সীতাকুণ্ড পৌরসভার ১৮ হাজার পরিবার গ্যাস পায়নি
পৌরসভা প্রতিষ্ঠার নয় বছর পেরোলেও সীতাকুণ্ড পৌরসভার ১৮ হাজার পরিবার এখনো গ্যাস পায়নি। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের ১৬টি গ্রামে গ্যাস যায়নি। স্থানীয় অনেকেরই অভিযোগ, তাঁরা তিন বছর আগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র ও টাকা জমা দিয়েও এখনো গ্যাস পাননি। সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০১ সালের ১ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভা গঠিত হওয়ার পর থেকে পৌরবাসী এলাকায় গ্যাসের সংযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে তাঁরা গ্যাসের জন্য বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের কাছে আবেদনও জানিয়েছেন। কিন্তু এখনো গ্যাস না পাওয়ায় ইদিলপুর, শিবপুর, নুনাছড়া, আমিরাবাদ, মৌলভিপাড়া, শেখনগর, শেখপাড়া, নিজতালুক, মাস্টারপাড়া, হাজীপাড়া, দীঘিরপাড়া, এয়াকুবনগর, নলুয়াপাড়া, উত্তর ইদিলপুর, উত্তর মহাদেবপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহিরুল আলম, জাকির হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান বলেন, ‘টাকা জমা দিয়েছি দুবছর আগে, এখনো গ্যাস পাইনি। কবে পাব তা-ও জানি না।’ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল আলম জানান, তিন বছর আগে এলাকার অনেকে নিজ উদ্যোগে বাখরাবাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন এবং ঠিকাদারের কাছে টাকা জমা দিয়েছেন। কিন্তু ঠিকাদার ‘হচ্ছে হবে’ করে গড়িমসি করছেন। পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মাসুদা খায়ের বলেন, ‘নিজের বাসায়ই গ্যাস যায়নি, অন্যদের কথা কী বলব।’ ঠিকাদার জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় নতুন গ্যাসসংযোগ বন্ধ রয়েছে। সংযোগ দেওয়া শুরু হলে যাঁরা চাহিদাপত্র জমা দিয়েছেন তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ পাবেন। ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাইমুন উদ্দিন প্রথম আলোকে জানান, ২০০৩-০৪ সালে শফিউল আলম পৌর চেয়ারম্যান থাকার সময় ২, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে গ্যাসসংযোগ দেওয়ার ব্যাপারে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। এর ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ অবকাঠামো তৈরির জন্য দেড় কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে। ২০০৫ সালে সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক সংসদ সদস্য এল কে সিদ্দিকী সেটা বাতিল করে পুরো পৌর এলাকায় গ্যাস আনার মতো অবকাঠামো তৈরির লক্ষ্যে ১১ কোটি টাকার আরেকটি প্রকল্প তৈরি করেন। কিন্তু পৌরসভায় তহবিল না থাকায় তা বাস্তবায়নের মুখ দেখেনি। সীতাকুণ্ড পৌরসভার মেয়র শফিউল আলম বলেন, ‘গ্যাসসংযোগ দেওয়ার বিষয়টি দেখে থাকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এ বিষয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপক (চট্টগ্রাম উত্তর) লোকমান হোসেন বলেন, ‘পৌরসভার কিছু কিছু এলাকায় গ্যাসসংযোগ আছে। পর্যায়ক্রমে পুরো পৌর এলাকায় গ্যাসসংযোগ দেওয়া হবে।’