সীতাকুণ্ডে এক সপ্তাহে ৪ কোটি টাকার ইলিশ বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপকূলে গত সপ্তাহে প্রায় চার হাজার মণ ইলিশ ধরা পড়েছে জেলেদের জালে। ৮০০-৯০০ গ্রাম থেকে পৌনে দুই কেজি ওজনের এসব মাছ প্রায় চার কোটি টাকায় বেচাকেনা হয়েছে। অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রচুর মাছ ধরা পড়ায় জেলে-ব্যবসায়ীরা খুশি হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেকেই হতাশ। কারণ, বেশি মাছ পাওয়ার সুবিধাটা ভোগ করেছেন পাইকার ও মহাজনেরা। মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান, গত সপ্তাহে (বুধবার পর্যন্ত) সীতাকুণ্ডের পাঁচটি বাজারে ইলিশের জমজমাট বেচাকেনা চলে। তবে দাম ছিল মৌসুমের চেয়ে অনেক কম। দাদন ব্যবসায়ীরা লগ্নি করা টাকা শোধ করার জন্য চাপ দেওয়ায় জেলেদের কম দামে মাছ বিক্রি করতে হয়েছে। কোনো কোনো দাদন ব্যবসায়ী নৌঘাটে গিয়ে কম দামে মাছ কিনে নিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। উপজেলার পৌরসদরের মোহন্তের বাজার, বাড়বকুণ্ড বাজার, জোড়ামতল বাজারের পাইকারি মাছ ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীতাকুণ্ড এলাকায় শীতকালে এ রকম ইলিশ ধরা পড়ার তেমন নজির নেই। মৌসুমে ৭০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ ১২-১৩ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। শীত আসার পর তা প্রতিমণ ১৬ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে নয় হাজার থেকে ১০ হাজার টাকায়। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিমণ ১২ হাজার টাকা। একই ওজনের মাছ মৌসুমে বিক্রি হয়েছে ১৫-১৬ হাজার টাকা মণ। জেলে ও সাধারণ ব্যবসায়ীরা জানান, শীত মৌসুম হওয়ায় বর্তমানে বরফের দাম কম। তাই বেচাকেনা এবং সংরক্ষণে পাইকারেরাই বিশেষ সুবিধা ভোগ করছেন। কুমিরাঘাটের জেলে রবীন্দ্র জলদাস জানান, ‘এই সময়ে নদীতে থাকে জাটকা ইলিশ। এমন বড় আকারের ইলিশ মৌসুমেও পাইনি।’বাড়বকুণ্ড বাজারের মাছ বিক্রেতা বাদল, ইসমাইল ও আলমগীর বলেন, ‘সাগরে হঠাৎ ইলিশ ধরা পড়ায় মাছ ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। গত সপ্তাহে মৌসুমের তুলনায় অনেক বেশি ইলিশ এসেছে বাজারে।’ সীতাকুণ্ড পৌরসদরের মোহন্তের বাজারের খুচরা মাছ ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানান, মৌসুমে প্রতিকেজি মাছ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকা বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। সীতাকুণ্ড জেলে সমন্বয় পরিষদের সভাপতি হরিলাল জলদাস জানান, ‘অসময়ে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে মহাজনদের অত্যাচার কমেনি। তাঁরা ঋণ পরিশোধের কথা বলে ঘাট থেকেই জেলেদের মাছ কম মূল্যে কিনে নিচ্ছেন বলে অনেক জেলে আমাদের কাছে অভিযোগ করেছেন।’ যোগাযোগ করলে উপজেলা মৎস্য কর্মকর্তা মৃণাল কান্তি মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরে কড়া নজরদারির ফলে উপকূলে জাটকা নিধন বন্ধ হয়েছে। বর্তমানে এর সুফল পাওয়া যাচ্ছে।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই আকস্মিকভাবে ইলিশের দেখা তেমন মিলছে না।