থানীয় অভিজ্ঞ লোকজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর এলাকায় নবনির্মিত বাইপাস (বিকল্প) সড়কে অপরিকল্পিত দুটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রায় আধা কিলোমিটার সড়কটিতে এর আগে পানি নামার জন্য পাঁচটি কালভার্ট ছিল। নতুন কালভার্টগুলো আগেরগুলোর চেয়ে সরু। এ ছাড়া খালের সঙ্গে কালভার্ট দুটির সমন্বয় না থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পৌরসদরের সব গ্রাম তিন বছর ধরে সামান্য বৃষ্টিতে প্লাবিত হচ্ছে।চৌধুরীপাড়ার আবুল কালাম ও ফিরোজ আহমেদ জানান, ‘ছড়া, নালা ও খাল দখলমুক্ত না হলে পানির গতিপথ সংকুচিত হয়ে এবারও পৌর এলাকা পাহাড়ি ঢলে তলিয়ে যাবে।’ পৌর এলাকার ব্যবসায়ী দিলীপ দাশ বলেন, ‘দাশপাড়ায় বন্যা হয়েছে—এটা অনেকে বিশ্বাস করতে চান না। অথচ গত বছর দুবার পানি উঠেছে এ পাড়ায়। ঘরবাড়ির প্রচুর ক্ষতি হয়েছে।’পৌরসভার কাউন্সিলর জহিরুল আলম ও রফিকুল ইসলাম বলেন, ‘ছড়া-নালাগুলো দখলমুক্ত করা জরুরি। নয়তো প্রতি বছরই বন্যা-জলাবদ্ধতা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ বলেন, গত কয়েক বছর বন্যায় পৌর সদরের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। অবৈধ দখল এবং পর্যাপ্ত খাল খনন না করায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।