সীতাকুণ্ডে আদিবাসী মেয়েদের বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাম ত্রিপুরার স্ত্রী জ্যোৎস্না ত্রিপুরার (২৬) বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে। তিন মেয়ের মা হয়েছেন তিনি। বড় মেয়ের বয়স ১৩ বছর। তার জন্য এখন পাত্র খোঁজা হচ্ছে। এ রকম সীতাকুণ্ড উপজেলার আদিবাসী পল্লির মেয়েদের বিয়ে দেওয়া হয় ১২-১৫ বছর বয়সে। শিক্ষা ও সচেতনতার অভাবে বয়স এবং শারীরিক উপযুক্ততার কথা না ভেবে শিশু তথা বাল্যবিবাহের প্রবণতা দেখা যায় বলে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। পৌর এলাকার মহাদেবপুর পল্লির প্রধান কুশ ত্রিপুরা জানান, গত ছয় (৬) মাসে এ পল্লির তিন মেয়ের বিয়ে হয়েছে। এর মধ্যে দুজনের বয়স ১৪, অপর জনের ১৯ বছর। এ বছর ২৫ এপ্রিল ১৪ বয়সের গীতাশ্রী ত্রিপুরার সঙ্গে বিয়ে হয় একই গ্রামের গোকুল ত্রিপুরার (২৭)। কুশ ত্রিপুরা জানান, এ গ্রামে প্রায় ৪৫ পরিবারের বসবাস। আদি পেশা পাহাড় পরিষ্কার করে জুমচাষ করা। তিনি জানান, ‘এখানে শিক্ষার হার কম, উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ ছাড়া আদিবাসীদের মধ্যে রয়েছে সনাতন কিছু ধ্যান-ধারণা, তারা এসব থেকে বেরোতে চায় না।’ কম বয়সে বিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে গীতাশ্রীর মা পদ্মা ত্রিপুরা জানান, ‘মাইয়ার বিয়ত (বিয়ে) দিত হবে, তাই দিয়ে দিলাম।’ ‘১২-১৫ বছরের মধ্যে বিয়ে না হলে সেই মেয়েকে ‘আইবুড়ো’ বলা হয়। ১৫ বছরের বেশি বয়স হলে মেয়ের জন্য বর পেতে অনেক টাকা খরচ করতে হয়। আর বয়স ১৬-১৭ হলে তো আরও বিপদ। সমাজের লোকজন নানা কথা বলে। এ জন্য এ গ্রামের মেয়েদের ১২-১৫ বছরের মধ্যেই বিয়ে হয়ে যায়।’ কথাগুলো বলছিলেন সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর আদিবাসী গ্রামের রবীন্দ্র ত্রিপুরার স্ত্রী লক্ষ্মী ত্রিপুরা (৪৩)। তিনি তিন ছেলের জন্য কনে এনেছেন ১৩-১৪ বছর বয়সী। উপজেলার ছোট কুমিরা আদিবাসী গ্রামের যতীন্দ্র ত্রিপুরা (৩৮) জানান, তাঁদের গ্রামে ৩৫টি আদিবাসী পরিবার বাস করে। গ্রামে শিক্ষার হার খুবই কম। দু-একজন ছাড়া বেশির ভাগ নারী প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনাও শেষ করেনি। অবশ্য আট-নয় মাস আগে এখানে একটি স্যাটেলাইট বিদ্যালয় হয়েছে। চন্দ্রমতি ত্রিপুরা (২৫) জানান, মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। এখন তাঁর দুই মেয়ে। বড় মেয়ের বয়স ছয় এবং ছোটটির বয়স দুই বছর। প্রায় একই কথা জানালেন মোহনী ত্রিপুরা (২০), কুসুম ত্রিপুরাসহ (২৩) কয়েকজন গৃহবধূ। সীতাকুণ্ড পৌরসভার নারী কাউন্সিলর মাসুদা বেগম জানান, ‘আদিবাসীদের সচেতনতার জন্য শিক্ষার বড় প্রয়োজন। কিন্তু অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না।’ কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান বলেন, ‘ইউনিয়ন থেকে তাদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। অথচ সে সেবা নিতে তারা আগ্রহী নয়।’ বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, ‘খবর পেলে আমরা বাধা দিই। এরপরও এরা সচেতন হয় না।’