সীতাকুণ্ড পৌর বাজারের উন্নয়ন নেই ১২ বছর
১২ বছর ধরে সংস্কার নেই সীতাকুণ্ড পৌর সদর বাজারের। ছাউনি, নালা-নর্দমা, শৌচাগার ও বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না হওয়ায় ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া, সময়মতো ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে দূষিত হয়ে উঠছে এলাকার পরিবেশ। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, পৌর কর্তৃপক্ষ প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও বাজারের সংস্কারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে হাট বসে প্রতি মঙ্গল ও শুক্রবার। এ বাজারের ওপর নির্ভরশীল পৌর এলাকাসহ পাশের মুরাদপুর, সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নের ৫০ হাজারের বেশি মানুষ।সরেজমিনে দেখা যায়, পুরো বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য মাত্র একটি শৌচাগার রয়েছে। বাজারের পশ্চিম পাশে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা শোচৗগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। মাংস বিক্রি হয় খোলা আকাশের নিচে। কাঁচাবাজারের বেশির ভাগ অংশজুড়ে গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত দোকান। নালা ও রাস্তার ওপরেই বসছে কাঁচাবাজার। পয়োনিষ্কাশনের নালাগুলো পুরোপুরি বন্ধ। মাছের বাজারও বসছে খোলা জায়গায়, নোংরা পরিবেশে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। সামান্য বৃষ্টিতে পুরো বাজারে পানি থই থই করে। ব্যবসায়ীরা জানান, নালাগুলো অপরিষ্কার থাকায় পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। দেখা যায়, বাজারে ঢোকার নির্দিষ্ট কোনো ফটক নেই। বিভিন্ন গলি দিয়ে বাজারে ঢুকতে হয়। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন সকালে মাছের আড়তদারেরা গলিগুলো দখল করে মাছ কেনা-বেচা করায় ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। ক্রেতা এমদাদুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে সারা বছরই কাদা থাকে। পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় দোকানের পানি জমে এ কাদা তৈরি হয়। অপরিকল্পিতভাবে পশুর হাট, শাকসবজির হাটসহ দোকানপাট বসার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাজারের ব্যবসায়ীরা জানান, এবার বাজারটি ৩২ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। এভাবে প্রতিবছর পাওয়া ইজারার টাকায় বাজারের উন্নয়নে কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। ব্যবসায়ীরা দিনে দুটাকা করে জমিয়ে তা থেকে মালি ও দারোয়ানের বেতন পরিশোধ করেন। তরকারি বিক্রেতা জহিরুল ইসলাম বলেন,‘একজন ক্রেতা দাঁড়ালে আরেকজনের জায়গা হয় না। পুরো বাজারে বিশুদ্ধ পানীয়জলের কোনো ব্যবস্থা নেই। দুটি নলকূপ থাকলেও সেগুলো অকেজো। অপরিকল্পিতভাবে পয়োনিষ্কাশনের জন্য নালা-নর্দমা নির্মাণ করায় সেগুলো আবর্জনায় পূর্ণ থাকে। এসব আবর্জনা থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। নালার মশা-মাছি খাবারের দোকানে রোগজীবাণু ছড়াচ্ছে। কাঁচাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জহুরুল আলম বলেন, ‘বাজারে প্রায় ছয় শতাধিক দোকান রয়েছে। পৌর কর্তৃপক্ষ বাজারটির উন্নয়নের জন্য কিছুই করছে না। ব্যবসায়ীদের টাকা দিয়ে যতটুকু সম্ভব বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’ বাজারের উন্নয়ন প্রসঙ্গে ইজারাদার দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ‘ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য আমাদের উদ্যোগে সামান্য উন্নয়নকাজ হয়েছে। এর বাইরে গত ১০ বছরে বাজারের কোনো উন্নয়ন হয়নি। এ ব্যাপারে সাবেক পৌর মেয়র আবুল কালামের কাছে তিনবার আবেদন করেও কোনো ফল হয়নি। বর্তমান পৌর মেয়রের কাছেও আবেদন করা হয়েছে।’ পৌর ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম ওয়াহেদী জানান, ‘বাজারের অবস্থা খুবই খারাপ। এর উন্নয়নে পৌর কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।’ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম শামসুদ্দিন আজাদ প্রথম আলোকে বলেন, ‘বাজার নিলামের মাধ্যমে পৌরসভার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও উন্নয়ন হয়নি সেভাবে। তবে আগামী অর্থবছরে বাজারের উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে।’ পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘বাজারটির বর্তমান স্থাপনা ভেঙে একটি আধুনিক বহুতল সুপার মার্কেট নির্মাণের জন্য পরিকল্পনা, নকশা, প্রাক্কলন ইত্যাদি প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয়ের লাল ফিতার দৌরাত্ম্যের কারণে তা আটকা পড়ে আছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, ‘ইজারার ৪৫ শতাংশ টাকা দিয়ে বাজার সংরক্ষণ, মেরামত ও উন্নয়ন করার কথা। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকেই উদ্যোগ নিতে হবে।’