সীতাকুণ্ডে এক মাসে পাঁচ খুন
ফেব্রুয়ারি মাসে সীতাকুণ্ডে পাঁচজন খুন হয়েছেন। ঘটনার পর সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে তিনটি। এ ছাড়া একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। অপর একটি ঘটনায় এখনো মামলা হয়নি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
পুলিশ সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর এলাকার সাগরপাড় থেকে এক বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। তবে বৃদ্ধের পরিবারের সদস্যরা জানান, তাঁর মানসিক সমস্যা ছিল। বেশির ভাগ সময় সাগরপাড়ে বসে থাকতেন। পরিবারের ধারণা, ইটের মধ্যে পড়ে আহত হয়ে তিনি মারা গেছেন।
এর এক দিন পর উপজেলার কুমিরা ইউনিয়নের নিউরাজাপুর আবু তাহেরের ভবনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক তরুণীকে (২৫) সিএনজিচালিত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন গভীর রাতে মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। তার গায়ে আঘাতের কোনো চিহ্ন না থাকায় ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামে নিজ বাড়ির সামনে খুন হন ইউনিয়ন যুবদল কর্মী নিজামুল করিম ওরফে সবুজ (৩০)।
এরপর ১২ ফেব্রুয়ারি উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর সড়কের নাগরদোলা রেস্টুরেন্ট এলাকায় সাগরপাড় থেকে অজ্ঞন চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ দুটি ঘটনায়ও হত্যা মামলা দায়ের করে পুলিশ।
২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে এক বৃদ্ধ খুন হয়েছেন। রেলওয়ে কলোনি এলাকায় জায়গা দখল নিয়ে উপজেলার জোড়আমতল বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর প্রতিপক্ষের হামলায় মোস্তফা আলম ওরফে কালু সেরাং (৬৫) নামের ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় এখনো মামলা হয়নি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাগুলোর তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত আরও জোরদার হবে। তা ছাড়া চারটি ঘটনার মধ্যে একটি সীতাকুণ্ডে ঘটেছে। আমার ধারণা, দুটি খুন বাইরে হয়েছে, লাশ ফেলেছে সীতাকুণ্ডে। প্রতিটি ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে চারটি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। কুমিরার মছজিদ্দা এলাকার বাসিন্দা দিবাকর দাস বলেন, সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কয়েক দিন পর পর খুনের ঘটনা পত্রিকায় আসছে। সীতাকুণ্ড অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে।