সীতাকুণ্ড-মিরসরাইয়ে ভেসে গেছে চার শ একর জমির ফসল
টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড ও মিরসরাইয় উপজেলার পাঁচ ইউনিয়নের অন্তত চার শ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি কমে গেলেও এখনো ওই সব জমি থেকে পানি নামেনি। এর মধ্যে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের তিনটি গ্রামের মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। কৃষি বিভাগ ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে জানাতে না পারলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মতে দুই উপজেলায় অনন্ত পাঁচ কোটি টাকার ফসলহানি হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে চার দিনের বৃষ্টিতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড, মুরাদপুর, বারৈয়ারঢালা ও সৈয়দপুর ইউনিয়নের ২৭১ একর কৃষিজমি এখন পানির নিচে। এসব জমিতে কৃষকেরা মরিচ, টমেটো, ঢ্যাঁড়স, ঝিঙে, মিষ্টি আলু, করলাসহ নানা ধরনের সবজি চাষ করেছিলেন। অন্যদিকে মিরসরাইয়ের খৈয়াছড়ার এক শ একর জমির পাকা ধান তলিয়ে গেছে।
সীতাকুণ্ডের বারৈয়ারঢালা, মুরাদপুর ও সৈয়দপুরে গিয়ে দেখা গেছে, এসব এলাকার ফসলিজমিতে এখনো পানি জমে আছে। পানিতে ভাসছে টমেটো, মরিচসহ বিভিন্ন সবজি।
বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামের কৃষক গোলাম নবী প্রথম আলোকে বলেন, তিনি ৩ একর ২০ শতক জমিতে ২ লাখ ৮০ হাজার টাকা খরচ করে টমেটো চাষ করেছেন। পাহাড়ি ঢলে তাঁর জমির সব ফসল পচে গেছে। বৃষ্টির আগে তিনি দেড় লাখ টাকার মতো টমেটো বিক্রি করতে পেরেছেন। বৃষ্টি না হলে এবার তাঁর সাত থেকে আট লাখ টাকার টমেটো বিক্রি হতো।
মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার মডেল কৃষক মোহাম্মদ আলী বলেন, তিনি আট একর জমিতে টমেটো, চিচিঙ্গা, ঝিঙে, ঢ্যাঁড়স, ধুন্দুল চাষ করেছেন। খরচ হয়েছিল সাড়ে তিন লাখ টাকা। বৃষ্টির আগে মাত্র ৪০ হাজার টাকার সবজি বিক্রি করতে পেরেছেন। এখন তাঁর সব ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি না হলে অন্তত ১৪ লাখ টাকার সবজি বিক্রি করতে পারতেন বলে জানান তিনি।
সীতাকুণ্ড উপজেলা কৃষি সুশান্ত সাহা বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ২৭১ একর জমির ফসল নষ্ট হয়েছে। উপজেলার ৫৫০ জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ জন্য অবশিষ্ট জমির ফসল যাতে নষ্ট না হয়, তাই উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে। ফসলের গোড়া পচা রোগ যাতে না হয়, সে জন্য ছত্রাকনাশক ওষুধ দিতে বলা হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়ে পুরো ক্ষতির চিত্রটা তুলে আনা হচ্ছে। তিনি কৃষক, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ক্ষতির হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সহযোগিতা চাওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন প্রথম আলোকে বলেন, উপজেলার চারটি ইউনিয়নের অন্তত চার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। সরকারি অনুদান পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।
এদিকে মিরসরাইয়ে পাহাড়ি ঢলে এক শ একর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। গত মঙ্গলবারও উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তিন গ্রামের মানুষ পানিবন্ধি ছিল। ফেনাফুনি গ্রামের বাসিন্দা কৃষক মো. নুরুল মোস্তফা বলেন, তাঁর ৮০ শতক জমির বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি, কৃষি বিভাগের লোকজন তাঁদের খবর নেননি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. বুলবুল আহম্মদ প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ে প্রায় এক শ একর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির আগে কৃষকদের পরামর্শ ছিল ৭০ শতাংশ ধান পাকলে তা কেটে ফেলতে। কিন্তু অনেকে তা করেননি। তা করলে এত বড় ক্ষতি হতো না। কোনো ধরনের অনুদান পাওয়া গেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক নির্মাণের কাজ চলতে থাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।’