সীতাকুণ্ড যুবলীগে কোন্দল, একজন খুন
ঠিকাদারি আধিপত্য ও দলের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সীতাকুণ্ড পৌর যুবলীগের সদস্য ও পন্থিছিলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি এমানুল হককে (২৮) সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরপরই যুবলীগের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ১৫-২০টি যানবাহন এবং ১০-১২টি দোকান ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। জানা গেছে, চীনা কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল লডির বালু সরবরাহ নিয়ে যুবলীগের দুই উপদলের (গ্রুপ) মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় এনামকে একা পেয়ে পাঁচ-ছয়জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। আহত যুবলীগ নেতা এনামকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে পরে রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত এনাম সীতাকুণ্ড সদরের পন্থিছিলা হাজিপাড়ার মুক্তিযোদ্ধা শাহ আলমের ছেলে। পুলিশ ওই রাতে এয়াকুবনগর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ কর্মী বাবুল ইসলামকে আটক করে। গত মঙ্গলবার এলাকার বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত এনাম পন্থিছিলা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নাম দিয়ে ক্লাব বানান। তিনি ওই ক্লাবের সভাপতি। সেখানে তিনি ১৫-২০ সদস্যের একটি উপদল সৃষ্টি করে এলাকায় নানাভাবে প্রভাব খাটাতে শুরু করেন। তাঁর নেতৃত্বে এলাকায় স্থানীয় সংসদ সদস্য আবুল কাশেমকে অতিথি করে বিভিন্ন অনুষ্ঠানও করেন। ২০০৭ সালে রাজনৈতিক আধিপত্য নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার মাইমুনউদ্দিনের সঙ্গে যুবলীগ নেতা এনামের বিরোধ সৃষ্টি হয়। মামুনের সব কাজে তিনি বিরোধিতা করতে থাকেন। যার প্রভাব পড়ে পৌর নির্বাচনে। মামুনকে পরাজিত করার জন্য এনাম নিজে প্রার্থী হন। অভিযোগ করা হয়, নির্বাচনে এনামের বিরোধিতার কারণে মামুন পরাজিত হন। এটা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চরমে ওঠে। গত দুবছরে তাঁদের মধ্যে চারবার সংঘর্ষ হয়। সে কারণে এনামের অনুসারীদের অনেকে খুনের ঘটনার সঙ্গে মামুন জড়িত বলে জানান। তবে এনাম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আওয়ামী লীগ নেতা মাইমুনউদ্দিন জানান, ‘আমার কোনো গ্রুপ নেই। তার সঙ্গে আমার কোনো বিরোধও নেই। তবে তার কোনো কাজে সমস্যা হলে আমাকে দোষারোপ করত। সে নিজের গ্রুপের লোকদের হাতে খুন হয়েছে।’দুইবার মেম্বার, একবার কমিশনার এবং এলাকার বিভিন্ন ঠিকাদারি কাজে তাঁর আধিপত্যের কথা স্বীকার করে পন্থিছিলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম কোরেশী জানান, ‘নিহত এনাম এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে সুনাম সৃষ্টি করেছেন। আধিপত্যের কারণেই তাঁকে খুন হতে হয়েছে।’এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, ‘তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তকে কী কারণে এবং কারা খুন করেছে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলেনি।’