সীতাকুণ্ডে উজাড় হচ্ছে উপকূলীয় বনাঞ্চল

প্রায় ১১ হাজার একর আয়তনবিশিষ্ট সীতাকুণ্ড উপকূলীয় বনাঞ্চল উজাড় হচ্ছে। দুর্বৃত্তরা নিয়মিত গাছ কেটে নিলেও লোকবলসংকটের কারণে গাছ চুরি ঠেকাতে পারছে না বন বিভাগ।
সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ি থেকে ডোমখালী পর্যন্ত তিনটি বিটে ১০ হাজার ৯৭১ একর ভূমিতে কেওড়া জাতীয় গাছের উপকূলীয় বন সৃজন করা হয়েছে। তবে এই বনভূমি দেখভালের দায়িত্বে আছেন একজন রেঞ্জ কর্মকর্তা, দুজন ফরেস্টার, পাঁচজন ফরেস্ট গার্ড, তিনজন মালি ও ছয়জন নৌকাচালক।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার সোনাইছড়ি ও কুমিরার বেশির ভাগ এলাকা এবং বাঁশবাড়িয়া ও বারবকুণ্ডের কিছু অংশের উপকূলীয় বন পুরোপুরি উজাড় হয়েছে। বাঁশবাড়িয়া থেকে ডোমখালী পর্যন্ত গাছের ঘনত্ব বেশি। তবে সেখানে গিয়েও গাছ কাটার আলামত চোখে পড়েছে।
বাঁকখালী ফেরিঘাটের খালের দুই পাশে একসময় অনেক কেওড়াগাছ থাকলেও এখন সেখানে বিরান ভূমি। ২২ জানুয়ারি বাঁকখালী ফেরিঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। ঘাটের ১০০ গজ দূরে সারি সারি গাছ। তবে সেখানে ঢুকেও কাটা গাছের গুঁড়ি দেখা গেছে। এমনিক সদ্য কেটে রাখা গাছও দেখা গেছে। বাঁকখালী ফেরিঘাট থেকে এক কিলোমিটার দূরে ভাটেরখীল উপকূলীয় বনভূমিতে গিয়ে কয়েকজন কাঠুরেকে গাছ কাটতে দেখা গেছে। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বনে অসংখ্য কাটা গাছের গুঁড়ি দেখতে পাওয়া যায়। এ সময় বন বিভাগের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। বিট কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকায় দায়িত্ব পালন করেন বাগান মািল এরশাদ হোসেন। মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্যক্তিগত কাজে তিনি বাইরে ছিলেন।
বনের পাশের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রতিদিন দিনের বেলায় গাছ কেটে ফেলে যায়। বন বিভাগের লোকজন বিকেলে চলে গেলে সুযোগ বুঝে তারা গাছগুলো নিয়ে যায়।
তবে ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে না বলে দাবি করেন উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা আবদুল হামিদ খান। তিনি বলেন, ‘সীতাকুণ্ড উপকূলে তেমন গাছ কাটা হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা কিছু গাছ কাটতে পারে। খবর পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’